আমার শৈশবে বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঘড়িতে অ্যালার্ম শুনেও আমি চোখ বুজে থাকতাম। বাবা-মা ঘুম থেকে ঠিকই উঠে যেতেন। আমার মা ঘুম থেকে উঠে আমাদের জন্য নাশতা বানাতেন। কিন্তু বাবা একটু অন্য রকম। হাত-মুখ ধুয়েই আবার ঘুমিয়ে পড়তেন। মা অফিসে চলে যাওয়ার পর ঘুম ভাঙে আমার। বাবার একটু বেশিই গরম লাগে। তাই নিচে বিছানা করে শুয়ে পড়তেন। আমার একা একা বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না বলে বাবার কাছে গিয়ে ঘুমাতাম। ছুটির দিনে এমনটাই হতো। আমার স্কুল খোলা থাকুক বা না থাকুক, বাবা না ডাকলে আমি ঘুম ভাঙলেও উঠতাম না। তাই প্রতিদিন বাবা ঘুম থেকে ডেকে দিতেন। আমি হাত-মুখ ধুয়ে নিই। মা টুথব্রাশে পেস্ট তুলে দেন। দাঁত ব্রাশ করি। মা স্কুলে নিয়ে যেতেন হেঁটে হেঁটে, কিন্তু বাবা সব সময়ই আমাকে রিকশায় নিয়ে যেতেন।
একদিন আমার একটা খেলনা ঘুরানি (আঙুল দিয়ে ঘোরালে ঘুরতে থাকে) হারিয়ে গিয়েছিল। তখন বিকেল। বাবা সবেমাত্র অফিস থেকে ফিরেছেন। আমার ঘুরানি হারিয়ে গেছে শুনে বাবা বিশ্রাম বাদ দিয়ে আমাকে সঙ্গে নিয়ে ঘুরানি কিনতে গিয়েছিলেন, কিন্তু গিয়ে দেখি দোকানে ঘুরানি নেই। আমি অবশ্য মন খারাপ করিনি।
একদিন আমি আর বাবা কম্পিউটারে গেমস খেলছিলাম। হঠাৎ আমার বাবার সারা শরীর চুলকিয়ে উঠল। আমি ভয় পেলাম। বাবার বসন্ত (পক্স) হলো না তো?
এদিকে বাবার যন্ত্রণার মাত্রাটা কেন যেন বাড়তে থাকে। মা চিন্তায় পড়ে গেলেন, কোনো কিছু না ভেবেই বাবাকে নিয়ে হাসপাতালে চলে গেলেন। বাবার খুব যন্ত্রণা হচ্ছিল। মা আত্মীয়দের ফোন করলেন, সবাই এল। তখন আমি রাতের খাবার খাচ্ছিলাম। টিএনটি ফোন বাজল। হঠাৎ খালার চিৎকার শোনা গেল। আমি খাবার ফেলেই দৌড়ে গেলাম। কিছুক্ষণ পর দাদাবাড়ির সবাই এল। অন্য সময় ফুপুরা এলে খুব মজা হতো। এই দিনটাই ব্যতিক্রম। বাসায় কান্নাকাটি।
আমি ফুপুকে জিজ্ঞেস করলাম, ‘ফুপু, বাবা তো এল না তোমাদের সঙ্গে?’
ফুপু বললেন, ‘তোমার বাবা ঘুমাচ্ছেন।’
তখন আমার বয়স মাত্র পাঁচ। তাই বিশ্বাস করলাম। মামা বললেন, ‘দাদু বাড়ি যাবে?’ আমি বললাম, ‘কী মজা! দাদু বাড়ি যাব!’ ভাবলাম বাবাকে একটু দেখে আসি। বারান্দা দিয়ে উঁকি দিলাম। দেখি অ্যাম্বুলেন্স। তার মানে বাবা...
রাগ করে ঘুমিয়ে গেলাম। ভাবছিলাম, আমাকে ঘুম থেকে উঠিয়ে দেবে কে? কে ঘুরানি কিনে দেবে? আমাকে ‘ঘুমন্ত সুন্দরী’ গল্প বলে কে ঘুম পাড়াবে? এ রকম অনেক প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাই না।
চতুর্থ শ্রেণি, বিএএফ শাহীন কলেজ