উল্টো ইঁদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লোকটার নাম ছিল ল্যাবোন। বয়স ৮৭। স্বভাবে চুপচাপ আর শান্তিপ্রিয়। ল্যাবোন ছিলেন ভীষণ গরিব কিন্তু দারুণ সুখী।
ল্যাবোন একদিন টের পেলেন, ঘরে ইঁদুরের আনাগোনা শুরু হয়েছে। প্রথম প্রথম তাতে মোটেও মাথা ঘামালেন না। তবে দিন দিন ইঁদুরের সংখ্যা বাড়তেই লাগল। শুরু হলো মহা উৎপাত। শেষমেশ এমন হলো, ল্যাবোন আর ঘরে দাঁড়াতেই পারেন না!
‘যথেষ্ট হয়েছে,’ ল্যাবোন বিড়বিড় করে বললেন, ‘ইঁদুরগুলোর খুব বাড় বেড়েছে।’ বলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে গেলেন দোকানে। কিনে ফেললেন কয়েকটা ইঁদুর ধরার ফাঁদ, একটা পনিরের টুকরা আর কিছু আঠা।
ঘরে ফিরে ফাঁদগুলোর নিচে আঠা লাগালেন ল্যাবোন। আটকে রাখলেন ঘরের ছাদে। টোপ হিসেবে ফাঁদে রেখে দিলেন পনিরের টুকরা।
রাত হলো। ইঁদুরের দল গর্ত থেকে বেরিয়েই দেখে, ছাদে কতগুলো ফাঁদ ঝুলে আছে। সেটা দেখে ওরা হেসেই বাঁচে না! মেঝেতে হাঁটতে হাঁটতে ওরা ফাঁদগুলো দেখে, একে-ওকে ডেকে এনে আঙুল তুলে দেখায়, আর হো হো করে হাসে। আসলেই তো, দৃশ্যটা ভীষণ হাস্যকর! ঘরের ছাদে কি না, ঝুলে আছে কতগুলো ইঁদুর ধরার ফাঁদ!
সকাল হলো। ল্যাবোন এলেন দেখতে, ফাঁদে ইঁদুর আটকাল কি না। হতাশ হলেন, একটা ইঁদুরও ধরা পড়েনি! ল্যাবোন কিছু না বলে মুখ টিপে হাসলেন। একটা চেয়ারের নিচে আঠা লাগিয়ে উল্টো করে আটকে রাখলেন ছাদে, ঠিক ফাঁদের পাশেই। কেবল চেয়ারই নয়, ঘরের টেবিল, টেলিভিশন সেট, ল্যাম্প আর বাকি সব জিনিসপত্রের নিচেও একইভাবে আঠা লাগিয়ে উল্টো করে ছাদে আটকে দিলেন একে একে। এমনকি একটা কার্পেটও সেঁটে দিলেন ছাদে।
পরের রাতেও ইঁদুরের দল গর্ত থেকে বেরিয়ে এল। তখনো ওরা গতরাতে দেখা ছাদে ঝুলে থাকা ফাঁদ নিয়ে ঠাট্টা-মশকরা করছিল। কিন্তু যে-ই না ছাদের দিকে তাকিয়েছে, অমনি ওদের আক্কেলগুড়ুম! হাসাহাসি ভুলে একেবারে স্পিকটি নট হয়ে গেল মুহূর্তের মধ্যে।
‘সর্বনাশ!’ একটা ইঁদুর প্রায় কেঁদেই ফেলল, ‘ওপরে তাকাও! মেঝেটা ওখানে চলে গেছে!’
আরেকটা ইঁদুর চিৎকার করে উঠল, ‘আমাদের অবশ্যই মেঝেতে দাঁড়ানো উচিত!’
আরেকটা ইঁদুর বলল, ‘আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে!’
আরেকটা ইঁদুর বলল, ‘শরীরের সব রক্ত আমার মাথায় উঠতে শুরু করেছে!’
‘এটা ভয়ানক!’ লম্বা গোঁফওয়ালা সবচেয়ে বুড়ো ইঁদুরটা বলল, ‘সত্যিই এটা ভয়ানক! এক্ষুনি আমাদের কিছু একটা করা দরকার!’
পুঁচকে একটা ইঁদুর চেঁচিয়ে উঠল, ‘এভাবে মাথা দিয়ে দাঁড়িয়ে থাকলে আমি জ্ঞান হারাব!’
‘আমিও!’
‘আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারব না!’
‘বাঁচাও আমাদের! কেউ কিছু একটা করো, দ্রুত!’
ইঁদুরের দল পাগলপ্রায়। ‘আমি জানি, আমাদের কী করা উচিত!’ বুড়ো ইঁদুর বলল, ‘মাথায় ভর দিয়ে দাঁড়াতে হবে আমাদের, তাহলেই ছাদে পা রাখা যাবে।’
বুড়োর কথায় একান্ত বাধ্যগতের মতো সবাই নিজের মাথায় ভর দিয়ে দাঁড়াল। এবং বেশ লম্বা একটা সময়ের পর সব ইঁদুরের মাথায় রক্ত উঠে গেল, এক এক করে জ্ঞান হারাল সবাই।
পরদিন সকালে ল্যাবোন এলেন দেখতে। ঘরে ঢুকেই দেখেন, মেঝেটা ইঁদুরে সয়লাব। দেরি না করে সবগুলোকে জড়ো করে একটা ঝুড়িতে ভরে ফেললেন তিনি।
অতএব একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীটাকে যখন ভয়ানকভাবে উল্টোপাল্টা লাগবে, তখন পা দুটো যেন মেঝের ওপরে ঠিকঠাকভাবে থাকে।
রোয়াল্ড ডাল: ব্রিটিশ লেখক। শিশুসাহিত্যিক হিসেবে দুনিয়াজোড়া খ্যাতি। জন্ম ১৯১৬ সালের ১৩ সেপ্টেম্বর, মারা গেছেন ১৯৯০ সালের ২৩ নভেম্বরে।