একদিন স্কুল মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

নিকিতাদের স্কুলের মাঠে চলছে ক্রিকেট খেলা। দুমদাম শব্দ হচ্ছে। প্রতিদিন টিফিন পিরিয়ডেই নিকিতা-আনিকা-অর্ক-তনু-সুমন, ওরা সবাই মিলে কিছু না কিছু খেলে। আজ খেলছে ক্রিকেট। 
ছেলেমেয়েগুলো তখনো জানে না, ওদের ঠিক মাথার ওপরে ফ্লাইং সসারে বসে ওদের ওপর নজর রাখছে ভিনগ্রহের দুই এলিয়েন, শুরা আর ফ্রিট।
‘পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কী, শুরা?’
‘মানুষ, ফ্রিট। আমি ফ্লাইং সসারের তথ্যকেন্দ্রে খোঁজ নিয়ে দেখেছি। মানুষই এ গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী।’
‘আচ্ছা শুরা, মানুষের জ্ঞান ও বুদ্ধিবৃত্তির বিকাশ মূলত আরম্ভ হয় কোথায়?’
‘স্কুলে৷ এটি থেকেই মানুষ প্রথম প্রয়োজনীয় শিক্ষা লাভ করে থাকে।’
‘তবে তো পৃথিবী নামক এই গ্রহটিকে দখল করতে হলে এর জ্ঞানকেন্দ্র স্কুলগুলোকে ধ্বংস করতে হবে।’
‘ঠিক বলেছ, ফ্রিট। আমাদের স্কুলগুলোই আগে ধ্বংস করতে হবে।’
ততক্ষণে আনিকা-সুমনদের খেলা বেশ জমে উঠেছে। আর একটা ছয় মারতে পারলেই জিতে যাবে আনিকা-অর্কদের দল। বল করল সুমন। সোজা এক ছক্কা হাঁকাল আনিকা। বলটা উঠে গেল আকাশে। সবার চোখ এখন বলের দিকে।
এই প্রথম ওরা দেখতে পেল হলদে-বেগুনি রঙের ফ্লাইং সসারটাকে। সবাই রীতিমতো গোল আলুর মতো চোখ করে তাকিয়ে আছে ওটার দিকে। কিন্তু এ কি! বলটা যে ফ্লাইং সসারটার দিকেই যাচ্ছে, শুরা আর ফ্রিটও টের পেয়েছে ব্যাপারটা৷ ফ্লাইং সসারের সেফটি অ্যালার্ম বেজেই চলেছে। কিন্তু হঠাৎই ঘটে যাওয়া এই বিপদের মুখে সবকিছু কেমন গুলিয়ে ফেলল এলিয়েনরা, কিছুতেই বাগে আনতে পারল না ফ্লাইং সসারটাকে। বলটা এসে বাড়ি খেল ফ্লাইং সসারটার ইঞ্জিনে। সঙ্গে সঙ্গে ইঞ্জিনে দেখা দিল গোলযোগ। ফলাফল, ফ্লাইং সসারটা পড়তে থাকল নিচের দিকে।
দ্রুম!!! মাটিতে এসে ঠেকল ফ্লাইং সসারটা। মাঠের সবাই এগিয়ে গেল ওটার দিকে। ওদিকে শুরা আর ফ্রিটের অবস্থা যাচ্ছেতাই। মাথা ফেটে বেরোচ্ছে হলুদ রঙের রক্ত। হাত আর পায়েও চোট লেগেছে।
‘তোমরা কারা? কোথা থেকে এসেছ?’ প্রশ্ন করল নিকিতা।
‘আমরা ভিনগ্রহী এলিয়েন। বৃহস্পতি গ্রহে আমাদের বাস।’
‘কী বলছ এসব!! এটা তো অসম্ভব!’
চোখ দুটোকে ছানাবড়া করে আনিকারা সবাই তাকিয়ে রইল ভিনগ্রহীদের দিকে। বিপদের গুরুত্ব বুঝে শুরা তার হাতের তিন আঙুলের একটি এগিয়ে দিল মাঠের একপাশে জড়ো করে রাখা ইটগুলোর দিকে। প্রচণ্ড আলোর স্ফুরণ সৃষ্টি করে মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল ইটগুলো।
‘এবার বিশ্বাস হলো তো, আমরা ভিনগ্রহের প্রাণী। এখন আমাদের প্লিজ নির্জন কোনো জায়গায় নিয়ে চলো আর আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করো’ বলল শুরা। নিকিতারা আর দেরি করল না। স্কুলের পেছনে একটুখানি যে ফাঁকা জায়গাটা আছে, সেখানে নিয়ে গেল শুরা আর ফ্রিটকে। একদৌড়ে গিয়ে স্কুলের ‘ফার্স্ট এইড’ বক্সটা নিয়ে এল তনু। দ্রুতই শুরা আর ফ্রিটের শরীরের ক্ষত হয়ে যাওয়া অংশগুলোতে ব্যান্ডেজ লাগিয়ে দিল সবাই মিলে। এরপর সবাই এগিয়ে গেল স্পেসশিপটার দিকে। ওটার আসলে তেমন কিছুই হয়নি। ছোটখাটো যে সমস্যাগুলো ছিল, শুরা আর ফ্রিটের কথামতো সেগুলো ঠিক করে দিল ওরা। তবে ভিনগ্রহীদের কথামতো এই ব্যাপারটা বড়দের কাছ থেকে চেপে গেল সবাই। কারণ, জানাজানি হয়ে গেলে ভিনগ্রহীরা হয়তো আর কখনোই ফিরতে পারবে না তাদের প্রিয় আবাসস্থলে। মানুষের হাতে এ পৃথিবীতেই বন্দী হয়ে থাকতে হবে তাদের।
কিছুক্ষণের মাঝেই শুরা আর ফ্রিট বেশ সুস্থ হয়ে উঠল। মানুষের এ রকম বন্ধুত্বপূর্ণ আচরণে খুব খুশি হলো ওরা।
‘শুরা, তোমার কি মনে হয়, মানুষদের ধ্বংস করে পৃথিবীর দখল নেওয়া উচিত?’ বলল ফ্রিট।
‘কখনোই না, ফ্রিট। ওরা সত্যিই খুব বুদ্ধিমান আর উন্নত প্রাণী। আমাদের উচিত ওদের সঙ্গে মিলেমিশে চলা। তাহলে মানুষ আর আমরা দুই গ্রহের প্রাণীই উপকৃত হব।’
‘ঠিক বলেছ, শুরা৷ চলো, এখনকার মতো আমরা তাহলে ফিরে যাই।’
সপ্তম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা-১০০০