কঙ্কালটা নাটক করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ছোটবেলায় আমি একটু বেশিই সাহসী ছিলাম। তখন আমি ক্লাস থ্রি কি ফোরে পড়ি। আব্বু-আম্মু মার্কেটে, বাসায় আমি একা। রাত প্রায় আটটা। হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলো। বারান্দায় গিয়ে বসে রইলাম। এমন সময় দেখি একটা কঙ্কাল আমার দিকে এগিয়ে আসছে। এসেই আমাকে বারান্দায় দেখে বলল, ‘এই রিনি, দরজা খোল।’
কঙ্কালটা আমার নাম জানে দেখে একটু অবাক হলাম। কিন্তু দাঁত-মুখ ভেংচিয়ে বললাম, ‘উহ্! কোত্থেকে কোন কঙ্কাল এসে বলবে “এঁই রিঁনি, দঁরজাঁ খোঁল” আর অমনি আমি দরজা খুলে দেব? বোকা পেয়েছ?’
‘আরি, আমি কঙ্কাল না। তোর দিপু ভাইয়া।’
‘হুহ্! “দিঁপু ভাঁইয়াঁ!”বললেই বিশ্বাস করব নাকি?’
এরপর কঙ্কালটা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করল। কিন্তু আমার এক কথা—যতই ঘুষ দেওয়া হোক না কেন, একটা কঙ্কালকে আমি ঘরে ঢুকতে দিতে পারি না। প্রায় আধঘণ্টা বৃষ্টির জলে ভিজে কঙ্কালটা আমাকে বোঝাতে ব্যর্থ হলো, সে দিপু ভাইয়া।
অবশেষে আব্বু-আম্মু মার্কেট থেকে এলে অনেক হুলুস্থুলের পর কঙ্কালের খোলস ছেড়ে বেরিয়ে এল দিপু ভাইয়া। আসল কথা হলো, ভাইয়া বাগানবাড়ি থিয়েটারের সদস্য। সেবার ওরা একটা ভূতের নাটক করছিল। আর সেখানেই ওকে কঙ্কালের চরিত্র করতে হয়েছিল। সেদিন ইচ্ছা করেই ও কঙ্কালের পোশাক পড়ে এসেছিল আমাকে ভয় দেখাবে বলে। শেষটায় ওরই হলো বেহাল দশা!
পুনশ্চ: দিপু ভাইয়ারা নাটকটার সিডি বের করেছিল। নাম হরিপুরের মধ্যরাত। আমি দেখে খুব মজা পেয়েছি। ভাইয়া রেগে গিয়ে বলছিল, ‘এ রকম একটা হরর নাটক দেখে কেউ মজা পায়? অন্যরা তো ভয়েই মরে যায়। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা...!’
নবম শ্রেণি, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা