আমি জাগলেই সব-কিছু জেগে ওঠে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি জাগলেই সব-কিছু জেগে ওঠে
বাগানে বাগানে রং-বেরঙের ফুল ফোটে।
আমার গানেই পাখিদের ঘুম ভাঙে
আঁধার আকাশ সাত রঙা রঙে রাঙে।
ভোর খোলে দোর, রবি মামা দেয় উঁকি
মাঠে-প্রান্তরে ছুটে যায় খোকা-খুকি।
আমি হাঁক দিলে মাঝিরা বইঠা বেয়ে
দূর অজানায় পাড়ি দেয় গান গেয়ে।
বীজ বোনে চাষি ঝঞ্ঝা মাথায় করে
ফসলে ফসলে মাঠগুলো ওঠে ভরে।
আমার ডাকেই বদ্ধ খাঁচার পাখি
বিদ্রোহী হয়ে শুরু করে ডাকাডাকি;
খাঁচা ভেঙে ছোটে মুক্ত আকাশ পানে
মৃত চরাচরে প্রাণ ফেরে তার গানে।
অন্যায় আর জুলুমে জুলুমে যারা
দিন-রাত্তির মাথা কুটে কেঁদে সারা
আমি ডাক দিলে মিছিলে শামিল হয়
প্রতিবাদে আর বিক্ষোভে বাঙ্ময়।
আমার কবিতা, গানে আর গানে গানে
খুঁজে পায় কারা জীবনের ধ্রুব মানে?
তারাই তো পায় যারাই সর্বহারা
আমার জীবন, অচল তাদের ছাড়া।
আমাকে চেনো কি, বাবরি দোলানো চুল
কেউ বলে দুখু, বিদ্রোহী নজরুল।