আয়রে পড়া আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ক্লাস সেভেনের ‘ক’ শাখাতে বিয়াল্লিশটি মেয়ে
হোসনে আরা মিসের দিকে সবাই আছে চেয়ে
একটু পরেই বাজবে যে বেল, পরীক্ষাটা শুরু
বিয়াল্লিশটি মেয়ে তখন কাঁপছে দুরুদুরু।
ঢং! সবাই পেল খাতা
চোখের সামনে ঘুরছে শুধু বাংলা বইয়ের পাতা।
হোসেন আরা মিস দিলেন দারুণ হুঁশিয়ারি—
‘দেখাদেখি করলে পরে পাঠিয়ে দেব বাড়ি।
ফাঁকিবাজি করছে যারা বইয়ের সাথে, শোনো
বলে রাখি পরীক্ষাতে পার পাবে না কোনো।
প্রশ্ন আমি তাই করেছি পড়িয়েছি যা যা

নাম্বার কম পেলে কিন্তু ক্লাসে পাবে সাজা।’

ঢং! প্রশ্ন এলো হাতে
ভয় দেখানো দত্যি যেন এল সাথে সাথে।
ক্লাস সেভেনের ‘ক’ শাখাতে বিয়াল্লিশটি মেয়ে
হঠাৎ সবার ফুরফুরা মন প্রশ্ন হাতে পেয়ে।

ঝট পটাপট লিখতে শুরু চায় না ডানে-বায়
একটা শুধু মন্ত্র ওদের—আয়রে পড়া আয়।
যা পড়েছি আয় ফিরে আয়, দুধমাখা ভাত দেব।
আয়রে পড়া কলমে আয় কলম থেকে নেব।
কলম দিয়ে লিখব শুধু সাদা খাতার বুকে
আয়রে পড়া আয় ফিরে আয়, লিখতে যে চাই সুখে।

ওরা ঠিকই লিখছে সুখে নেই তো ভয়ের বোঝা
থাকলে পড়া পরীক্ষাতে সব প্রশ্নই সোজা
ক্লাস সেভেনের ‘ক’ শাখাতে বিয়াল্লিশটি মেয়ে
হোসনে আরা মিস এবার ওদের দিকে চেয়ে।