আমি হব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আমি যদি আমার স্কুলে মালতি মিস হতাম—
অঙ্ক খাতা করে দিতাম শুধুই ড্রয়িং খাতা
আঁকতে থাকো মনের মতো দাও ভরে সব পাতা।
হতাম যদি ফারজানা মিস, কেমন হতো তবে?
বনে গিয়ে গাছগাছালি চিনিয়ে দিতাম কবে!
হতাম যদি মিতালী মিস, বাংলা পেপার-টু
এমন পড়া মাথায় দিতাম জাদুর মতো ছুঃ।
রিপন স্যারও কম কী-বা আর, তার মতোনও হলে
অক্সিজেন ও হাইড্রোজেন ভাসিয়ে দিতাম জলে।
হতাম যদি বিজ্ঞানেরই মীর বরকত স্যার
পড়ার জন্য কাউকে আমি বলতাম না আর।

সব্বাইকে নিয়ে যেতাম আইনস্টাইনের বাড়ি
আকাশ-কুসুম ভাবছি একি! স্বপ্নকাতর ভারি।

না হয়েছি মিসের মতো, কিংবা স্যারের মতো
হবই বা ক্যান! ছোট্ট আমি, বয়সটা আর কত।

তবু শুধু কল্পনাতে ভাসতে ভালো লাগে
এমন কথা শুনে আমার প্রিন্সিপ্যাল না রাগে!

তোমরা তবে জেনে রেখো, বড় হয়ে আমি
একদিন ঠিক টিচার হব, সবার সেরা দামি।