একটি ভূতের আত্মকাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

প্রলয়: হায়! আমি কী দোষ করলাম? আমি তো কোনো মানুষকে আমার আসল পরিচয় দিইনি! তাহলে আমার অপরাধ কী? আমাকে কেন কারাগারে পাঠানো হচ্ছে? আমার মা কোথায়? মা...বাবা...!
উকিল: তোমার অপরাধ তুমি মানুষকে হাসিয়েছ। তুমি তাদের খুশি করেছ। কেন? তুমি তো জানো যে তুমি ভূত, মানুষ নও। তোমার কাজ মানুষকে ভয় দেখানো, হাসানো নয়। প্রলয়, তুমিই বলো, তুমি মানুষকে হাসিয়েছ কি না?
প্রলয়: জি, আমি হাসিয়েছি।
উকিল: অতএব, মহামান্য আদালত, প্রমাণিত হয়েছে যে প্রলয় অপরাধী। তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
প্রলয়: কিন্তু কেন? আমার বয়স তো আট বছর। আমার তো আঠারো বছর হয়নি। আমি তো শিশু!
উকিল: দেখুন মহামান্য আদালত, প্রলয় মানুষের সঙ্গে এতটাই মিশেছে যে, সে জানে না যে ভূতের রাজ্যে ‘শিশু’ বলতে কিছু নেই। তারপর বাচ্চারা তো আরও বেশি ডানপিটে হয়!
আদালত: আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করছে যে, ভূতীয় ধারা ১৩ ও ১১৩, অর্থাৎ মানুষকে হাসানো ও মানুষের সঙ্গে মেলামেশার অপরাধে দায়ী করে প্রলয়কে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হলো।

‘ঠিক এমনটাই হয়েছিল আমার সঙ্গে। আমি তো শুধু তোমাকে হাসানোর চেষ্টা করেছিলাম। কারণ, তুমি বসে বসে কাঁদছিলে।’ বললাম আমি।
‘আমি কী করব, বলো? মা-বাবা আমাকে জোর করে বাসে বসিয়েছে। আর দেখো তাদের জন্য তোমাকে শাস্তি পেতে হচ্ছে।’ সব শুনে পিউ বলল।
‘এখন দিনের বেলা সবাই ঘুমাচ্ছে। তাই আমি সেই গুপ্ত সুড়ঙ্গ দিয়ে বের হয়ে জরিমানার টাকা সংগ্রহ করছি। আমি তো বস্তিতে থাকি, বাবা এত টাকা দিতে পারবে না, মা-ও না।’
‘তাই তুমি বাসে বাসে চকলেট বিক্রি করো?’
‘হুম।’
‘তাহলে আমি মাকে বলে এখনই আমার পকেট মানি থেকে তিন হাজার টাকা দিচ্ছি।’
‘না না! লাগবে না!’
‘আচ্ছা প্রলয়, তুমি মানুষের সঙ্গেই আজীবন থেকে যাও না কেন? আমাদের সঙ্গেই না হয় থাকো?’
‘না, তা হবে না। ভূতের রাজ্যের এজেন্টরা জানলে আমাকে নিয়ে যাবে।’
‘আরে! চিনলে তো নিয়ে যাবে! তোমাকে যদি সারাক্ষণ আম্মুর মতো ফ্রেশলুক মেকআপ দিয়ে রাখি, তাহলে কেউ চিনবে না!’
‘তাই? তোমরা তো অনেক বুদ্ধিমান। আচ্ছা, মেকআপ কী?’
‘এই তো, তোমাকে মেকআপ করিয়ে দিলেই বুঝবে।’

মেকআপ করার পর।
‘বাহ! আমি তো চিনতেই পারছি না আমাকে! এটা কি আমি?’
‘হ্যাঁ, হ্যাঁ! তুমিই!’
এভাবেই পিউ আর আমার ভালো বন্ধুত্ব হয়। আমরা ভালো বন্ধু। দিনের বেলায় ভূতের রাজ্যের সবাই যখন ঘুমায়, তখন আমি মানুষের পৃথিবীতে পিউয়ের সঙ্গে স্কুলে যাই ফ্রেশলুক মেকআপ দিয়ে। এজেন্টরা এখনো আমাকে চেনে না। আমি পড়ালেখা করে এই ছোট্ট গল্পটা লিখেছি। এটা আমার গল্প। পিউকে বলেছিলাম গল্পটা পৌঁছে দিতে। শেষ পর্যন্ত সে পৌঁছে দেবে কি না, কে জানে!
সপ্তম শ্রেণি, ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়