আমার বাবা মস্ত জ্ঞানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এঁকেছে সাদাত আনোয়ার। সে ম্যাপেললীফ ইন্টারন্যাশনাল স্কুলে দশম শ্রেণিতে পড়ে
এঁকেছে সাদাত আনোয়ার। সে ম্যাপেললীফ ইন্টারন্যাশনাল স্কুলে দশম শ্রেণিতে পড়ে

এত্তা, মাত্তা, থুপ্পি, দই দিবিন না, এ কলিচি—এই পাঁচ শব্দই বাবার কাছে সারেগামাপা। আমার পায়ের পাঁচ আঙুলে এই শব্দগুলো দিয়েই বাবা হারমোনিয়াম বাজান। তাঁর কাছের মানুষগুলোকে এ রকম উদ্ভট নামেই ডাকেন। তবে ডাকগুলোর পেছনে অবশ্যই যুক্তিযুক্ত কারণ লুকিয়ে থাকে। ছোটবেলায় আমি নাকি মিছিমিছি দই বিক্রি করতাম। খদ্দেরকে ডাকতাম দই নেওয়ার জন্য। তখনো ভালো করে কথা ফোটেনি। তাই ‘দই নিবেন নাকি গো’ বলে হাঁক দিলে আমার মুখ থেকে শোনা যেত ‘দই দিবিন না।’ আমার পাঁচটা নামের পেছনেই বাবা এ রকম বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়ে রেখেছেন। বাবা যদি কখনো আমার আসল নাম ধরে ডাকেন, তখনই আমি বুঝে যাই, বাবার মন খারাপ।

বাবা খুব বেশি কথা বলেন না, আবার গম্ভীরও নন। সাংবাদিকতাকে পেশা নয়, নেশা হিসেবে নেওয়ার কারণে আমাদের খুব বেশি সময় দিতে পারেন না। একবার বাবার জন্মদিনে আমরা আইসক্রিম–কেক নিয়ে বসে আছি। বাবার কেক কাটার সময় নেই। হাতে ল্যাপটপ, কানে ফোন। এদিকে কেক গলে যাচ্ছে। তাঁকে কেক কাটার কথা বলতেই তিনি উদ্বিগ্ন গলায় বলে উঠলেন, ‘রাখো তো তোমার কেক, পুলিশ কমিশনার বদলি হয়ে যাচ্ছে!’ আমরা হো হো করে হেসে উঠি।
ইদানীং লক্ষ করছি বাবার বেশির ভাগ চুলই পেকে গেছে। আমি সুযোগ বুঝে একদিন কথাটা পাড়লাম।
‘বাবা, আপনার চুলগুলো কালো করে দিই? অথবা মেহেদি...’
‘না গো। আমি আমার বয়স ঢাকতে চাই না। আর পাকা চুলেই মানুষকে বিজ্ঞ মনে হয়।’
বাবা এ রকমই। আমাকে মাঝেমধ্যে তিনি এটাও জিজ্ঞাসা করেন, ‘তুমি এবার যেন কোন ক্লাসে?’ অবশ্য তিনি কখনো ক্লাসের পড়ার কথা জানতে চান না। কিন্তু গল্পের বই না পড়লে তিনি খুবই হতাশ হন।
ক্লাস সিক্সে নতুন স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম দিন বাবা শুধু স্কুল গেটে নামিয়ে দিয়ে এসেছিলেন। ক্লাসরুম চিনিয়ে দেননি। এমনকি ছুটির পর আনতেও যাননি। রাস্তা চিনে একাই বাড়ি আসতে হয়েছিল। কিছুদিন আগে মা-বাবার সঙ্গে ব্যাংকে গিয়েছিলাম স্টুডেন্টস অ্যাকাউন্ট খুলতে। সেখানে গিয়ে শুধু সাইন করে দিয়েই বাবা মাকে নিয়ে চলে এলেন। আসার আগে বাবা আমার কানে কানে বললেন, ‘নিজের কাজ নিজে করা শেখো।’ সবার সঙ্গে মা-বাবা আছে, আমার কেউ নেই। এটা ভেবেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাড়ি ফেরার পর বাবা প্রশ্ন করেছিলেন, ‘আত্মনির্ভরশীল হওয়ার আনন্দ কতটা?’ লাফিয়ে উঠে বলেছিলাম, ‘অফুরন্ত!’
আগে বাবাকে নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়াটা এ রকম ছিল,
-বাবা আমাকে বেশি ভালোবাসে...!
-না, বাবা আমাকে বেশি ভালোবাসে...!
কিন্তু এখন?
-আমি বাবাকে বেশি ভালোবাসি...!
-না, আমি বাবাকে বেশি ভালোবাসি...!

দশম শ্রেণি, রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়