
মামা বাড়িতে এলেই কিছু না কিছু করেন। কখনো সেভেন আপের ভেতর টি ব্যাগ ছেড়ে দিয়ে নতুন ধরনের চা আবিষ্কারের চেষ্টা করেন, কখনো আবার টিকটিকির লেজে সুতা বেঁধে চেষ্টা করেন পোষ মানানোর। এখন যেমন সুই-সুতো নিয়ে পাঞ্জাবিতে কী যেন করছেন। আমি কাছে গিয়ে বললাম,
‘কী করছ মামা?’
‘যা ভাগ। তুই এসব বুঝবি না।’
‘আমি উদ্ভিদের সালোকসংশ্লেষণ-প্রক্রিয়া বুঝি, এটা কেন বুঝব না?’
‘এই সব অন্য লেভেলের ব্যাপার। সবাই বোঝে না।’
‘সবাই বোঝাতেও পারে না। যেমন আমাদের অঙ্ক স্যার। বোর্ডে অঙ্ক করান, আমরা খাতায় লিখি। বোঝাতে বললে বলেন, “এত কথা কিসের? যেভাবে করে দিয়েছি, ঠিক সে নিয়মে করবি। এদিক-ওদিক হলেই শূন্য।”’
‘তুই আমাকে তোদের ওই স্যারের সঙ্গে তুলনা করলি? আচ্ছা, তোকে বোঝাই। আজ বিখ্যাত লেখক হুনমায়ূন আহমেদের জন্মদিন। চিনিস ওনাকে?’
‘কেন চিনব না? সবাই চেনে।’
‘হ্যাঁ। চিনতেই হবে। তো ঠিক করেছি তাঁর জন্মদিন উপলক্ষে আজ আমি হিমু হয়ে যাব। গভীর রাতে হলুদ পাঞ্জাবি পরে হিমুর মতো খালি পায়ে হাঁটব। এই যে, হলুদ পাঞ্জাবি কিনে এনেছি। বুঝেছিস?’
শুনে মাথা নাড়লাম। না বললেও বুঝতে পারতাম আমি। মামা তার নতুন পাঞ্জাবির পকেট দুটো সেলাই করে আটকে দেওয়ার চেষ্টা করছে। হিমুর পাঞ্জাবিতে পকেট থাকে না। যদিও সেলাই ভালোভাবে হচ্ছে না, কিছু জায়গায় ফাঁকা থাকছে। মামাকে অবশ্য সেটা নিয়ে খুব একটা চিন্তিত মনে হলো না।
‘তুমি তো ঠিকমতো সেলাই করতে পারছ না, মাকে বললে মা সুন্দরভাবে সেলাই করে দিত।’ ‘তোর মা তো এর মর্মই বুঝল না। ঝাড়ি দিয়ে তাড়িয়ে দিল। আসলে এ বাড়িতে বুদ্ধিমান, জ্ঞানী মানুষের সরবরাহ খুবই কম। আমি পড়েছি বিপদে, আমার চিন্তাভাবনা হিমুর মতো, কিন্তু বুদ্ধি মিসির আলীর মতো ক্ষুরধার। তোর বাবার মাথায় অবশ্য কিঞ্চিৎ বুদ্ধি আছে, তাও সব সময় কাজে লাগে না। এই যে আজ রাতে হিমু হয়ে ঘুরব, তোর বাবা বাড়িওয়ালাকে রাজি করাতে পারল না। বাড়িওয়ালা গেটে বড় বড় দুটো তালা ঝুলিয়ে রাখে। তালা না খুললে বের হব কী করে?’
‘তাহলে কি তোমার হিমু হওয়া হবে না?’
‘অবশ্যই হবে। রাস্তায় বের হতে না পারলে কী হবে? বিকল্প ব্যবস্থা করেছি। ছাদে রাত যাপন করা হবে। হিমু বালির গর্তে ঢুকে জোছনা দেখেছিল। ছাদে বালি নেই। আমি পানির ড্রামটা ছাদে রেখে এসেছি। ড্রামের ভেতর ঢুকে আকাশ দেখব। তুই আসবি নাকি?’
‘না। আকাশ আমার জানালা দিয়েই দেখা যায়। ড্রামে ঢুকতে হবে না।’
‘হিমুরা অনেক কিছু আগে থেকে টের পায়। একে বলে সিক্সথ সেন্স। আমিও অনেক কিছু টের পাই। বাংলাদেশ যে জিম্বাবুয়ের সঙ্গে জিতবে, এটা কিন্তু আমি আগেই টের পেয়েছিলাম। আর তোরও যে বুদ্ধিশুদ্ধি হবে না, এটাও এখন টের পাচ্ছি।’
‘আমিও তো অনেক কিছু টের পাই। দেখো, একটু পরই বাড়িওয়ালা এসে তোমার কাছে গেটের চাবি দিয়ে যাবে। তুমিও নিশ্চিন্তে হিমু হয়ে ঘুরতে পারবে।’
‘আমার সঙ্গে রসিকতা করবি না। হেহ! বাড়িওয়ালা এসে চাবি দিয়ে যাবে। বাড়িওয়ালার শুধু বাড়িটাই আছে, মায়াদয়া কিছু নেই...’
মামার কথা শেষ না হতেই কলবেল বেজে উঠল। আমি দরজা খুলে দিলাম। বাড়িওয়ালা আঙ্কেল এসেছেন। মামার হাতে চাবি ধরিয়ে দিয়ে বললেন, ‘হিমুর মতো ঘুরবেন, তা আগে বলবেন না? আহা! ইয়াং বয়সে আমরাও হিমু হওয়ার চেষ্টা করেছিলাম, মনে পড়ে গেল। এই যে চাবি। ঘুরে আসেন, কোনো সমস্যা নেই।’
বাড়িওয়ালা আঙ্কেল চলে গেলেন। কিন্তু মামার হাঁ হয়ে যাওয়া মুখটা বন্ধ হলো না। কিছুক্ষণ পর ঢোঁক গিলে মামা বললেন, ‘পাঞ্জাবিটা তো তোর পরা উচিত।’
‘উঁহু, এখন না। আগে বড় হই।’
মামাকে বিস্মিত অবস্থায় রেখেই আমি ঘরে চলে এলাম। পকেট থেকে হোমিওপ্যাথির ছোট বোতলটা বের করে খুব আস্তে বললাম, ‘ধন্যবাদ বোতল-ভূত।’
বোতলের ভেতরে ধোঁয়াটে একটা কিছু নেচে উঠল।