
টুকুর কথায় সবাই হো হো করে হেসে উঠল। গাব্বু তো বলেই ফেলল, ‘দোস্ত! সন্ধ্যায় যখন পড়তে বসি, মশাগুলো ভনভন করে কানের কাছে। তুই ওদের একটু বলে দিস তো বিরক্ত না করতে।’ সবাই আরেক দফা হেসে নিল গাব্বুর রসিকতায়।
টুকু ভীষণ খেপে আড্ডা থেকে উঠে গেল।
ঘটনার শুরু আজ সকালে। ক্লাসে স্যার না আসায় সবাই একত্র হয় লাস্ট বেঞ্চে। টুকু কাউকে কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বলতে থাকে, ‘জানিস কাল কী হয়েছে? আমি বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ শুনি খুব চাপা গলায় দুজন কথা বলছে... সাংসারিক আলাপ, বুঝলি? বলছিল, “কাল তো আমি নিমের ফল আনলাম আজ তোমার পালা...” আমি তো শুনে তাজ্জব! আশপাশে কাউকে চোখেও পড়ছিল না। অনেকক্ষণ এদিক-ওদিক তাকিয়ে কী বুঝলাম, জানিস? দুটো শালিক রেলিংয়ে বসে ঝগড়া করছে!’
এই কথাই সবার হাসির উৎস। ঘটনাটা বলার পর থেকেই সবাই একজোট হয়ে ওকে খেপানো শুরু করেছে।
স্যার চলে আসায় টুকু এ যাত্রা বেঁচে গেল। তড়িঘড়ি করে সবাই যে যার সিটে গিয়ে বসল।
২.
স্কুল ছুটির পর বাসায় ফিরছিল গাব্বু। রাস্তাটা সব সময় খালিই থাকে, আজও তার ব্যতিক্রম না। আপনমনে হেঁটে যাচ্ছিল। টুকুর কথা মনে পড়তেই হাসি পেল ওর। এত্ত গুল মারতে পারে ছেলেটা!
তখনই ঘটল ঘটনাটা। খুব কাছ থেকে কে যেন বলে উঠল, ‘দ্যাখ দ্যাখ, মোটকুটা নাকি এক কোটি টাকা পেলে একটা বার্গারের দোকানই কিনে ফেলবে! ইশ্! শখ কত!’
গাব্বু চমকে ওঠে। কে কথা বলে! ও ঠিক এই কথাটাই ভাবছিল। কিন্তু ও তো মনে মনে চিন্তা করছিল, কথাটা শুনল কে? কাছাকাছি তো কাউকে দেখাও যায় না!
এরপর গাব্বু যা দেখল, তাতে ওর পিলে চমকে গেল। দুইটা বিড়াল ওর দিকে কুঁতকুঁতে চোখে তাকিয়ে আছে। দেখার ভুলও হতে পারে, কিন্তু গাব্বুর মনে হলো দুইটার একটা আবার মিটিমিটি হাসছে!
দোয়া পড়তে পড়তে গাব্বু এক দৌড়ে বাসায় ফিরল। এখনো কাঁপছে হাত-পা। কাঁপা হাত আর ঘামে ভেজা শরীর নিয়েই ও ফোনের কাছে ছুটে গেল।
‘হ্যালো টুকু! দোস্ত, স্যরি! তোর কথায় হাসা মোটেও উচিত হয়নি। বাসায় ফেরার পথে একই ঘটনা আমার সাথেও ঘটেছে। দুইটা বিড়াল...’
গাব্বু কথা শেষ করতে পারে না। টুকু ওপাশ থেকে বলে,‘আরে ধুর! স্যরি বলছিস কেন? আমি তো মজা করছিলাম।
পাখির কথা কি কেউ বোঝে? আর যদি বোঝেও, সে নিশ্চয়ই মানুষ না; অন্য কিছু। গাব্বু শোন, আমার বাসায় গেস্ট এসেছে। কাল ক্লাসে কথা হবে, কেমন?’
টুকু ফোন রেখে দেওয়ার পর গাব্বু বোকা বোকা চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে।
৩.
টুকুর বাসা। দুটো বিড়ালের সামনে হাঁটু মুড়ে বসে আছে সে।
‘...তারপর? তোমাদের কথা শুনে নিশ্চয়ই গাব্বুর আক্কেল গুড়ুম? হা হা হা...ব্যাটা সত্যিই দারুণ ভয় পেয়েছে!’ বলতে বলতে টুকু হেসে গড়াগড়ি খায়।
ওর সঙ্গে সুর মিলিয়ে হাসে বিড়াল আর রেলিংয়ে বসা শালিক দুটোও!