প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয় রে ভালো, ঘুচিয়ে কালো
ভোর মেলেছে পুচ্ছ তার
মেঘের গায়ে, ঘাটের নায়ে
সোনা রোদের গুচ্ছ হার।
তুলির টানে রঙের দোলা
লতাপাতার বুক জুড়ে
বৃষ্টি-বাতাস, নদী, আকাশ
দূর থেকে ওই যায় দূরে।
ভালোকে চায়, ভালোকে চায়
কোথায় ভালো, কার কাছে
দিনের শেষে কাজের মাঝে
ফুলের সুবাস যার কাছে।
সেই গন্ধে পাগল হাওয়া
চাঁদের আলোর সঙ্গী হয়
চরের পাখি, বকের পাঁতি
কেউ কখনো পর তো নয়।
আয় রে ভালো, আলোর আলো
জোনাকিদের এই আশা
ভালো থাকে জড়িয়ে মাকে
নকশিকাঁথায় তার বাসা।