মার্চ ১৯৭১। ঢাকা উত্তপ্ত কেটলিতে ফুটন্ত পানির মতো টগবগ করছে। কেটলির নিচের এই আগুনটা বাহ্যত চাপা কিন্তু তুষের আগুনের মতো শক্ত। অসংখ্য ছোট বুদ্বুদ সশব্দে তীব্র রোষে ছুটছে। তারপর ওপরের দিকে অযাচিতভাবে ফেটে পড়ছে।
এই সব বুদ্বুদের মতো ঢাকার ছেলেদের, বিশেষ করে ছাত্রদের দেখা যাচ্ছে সর্বত্র। একটি বাড়িতে ছিল এক পশ্চিম পাকিস্তানির বসবাস। ছেলেরা সিদ্ধান্ত নিল এই লোকটাকে শিক্ষা দেবে। কোনো অপরাধের জন্য নয়; শিক্ষা হওয়া দরকার পরিচয়ে একজন পশ্চিম পাকিস্তানি হওয়ার কারণে। এ বিষয়ে ওরা সলাপরামর্শ করে ফন্দি আঁটল।
রাত সাড়ে দশটা। সে ঘুমানোর জন্য তৈরি হচ্ছে। বাড়ির সামনে তখন বিশ-পঁচিশজন ছেলেছোকরার একটা দল জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করল, ‘জয় বাংলা! শেখ মুজিব জিন্দাবাদ!’
স্লোগান চলতে থাকে। ওরা গেলে সে ঘুমাবে, অপেক্ষা করে। ছেলেগুলো চলে গেলে বিছানায় গা এলিয়ে দেয়। এক ঘণ্টা পর আরেকটা দল এসে হাজির। পনেরো মিনিট ধরে ক্রমাগত উচ্চ স্বরে স্লোগান দিতে থাকে যতক্ষণ না এপাশ–ওপাশ করতে করতে লোকটি জেগে ওঠে। ওদের চলে যাওয়ার পর আবারও সে ঘুমানোর চেষ্টা করে। মাত্র চোখটা লেগেছে, অমনি আরেক দল এসে খাড়া। এক ঘণ্টা পর চতুর্থ আরেকটা দল...দুই ঘণ্টা পর পঞ্চম দল! তাকে নির্ঘুম রাখার জন্য ওরা বিরতি দিয়ে সারা রাত ধরে এভাবে আসতেই থাকে।
পরের রাতগুলোও এভাবে চলতে থাকে। পার্থক্য হলো, ছেলেদের দল এখন দরজায়ও ঠকঠকিয়ে যায়। তৃতীয় রাতে অনিদ্রায় চোখ ফুলে ওঠে, চোখের পাতা ভারী হয়ে আসে, মাথায় জট পাকিয়ে যায়। স্লোগান শুরু হতেই সে ভেতর থেকে ভয়ে আর্তনাদ করে ওঠে। ছেলেগুলো এবার সোজাসাপটা বলে দেয়, ‘বলো, জয় বাংলা, তবেই রেহাই পাবে!’
তার উত্তরও ছিল একদম সোজা; এক নিশ্বাসে কয়েকটি অভিশাপ এবং প্রস্তাব প্রত্যাখ্যান। এরপর আগের মতোই স্লোগান ও জমায়েত চলতে থাকে।
সারা রাত একটি ছোট দল এসে জ্বালাতন করে যায়, ‘একবার জয় বাংলা বললেই আমরা চলে যাব!’ সে–ও গোঁ ধরে, কোনোভাবেই ওই কথা বলতে রাজি নয়। সে এই উৎকণ্ঠিত শহরে চতুর্থ রাতটিও পার করে এবং যথারীতি ছেলেরা স্লোগান দেয়। দরজায় ঠকঠক করে। পুলিশে নালিশ করেও লাভ হয়নি কিছু। পঞ্চম রাতে অঘুমের কারণে আর কোনোভাবেই দাঁড়াতে পারছিল না সে। জানালা দিয়ে মুখটা বের করে চিৎকার করে বলে, ‘জয় বাংলা!’
ছেলেছোকরার দল হাততালি দিয়ে চলে যায়। অন্য আরেকটা দল, যারা এখনো জানে না তার আত্মসমর্পণের কথা, অন্য দিনের মতো আজও এসে হাজির হয়। দরজা নক করে তার মুখে স্লোগান শুনতে চায়।
কাঁথার নিচ থেকে ‘জয় বাংলা!’ বলে দিলে এই দলটাও চলে যায়। সে রাতে ফের যখন দরজায় শব্দ হয়, সে তখন বন্ধ চোখে, আধখোলা মুখে আরেকবার বলে দেয়, ‘জয় বাংলা!’...তারপর ঘুম।
কিন্তু সে রাতটি ছিল ২৫ মার্চের...
আর্মি নেমেছে ‘বিদ্রোহী’দের পেছনে। হামলা করেছে তাদের দুর্গে। শহরের চারদিক থেকে আসছে ক্রমাগত গুলির শব্দ। এদিকে পাঁচ দিন অনিদ্রার পর সে চেষ্টা করছিল একটু ঘুমানোর।
রাতের শেষ অংশে আবারও কড়া নড়ে ওঠে।
‘জয় বাংলা!’ ভেতর থেকে সে চিৎকার করে।
সৈন্যরা দরজার বাইরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। ওরা আরও একবার দরজার কড়া নাড়ে।
‘জয় বাংলা!’
এবার সেনাদলের ইনচার্জ প্রচণ্ড জোরে দরজায় আঘাত করে। গর্জন করে ওঠে, ‘খোল্!’
আধো ঘুমে আধো জাগরণে সে পরিস্থিতিটা ঠিক বুঝে উঠতে পারে না, ‘জয় বাংলা! জয় বাংলা!’
ইনচার্জ একজন সেনাকে ইশারা করে। সৈন্যটি স্টেনগান তুলে নেয়।
মুহূর্তের মধ্যে তার দেহ বিছানায় লুটিয়ে পড়ে। একটু কেঁপে ওঠে। তারপর একদম চিরনিদ্রা।