
আমি রুহান। সপ্তাহ খানের পর পরীক্ষা। মন দিয়ে পড়ছিলাম। একটা অঙ্ক বুঝতে না পেরে চিৎকার করে বলে ফেললাম, ‘উফ!’
এমন সময় কে যেন বললো, ‘চিৎকার করছ কেন?’
চমকে উঠলাম! নিজেকে সামলে নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। মনের ভুল বলে চালিয়ে দিতে যাব, এমন সময় দেখি একেবারে পিচ্চি একটা বাবু আমার দিকে এগিয়ে আসছে। এইটুকুন মানুষ, অথচ কেমন বড় মানুষের মতো চলাফেরা! আমার স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগল।
ছোট্ট বাচ্চাটা বলল, ‘আমি রিভান্না।’
সে কী! এইটুকুন পিচ্চি আবার সুন্দর কথাও বলতে পারে!
‘কোথা থেকে এসেছ? কেন এসেছ?’
‘এসেছি ভবিষ্যৎ থেকে। আমাদের সময়ে জন্ম নেওয়া কয়েকজন শিশুর মস্তিষ্কে কিছু তথ্য ঢোকানো প্রয়োজন। তাই একটা ডিভাইস নেওয়ার জন্য ভবিষ্যতে রওনা হয়েছিলাম। মাঝপথে হঠাৎ টাইম মেশিনের িস্ক্রনে কী যেন আবোলতাবোল ফুটে উঠতে শুরু করল। তাই ভুল করে অতীতে চলে এসেছি।’
আমি যখন হাঁ করে তাকিয়ে আছি, এর মধ্যে মা এসে হাজির। ‘কি রে, তুই কার সঙ্গে বকবক করছিস?’
ভয়ে ভয়ে বললাম, ‘না না, আমি তো পড়ছিলাম।’ মা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে চলে গেলেন। ভাগ্যিস, রিভান্নাকে দেখেননি।
আমি এবার ফিসফিস করে বললাম, ‘কী যেন তথ্যটথ্য মস্তিষ্কে ঢোকানোর কথা বলছিলে?’
‘কেন? তোমাদের জগতে ওসব হয় না? আমাদের প্রধানমন্ত্রী মুনের বয়স পাঁচ মাস। ওখানে ছোট ছোট বাচ্চারা বয়সে ছোট হলেও সব উন্নয়নমূলক কাজ তো ওরাই করে! শিশুরা জন্মের সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্কে গুরুত্বপূর্ণ সব তথ্য ঢুকিয়ে দেওয়া হয়। তাই তারা খুবই বুদ্ধিমান।’
আমার সঙ্গে কথা বলতে বলতেই রিভান্না ওর টাইম মেশিনটা ঠিক করে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বলল, ‘আমাকে এখন যেতে হবে।’
ঠিকমতো বিদায় দেওয়ারও সুযোগ পেলাম না। তার আগেই সে মিলিয়ে গেল। ইশ্, আমাদের জগৎটাও যদি ওদের মতো হতো!
ষষ্ঠ শ্রেণি, বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম