অদ্ভুত

সোনালিপুর গ্রামে একটি বাড়িতে চলছে কান্নার রোল। এ বাড়ির ছেলে বনে গাছ কাটতে গিয়ে মারা গেছে। সবাই মনে করছে এটা কোনো ভূতের কাজ। কারণ, গত দুই সপ্তাহে এই নিয়ে দুজন মারা গেল।
‘হোয়্যার উই উইল গো টু স্পেন্ড দিস ভ্যাকেশন?’ জিজ্ঞাসা করল হ্যারি।
‘আই থিঙ্ক... টু হেল!’ উত্তর দিল মোনালি। সে আরও বলল, ‘দু বছর হলো তুই ইংল্যান্ড থেকে এসেছিস। এখনো বাংলা বলতে পারিস না?’
বনি বলল, ‘বাদ দে। আচ্ছা, খুলনায় গেলে কেমন হয়?’
আকাশ বলল, ‘না না। আমরা যাব সোনালিপুর!’
ওরা সবাই মিলে সোনালিপুর যাচ্ছিল। আকাশের ছোট চাচ্চুকে হ্যারি বলল, ‘রিয়েলি? হিয়ার পিপল আর ডায়িং ইন দ্য ফরেস্ট!’
চাচা বললেন, ‘ইয়েস ডিয়ার।’
‘খুলে বলো তো ঘটনাটা’, মোনালি বলে।
চাচ্চু বললেন, ‘গত এক মাসে এই গ্রামে চারজন মারা গেছে। সবাই কাঠুরে। সবাই গাছ কাটতে গিয়ে মারা যায়। সবার গলায় হাতের আঁচড়ের দাগ। কিন্তু বনের পাশে যারা মাছ ধরতে যায়, তাদের কিছু হয়নি।’
আকাশ বলল, ‘স্ট্রেঞ্জ!’
কাঠুরে সেলিম কুড়াল হাতে বনে গাছ কাটছিল। হঠাৎ শোনা গেল একটা কণ্ঠস্বর, ‘গাছ কেটো না।’
সেলিম দেখতে পেলো একটা ভয়ংকর লোককে। চোখ লাল, মণি অস্বাভাবিক ছোট। সারা গায়ে বালু লেগে আছে।
সেলিম ভয়ে ভয়ে বলল, ‘তুই এখানে কী করছিস?’
লোকটা শুধু বলল, ‘তোকে মারব।’ বলেই হাত বাড়িয়ে দিল।
এমন সময় ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল হ্যারি, আকাশ, বনি আর মোনালি।
ভয়ে ভয়ে বনি বলল, ‘কে তুমি? ওদের কেন মারছ?’
লোকটা বলল, ‘আমি সীমন। আমি গাছ খুব ভালোবাসতাম। আমি বাধা দিতাম বলে কাঠুরেরা এই বনে গাছ কাটতে পারত না। কিন্তু একদিন তারা আমাকে বনের পাশে একটা চোরাবালিতে ফেলে দেয়। সেই থেকে আমি অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াই।’
হ্যারি ভাঙা ভাঙা বাংলায় বলল, ‘ও! এ-ই জন্য টুমি ওডের মে-রেচ!’
সীমন ভূত বলল, ‘না। আমাকে মেরেছে, সে জন্য নয়। ওরা বনের অনেক বড় বড় গাছ কেটেছে। সেলিমও ওদের দলে। এখন আমি ওকে মারব।’
‘না। তুমি এ কাজ করতে পারো না।’ মোনালি আঁতকে উঠল।
‘তাহলে গ্রামের সবাইকে বলো, এখানে আর গাছ না কাটতে।’
‘ঠিক আছে। তাই হবে।’ বলে ওরা সেলিমকে নিয়ে গ্রামে ফিরে এল।
‘কী হয়েছে?’ ঘুম ঘুম চোখে ফোন ধরে বলল আকাশ।
‘ভয়ংকর ঘটনা! মনে হচ্ছে সীমন ভূত হ্যারির ওপর ভর করেছে।’ ফোনের ওপাশে বলল মোনালি। ‘হ্যারি পরিষ্কার বাংলায় বিভিন্ন গাছ সম্পর্কে বর্ণনা করছে!’
আকাশের চোখ কপালে উঠল, ‘স্ট্রেঞ্জ!’
শুনতে পেলো, ওপাশে হ্যারি বলছে, ‘স্ট্রেঞ্জ না। বলো অদ্ভুত!’
ষষ্ঠ শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল।
বসুন্ধরা, দিবা শাখা।