এক দিনের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আব্বু প্রায়ই আমাকে আদর করে বাবা বলে ডাকে। তাই আমি আব্বুকে বললাম, আব্বু চলো, আমরা বাবা বাবা খেলি।’ আব্বু বলল, ‘সেটা কী রকম?’ আমি বললাম, ‘আজ থেকে তুমি আমার ছেলে, আর আমি তোমার বাবা!’ আব্বু বলল, ‘ঠিক আছে।’
সঙ্গে সঙ্গে আমি গম্ভীর গলায় বললাম, ‘শফিক, পড়তে বসো।’ এখানে বলে রাখি, আমার আব্বুর পুরো নাম শফিকুল ইসলাম। আব্বু সুড় সুড় করে আমার পড়ার টেবিলে গিয়ে বসল। ব্যাপারটা আমার খুবই মজা লাগল। আধঘণ্টা পর আব্বু বিরক্ত হয়ে বলল, ‘ধুর, ভাল্লাগছে না। যা গরম পড়েছে, একটু আইসক্রিম-টাইসক্রিম হলে ভালো হতো।’ আমি বললাম, ‘এই গরমে আইসক্রিম খেলে গলাব্যথা হবে। আইসক্রিম খাওয়া চলবে না।’
আব্বু বিরস মুখে টেবিলে গিয়ে বলল, ‘কম্পিউটারে একটু অফিসের কাজগুলো সেরে নিই।’ আমি বললাম, ‘নো! এখন নয়। একদম কম্পিউটার ধরা চলবে না। রাত তখন প্রায় ১০টা। আব্বু আমার অনুমতি চেয়ে বলল, ‘এবার একটু খবর-টক শো দেখি বাবা?’ কী মজা! আব্বু আমার কাছে অনুমতি চাইছে! আমি বললাম, ‘না, ওসব চলবে না। কাল সকালে তোমার কাজ আছে। তাড়াতাড়ি শুয়ে পড়ো।’
আব্বু হঠাৎ চিৎকার করে বলল, ‘উফ। আমি আর তোমার ছেলে হতে পারব না। সারা দিন শুধু এটা কোরো না, ওটা কোরো না...’
আমি বললাম, ‘এবার বুঝেছ আব্বু, আমার সঙ্গে তুমি আর মা সারা দিন কী কী করো?’
আব্বু মন খারাপ করে বলল, ‘এখন থেকে আর এমন করব না। জানিস, আমরা ছোটবেলায় কত্ত মজা করতাম। নদীতে সাঁতার কাটতাম, গাছে উঠতাম, বৃষ্টিতে ভিজতাম, গরমের ছুটিতে দাদু-নানুর বাড়িতে বেড়াতে যেতাম, কত্ত মজা হতো! এখন তো তোরা এসবের কিছুই করার সুযোগ পাস না। এখন থেকে আমি আর তোর মা তোকে নিয়ে ঘুরব, বেড়াব, গল্প করব, মজা করব, আইসক্রিম খাব। কিন্তু তুইও মন দিয়ে লেখাপড়া করিস। বড় ইঞ্জিনিয়ার হতে হলে মন দিয়ে লেখাপড়া করতে হবে।’
‘ঠিক আছে আব্বু।’ আমি বললাম। আব্বু আমাকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, ‘আমার লক্ষ্মীসোনা!’
পঞ্চম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী শাখা