এমন কেন তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম আর কাঁঠাল দুই গাছে খুব দোস্তি
কিন্তু তাদের মনের ভেতর নেই কোনো আজ স্বস্তি।
বলছে সেদিন তারা
ও ভাই কাঁঠাল, তোর ওই ডালে কোপ মেরেছে কারা?
কদিন আগেও লাগছিল বেশ তোকে
এখন দেখি গুমরে আছিস শোকে।

বলিস না ভাই, আম
ভাবছি বসে, আজকে কেন নেই আমাদের দাম?
ইচ্ছে হলো তাদের যখন, ডাল দিল সব কেটে
জীবন গেল মানুষ জাতির জন্য খেটে খেটে।
কিন্তু তাদের কাছে
মূল্য কিছু আছে?
ডালগুলো সব ছেলে আমার, পাতা আমার মেয়ে
তাদের চোখে ঝরছে পানি দেখছি চেয়ে চেয়ে।

দুই গাছেতে ভাবে
কোথায় তারা যাবে?
প্রাণিকুলে উন্নত আর সবচে জ্ঞানী যারা
তাদের কাজের এমন কেন ধারা?
এমন কেন অবিবেচক, এমন কেন বোকা?
এ কাজ থেকে যায় না তাদের রোখা?