অমির ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আহসান হাবীব
আঁকা: আহসান হাবীব

অমি খুব চিন্তায় পড়ে গেছে। এবার ঈদে তার নতুন শার্ট-প্যান্ট হচ্ছে না। মা বলেছে, বাবার অফিসে সমস্যা। বেতন হয়নি, কাজেই...। সেটাতে সমস্যা নেই। না হয় গত ঈদেরটাই ধুয়ে ইস্তিরি করে পরা যাবে। বন্ধুরা কেউ টেরও পাবে না যে এটা গত ঈদের, এখনো নতুনের মতোই আছে। কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। সেটা নিয়েই অমির চিন্তা। অমিদের বাসায় টিভি নেই। তাই প্রতি ঈদেই অমি রন্টুদের বাসায় গিয়ে টিভির অনুষ্ঠান দেখে। কিন্তু এবার রন্টুর সঙ্গে অমির মারামারি হয়ে গেছে। বেশ ভালো মারামারি। অমি রন্টুর শার্টের কলার টেনে ছিঁড়ে ফেলেছে আর রন্টু ছিঁড়েছে ওর শার্টের পকেটটা। ব্যাপারটা ঘটেছে মারামারির সময়...দুজনে জাপটাজাপটি করে যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তখন হঠাৎ অমি দেখে ফরফর করে ছিঁড়ে গিয়ে রন্টুর শার্টের পুরো কলারটা তার হাতের মুঠোয়।
‘তুই আমার কলার ছিঁড়লি?’ বলেই রন্টু এক টান দিয়ে তার পুরো পকেটটা টেনে ছিঁড়ে নিয়েছে। এটা অবশ্য দুই দিন আগের ঘটনা। সেই থেকে দুজনের মুখ-দেখাদেখি বন্ধ, কথাও বন্ধ। এখন এই অবস্থায় তো আর রন্টুর বাসায় গিয়ে ঈদের অনুষ্ঠান দেখা সম্ভব নয়। এটাই অমির চিন্তার বিষয়।
বাবা অবশ্য প্রতিবছরই, বিশেষ করে ঈদের আগে আগে বলে, ‘এবার বোনাস পেয়েই একটা টিভি কিনে ফেলব। কত ইঞ্চি কেনা যায় বল তো অমি?’
তখন অমি আর বাবা মিলে ঠিক করে কত ইঞ্চি কেনা হবে। তারপর কোন কোম্পানির কেনা হবে, সেটা নিয়েও গবেষণা হয় কিছুক্ষণ। এবং সব শেষে টিভিটা কোন ঘরে রাখা হবে, সেটা নিয়েও চলে বিশদ গবেষণা। এ সময় বাবা মায়ের মতামত জানতে চান, ‘আচ্ছা, বলো তো, টিভিটা কোন ঘরে রাখা যায়?’
তখন মা একটা হুংকার দেন, ‘এসব ফালতু আলাপ বন্ধ করো তো। এই অমি, যা তো দোকান থেকে বাকিতে এক হালি ডিম নিয়ে আয়।’
এ রকম চমৎকার আলাপের ছন্দপতন ঘটে। অমি বিমর্ষ মুখে ডিম আনতে যায়।
বিকেলের দিকে অমি সিদ্ধান্ত নেয় যে ঈদের অনুষ্ঠান তার না দেখলে কোনোভাবেই চলবে না। বিশেষ করে, ঈদের তৃতীয় দিনে চঞ্চল চৌধুরীর নাটকটা না দেখলে তার ঈদই মাটি হয়ে যাবে। সে ঠিক করল, রন্টুর সঙ্গে যেভাবেই হোক ঝগড়াটা মিটিয়ে ফেলতে হবে। রন্টু কমিকস পছন্দ করে। অমি তার প্রিয় একটা কমিকস নিয়ে রওনা দিল রন্টুর বাসার দিকে। কমিকসটা রন্টুকে একেবারে দিয়ে দেবে।
রন্টু তাদের বাসার সামনে সাইকেল চালাচ্ছিল। অমিকে দেখে সাইকেল থামাল। ভ্রু কুঁচকে বলল, ‘কী ব্যাপার?’
‘তোর জন্য একটা কমিকস এনেছি।’ বলে অমি কমিকসটা রন্টুর দিকে বাড়িয়ে দিল।
রন্টু কমিকসটা হাতে নিল। খুলে একটু উল্টেপাল্টে দেখল, তারপর হঠাৎ এক টানে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে সাইকেল নিয়ে বাসায় ঢুকে গেল। অমি যেন হতভম্ব হওয়ারও সময় পেল না। এই রন্টু তার বেস্ট ফ্রেন্ড ছিল!
অসম্ভব মন খারাপ করে অমি বাসায় ফিরে দেখে বাসার সামনের রাস্তা দিয়ে বাবা আসছেন একটা ভ্যানে চড়ে। ব্যাপার কী, বাবা ভ্যানে চড়ে আসছেন কেন? ভ্যানে বসা বাবাকে খুবই হাস্যকর দেখাচ্ছে। কাছে আসতেই অমি দেখে, বাবার পেছনে একটা বড় বাক্স। বাবা অমিকে দেখে বলল, ‘কী রে, হাঁ করে দেখছিস কী? টিভি কোন ঘরে বসাবি ঠিক কর এখনই। টিভি নিয়ে এসেছি। ২১ ইঞ্চি সনি টিভি।’
অমির হাত থেকে ছেঁড়া কমিকসটা পড়ে যায়। বাবা বলে, ‘কী রে, কমিকসটা ছিঁড়ল কীভাবে?’ অমি তার উত্তর না দিয়ে প্রচণ্ড এক চিত্কার দিল। কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। বেশি আনন্দ হলে বোধ হয় এমনটা হয়, কে জানে!