এলিয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: তুলি
আঁকা: তুলি

বিশাল আয়োজন। হুলুস্থুল পড়ে গেছে। বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি ফেস্টিভ্যালের আয়োজন করেছে। ফেস্টিভ্যাল উপলক্ষে তরুণ বিজ্ঞানী কেভিন ম্যাক্সওয়েল এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকেন্দ্র নাসাতে কাজ করেন। কেভিন অন্য গ্রহে প্রাণের উপস্থিতি নিয়ে গবেষণা করছেন। তাঁকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। বাংলাদেশের বিজ্ঞানী ইকবাল আহমেদ নাসায় কাজ করতেন। তিনিই কেভিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যদিও আগে তাঁদের সামনাসামনি দেখা হয়নি। যোগাযোগ হয়েছে ই-মেইলে।
কেভিন বসে আছেন ঘাড় গুঁজে। তাঁকে অদ্ভুত দেখাচ্ছে। তিনি বেঁটে-খাটো মানুষ। চোখে চশমা। রোদচশমা ঠিক নয়। মনে হচ্ছে চশমায় পাওয়ার আছে। তবে চশমার কাচ হালকা সবুজাভ। চ্যাপ্টা নাক। সেখানে ছোট্ট দুটো ফুটো। তিনি পায়ে বেঢপ সাইজের জুতা পরে আছেন। দুই হাতে চামড়ার গ্লাভস। মাথায় সবুজ হ্যাট।
কেভিন কেন পায়ে বেঢপ সাইজের জুতা পরেছেন, আর হাতে গ্লাভস দিয়ে রেখেছেন সেই কথা কেউ জিজ্ঞেস করল না। তিনি দুলে দুলে মাথা নাড়ছেন। তাঁকে ভীষণ উত্সাহী দেখাচ্ছে। আগ্রহ নিয়ে ছেলেমেয়েদের দিকে তাকিয়ে আছেন। তবে তাঁর চোখ দেখা যাচ্ছে না। তাই বোঝা যাচ্ছে না, আগ্রহ ও উৎসাহের পরিমাণ কতখানি।
ছেলেমেয়েরা নিজেদের ভেতর কথা বলছে। তাদের সামনে কর্কশিট, কাটার, রং, সুতা আরও অনেক কিছু ছড়ানো-ছিটানো। এবারের সায়েন্স ফিকশন ফেস্টিভ্যালের বিশেষ আকর্ষণ হচ্ছে এলিয়েন ওড়ানো।
তমা বলল, ‘এলিয়েনের কি ডানা থাকবে? মানে প্রিমিটিভ ডাইনোসর টাইপ। ডানা মেলে উড়ে যাবে।’
ইমরান বলল, ‘হ্যাঁ থাকবে। তাতে বাতাস পাম্প করে ভেসে যাওয়ার ব্যবস্থাও থাকবে।’
আনিশাকে ভীষণ উত্তেজিত দেখাচ্ছে। সে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। চোখ বড় বড় করে বলল, ‘সত্যি!’
রাতুল গম্ভীর ছেলে। কথা কম বলে। চোখে ভারী গ্লাসের চশমা। সে গম্ভীর গলায় বলল, ‘আমরা কর্কশিট দিয়ে এলিয়েনের মডেল বানাব। গ্যাস বেলুনের সঙ্গে বেঁধে সেগুলো আকাশে উড়িয়ে দেওয়া হবে।’
আনিশা হতাশ হয়ে বলল, ‘ও!’
বলেই ধপাস করে বসে পড়ল।
তমা বলল, ‘বাতাসে উড়তে উড়তে এলিয়েনগুলো তাদের গ্রহে চলে যাবে?’
ইমরান জিজ্ঞেস করল, ‘আমরা কোন গ্রহের প্রাণী বানাব?’
অঞ্জন বলল, ‘মঙ্গল গ্রহের। সেখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব।’
হাসি বলল, ‘ধ্যাত, সবাই মঙ্গলগ্রহ নিয়ে অস্থির।’
ইমরান বলল, ‘পৃথিবীর বোন-গ্রহ হচ্ছে শুক্র। পৃথিবীর সঙ্গে তার আচার-আচরণের বেশ মিল আছে।’
আনিশা আবার উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ল। মাথা নেড়ে বলল, ‘হ্যাঁ, হ্যাঁ। শুক্র গ্রহ। সকালবেলা আর সন্ধ্যাবেলা খালি চোখে দেখা যায়। সকালে শুকতারা আর সন্ধ্যাবেলায় নাম বদলে হয়ে যায় সন্ধ্যা তারা।’
কথাগুলো বলে আনিশা হাঁপাতে লাগল। রাতুল গম্ভীর গলায় বলল, ‘হাই কেভিন! তুমি বিভিন্ন গ্রহ নিয়ে গবেষণা করো। তুমি বলো আমরা কোন গ্রহের প্রাণীর মডেল বানাব?’
কেভিনকে ছেলেমেয়েদের কথাগুলো ইকবাল আহমেদ ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছিলেন। রাতুল প্রশ্ন করেছে ইংরেজিতে। কেভিন মনে হচ্ছে ওদের কথা শুনে মজা পাচ্ছেন। তিনি মিটমিট করে হাসছেন। হাসিমুখে বললেন, ‘বেশ তো, শুক্র গ্রহের প্রাণীর মডেল বানাও।’
রাতুল বলল, ‘তুমি কোনো ধারণা দিতে পারো তারা দেখতে কেমন?’
আচমকা কেভিনের মুখ থমথমে হয়ে গেল। তিনি থামলেন। একটু পরে বললেন, ‘পারি। শুক্র গ্রহের প্রাণীরা দেখতে মানুষের মতো। গ্রহের বেশির ভাগ পৃষ্ঠতল সমান নয়। তাই সেখানকার প্রাণীরা বিশেষ লম্বা হয় না। তাদের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া মানুষের থেকে খানিকটা অন্য রকম। গাছের সঙ্গে মিল আছে।’
কৃষ্ণেন্দু ছবি আঁকে। তার ছবি আঁকার হাত খুব ভালো। সে ঘরের এক পাশে চুপচাপ বসে ছিল। কেভিনের কথা শুনে ব্যাগ থেকে ড্রয়িং খাতা আর পেনসিল বের করল।
কেভিন বললেন, ‘ওদের নাক ছোট। খানিকটা চ্যাপ্টা। সেখানে ছোট্ট দুটো ফুটো আছে। তবে ফুসফুসের পাশাপাশি ওদের শ্বাস কার্যের মূল ব্যাপারটা ঘটে হাত আর পায়ের মাধ্যমে।’
আনিশা চোখ বড় বড় করে বলল, ‘হাত-পা দিয়ে শ্বাস নেয়!’
কেভিন বললেন, ‘সেখানে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা অত্যন্ত বেশি। তাই তাদের শ্বাস নিতে হয় গাছের মতো করে।’
আনিশা আবার চোখ বড় বড় করে বলল, ‘গাছের মতো করে!’
‘হ্যাঁ। ওদের হাত-পায়ের আঙুল আর মাথার চুল গাছের মতো। লতা-পাতায় মোড়ানো। মানুষের চুলের মতো সেগুলো ছেটে ছোট করে রাখা যায়।
কৃষ্ণেন্দু ড্রয়িং খাতায় ছবি আঁকছে। শুক্র গ্রহের প্রাণীর ছবি। তার হাত-পা আর মাথা ছোট ঝাঁকড়া গাছের মতো। নাক চ্যাপ্টা। গোলগাল মুখ।
রাতুল বলল, ‘এসো, আমরা এলিয়েন বানানো শুরু করি।’
সবাই হইহই করে কর্কশিট কাটতে বসে গেল। কেভিন আস্তে উঠে পড়লেন। তিনি ইকবাল আহমেদের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ‘আমি যাব। শরীরটা ভালো লাগছে না।’
কেভিনকে নিয়ে ইকবাল আহমেদ তাড়াতাড়ি গাড়ির দিকে এগিয়ে গেলেন।
কৃষ্ণেন্দু বলল, ‘আমি এলিয়েনের ছবি এঁকেছি। তোমরা সেই ছবি দেখে এলিয়েন বানাতে পারো।’
সবাই অবাক হয়ে দেখল কৃষ্ণেন্দু ড্রয়িং খাতায় কেভিনের ছবি এঁকেছে। কেভিনের হাত-পা আর মাথায় ঝোপালো গাছ।
সবাই কেভিনের দিকে তাকালো। কেভিন ততক্ষণে গাড়িতে উঠে বসেছেন। গাড়ির জানালা খোলা। তিনি ভেতর থেকে হাত নাড়ছেন। হাতে গ্লাভস নেই। মাথার টুপি নামিয়ে রেখেছেন। কেভিনের হাত আর মাথা ছোট্ট ঝাঁকড়া গাছের মতো।