একটি শালিকের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

সেদিন খুব রোদ ছিল৷ ছাতা মাথায় মানুষ যাচ্ছিল রাস্তা দিয়ে৷ স্কুল ছুটির পর, বাড়িতে যাওয়ার সময় সেই রোদ পড়ল আমার মাথায়৷ আমার ছাতা ছিল না৷ তাই রোদ মাথায় করে বাড়ি যাচ্ছিলাম৷ মাঠের মধ্যে ফাঁকা পথটা; পথটা আমাদের বাড়ির দিকেই গেছে৷ সেদিন, সেই রোদ আমাকে কী বলেছিল, তা আর আজ কিচ্ছু মনে নেই৷ বাড়িতে ফেরার পথে আমাকে কী বলেছিল, তাও মনে নেই৷ কিচ্ছু মনে নেই৷
রোদ কি কথা বলতে পারে? নিশ্চয়ই পারে৷ তাই কত গিয়েছি দুপুর রোদের বাড়ি, কত করেছি রোদের সঙ্গে আড়ি৷ রোদের সঙ্গে আড়ি দিলেই, সেদিন খুব মেঘ হতো৷ সেদিন খুব বৃষ্টি হতো৷ মেঘ-বৃষ্টির কথা কি আর ভুলতে পারি আমি?
তারপর, সেই যে আমাদের বাড়ি, মধুপুর গ্রামের বাড়ি, বাড়ির পেছনে দুটি শিমুলগাছ আর বাঁশবাগান৷ আজ কি আমি বলতে পারব, সেদিন সেই বাড়ি আমাকে কী বলেছিল? ‘চলে যা, চলে যা, বাড়ি ছেড়ে তুই হারিয়ে যা?’ সেদিন শিমুলগাছ, শিমুলের ফুল আমাকে কী বলেছিল? বাঁশবাগান আমাকে কী বলেছিল? সন্ধ্যাবেলায়, বাঁশবাগানের পাখিরা কী বলেছিল?
এই সব বলছি, কারণ, সব্বাই কথা বলতে পারে৷ সব্বাই কিছু না কিছু বলেই৷ যে শোনার, সে শুনবেই৷ যে না শোনার, সে তো মানুষের কথাও বুঝতে পারবে না, গাছের কথা তো নয়ই৷ মানুষ একসময় মনে করত, গাছের প্রাণ নেই৷ কিন্তু একদিন জগদীশচন্দ্র বসু আমাদের বললেন, গাছের প্রাণ আছে৷ একদিন আহমদ ছফা জানালেন, গাছের সঙ্গে তাঁর প্রায়ই কথাবার্তা হয়৷ তাই বলছি, রোদের সঙ্গে কথা, পাখির সঙ্গে কথা, পথের সঙ্গে কথা৷ যার সঙ্গেই কথা হয়, সে তখন কিছু না কিছু তো বলেই৷ বললে, শুনতেও হয়৷ মা বলল, ‘ভাত খা৷’ আমি তখন ভাত খেলাম৷ ছোট বোন বলল, ‘আম খাও৷’ তাথৈ বলল, ‘নখতো খাব৷’ আমি বললাম ‘খা৷’

‘নখতো’ হচ্ছে নক্ষত্র৷ তাথৈ এখনো এত ছোট, মাত্র চার বছর বয়স, তাই নক্ষত্রকে বলে ‘নকতো৷’ এক রাত, তাথৈকে চাঁদ দেখাচ্ছিলাম৷ বললাম, ‘ওই যে, ওইটা হচ্ছে চাঁদ৷ তোর আরেক মামা৷’

তাথৈ বলল, ‘আর ওইগুলো কী মামা?’

বললাম, ‘ওগুলো হচ্ছে তারা৷’

‘তারা কারা মামা?’

পড়লাম বিপদে৷ বললাম, তারা মানে হচ্ছে নক্ষত্র৷ নক্ষত্রগুলো হচ্ছে একধরনের চকলেট৷ তুই চকলেট খাবি?’

‘খাব৷’ তাথৈ বলল৷

বললাম, ‘কী খাবি?’

তাথৈ কী বুঝেছে জানি না, বলল, ‘নখতোগুলো খাব৷ ওগুলো তো চলকেট৷’

‘চলকেট’ বলে তাথৈ৷ ল আগে চলে আসে৷

তো যে কথা বলছিলাম, সবাই কথা বলে৷ সবারই কিছু বলার আছে৷ যার যার বলার ভাষা আলাদা, শোনার ভাষা আলাদা৷ তো সেদিন আমার রোদের সঙ্গে আড়ি হয়ে গেল খুব৷ তাই আকাশে অনেক মেঘ জমা হলো৷ মেঘ গর্জন করে ডাকল৷ তারপর নামল অঝোরে বৃষ্টি৷ সেই বৃষ্টিতে স্কুল মাঠ জলে ভেসে গেল৷ মনে হলো, মেঘ বলছে, ‘দাঁড়াও, দেখাচ্ছি মজা৷ মাঠগুলোকেও নদী বানিয়ে দেব৷’ হ্যাঁ, সারা দিন বৃষ্টির পর সারা রাত বৃষ্টি৷ পরদিন সকাল থেকেও বৃষ্টি৷ একটানা সেই বৃষ্টির মধ্যে আমি জানালার ধারে বসে ছিলাম৷ বৃষ্টির ছাট এসে আমাকে স্পর্শ করে করে ভিজিয়ে দিচ্ছিল৷ একসময় আমি আরও ভিজে গেলাম৷ ভিজতে ভিজতে আমি এক্কেবারে ভিজে গেলাম৷ তখন, হঠাৎ এক কণা বৃষ্টি আমার একটা চোখের ওপর এসে পড়ল৷ আমি বললাম, ‘কী? চোখও ভিজিয়ে দেবে?’

বৃষ্টিকণা আমাকে কী বলল জানো, বলল, ‘মানুষ না৷ তুই শালিক হয়ে যা৷’

সে অনেক দিন আগের কথা৷ আজ, এখন, এই ঢাকা শহরেও খুব বৃষ্টি পড়ছে৷ আমি বসে আছি একটি জানালার ধারে৷ কেউ আমাকে দেখে টেরই পাবে না, একদিন আমিও মানুষ ছিলাম৷ কিন্তু বৃষ্টির কথা রাখতে গিয়েই পাখি হয়ে গেছি৷ শালিক পাখি৷