অম্ল-ক্ষারের যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

মিসেস রুনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। রসায়ন পড়ান। ইদানীং তিনি একটা বিশেষ বিষয় নিয়ে খুবই চিন্তিত। চিন্তার বিষয়—তাঁর চার বছর বয়সী একমাত্র ছেলে রুদ্র। সে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে চায় না। খুব চিন্তা-ভাবনা করে মিসেস রুনা একটা গল্প তৈরি করলেন। রাতে ঘুমুতে যাওয়ার সময় রুদ্রকে গল্প শোনাতে চাইলে রুদ্র বেশ অবাক হলো, তার জ্ঞানী মায়ের মুখে সাধারণত জ্ঞানী জ্ঞানী কথাবার্তা ছাড়া তেমন কিছু শোনা যায় না। আজ হঠাৎ গল্প শোনানোর প্রস্তাবে বেশ খুশি হলো রুদ্র। মিসেস রুনার গল্পটি ছিল অনেকটা এ রকম:
‘আমাদের মুখের ভেতর একপ্রকার প্রাণী থাকে, যাদের নাম অম্ল। রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন এরা দল বেঁধে আসে খাবারের খোঁজে। আমাদের মুখে যেসব খাবার লেগে থাকে, অম্লরা সেসব খাবার খেতে শুরু করে। খেতে খেতে একসময় তারা আমাদের দাঁত খাওয়া শুরু করে। ফলে আমাদের দাঁতে ক্ষয় হয়।’
‘আরেক প্রকার প্রাণী আছে, যারা আমাদের টুথপেস্টে বসবাস করে, তাদের নাম ক্ষার। ক্ষাররা অনেক শক্তিশালী হয়। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করি, তখন এই ক্ষারগুলো অম্লদের ওপর হামলা করে। তারপর আমাদের মুখের ভেতর শুরু হয় যুদ্ধ। অম্ল-ক্ষারের যুদ্ধ। ঢাল-তলোয়ার, ট্যাঙ্ক-মেশিনগান সবকিছু নিয়ে এই যুদ্ধ চলতে থাকে। যতক্ষণ আমরা দাঁত ব্রাশ করি, ততক্ষণ যুদ্ধ চলে এবং শেষ পর্যন্ত অম্লরা পরাজিত হয়। আর তাই টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে আমাদের দাঁত ভালো থাকে।’
এই গল্প শুনে রুদ্র শিহরিত হয়ে ঘুমুতে গেল। মিসেস রুনা ভাবলেন, কাল সকালে রুদ্র ঘুম থেকে উঠে ভালো ছেলের মতো টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবে, আর খালি ব্রাশ দিয়ে দাঁত মাজা চলবে না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, রুদ্র আর দাঁত মাজতে চায় না। টুথপেস্ট তো দূরের কথা, সে খালি ব্রাশ দিয়েও দাঁত মাজতে রাজি নয়। কারণ জিজ্ঞাসা করা হলে রুদ্র বলল, সে গত রাতে স্বপ্নে অম্ল-ক্ষারের যুদ্ধ দেখেছে। আ বাগ্স লাইফ ছবিতেও নাকি এভাবেই তেলাপোকারা পিঁপড়াদের ওপর হামলা করত। পিঁপড়াদের জন্য রুদ্রর খুব মায়া হতো। অম্লদের ওপর ক্ষারের এই হামলা দেখেও রুদ্রর খুব মায়া লেগেছে। তার ধারণা, ক্ষার বা টুথপেস্ট ছাড়া ব্রাশ করলেও অম্লরা ব্যথা পাবে।
এখন উপায়? রুদ্র ঠিক করেছে, এখন থেকে আর ব্রাশই করবে না!
অষ্টম শ্রেণি, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা।