কাকতাড়ুয়া-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

শাহাপাড়া গ্রামের এক কিশোর। নাম জামান। খুবই দুরন্ত ও সাহসী। খেলাধুলায় পারদর্শী। পাড়ার ছেলেদের সঙ্গে জমিয়ে খেলে নিজেদের তৈরি করা মাঠে। ধানখেতের পরে শুকনো জমিতে মাঠ তৈরি করেছে ওরা। কিন্তু এবার বন্যার পানিতে মাঠ থই থই করছে। অবস্থা দেখে সবার মন খারাপ। আর খেলা হবে না। ঠিক তখনই জামান দক্ষিণের মাঠের কথা তুলল। সবাই একমত। একটু দূরে হলেও আজ বিকেলে সেখানেই খেলা জমবে।
বিকেলের দিকে সবাই দক্ষিণের মাঠে হাজির। মাঠটার পাশেই একটা কবরস্থান ও বেগুনের খেত আছে। পুরো বিকেল জামান, তার চেয়ে বয়সে বড় চাচাতো ভাই রনি, ছোট দুই চাচাতো ভাই সাহিদ ও লাবুসহ পাড়ার ছেলেরা খেলল। বাড়ি ফিরল সন্ধ্যায়।
পাশেই কবরস্থান আছে বলে সন্ধ্যার পর কেউ এখানে আসে না। তার ওপর পাশে বড় দিঘি, নাম নেলীহারির দিঘি। সব মিলিয়ে একটা ভুতুড়ে পরিবেশ।
সেদিন সন্ধ্যার পর জামান পড়তে বসবে, এমন সময় বাইরে রনির চিৎকার শোনা যায়। জামান দৌড়ে বাইরে আসে।
‘কী হয়েছে?’
রনির তখন নাজেহাল অবস্থা। কথা বের হচ্ছে না মুখ দিয়ে। একটু শান্ত হওয়ার পর জামান এক দৌড়ে সাহিদ ও লাবুকে ডেকে আনে। রনি ভাই জানায়, সে বিশাল বড় ভূত দেখেছে। লাল-লাল চোখ লাইটের মতো জ্বলজ্বল করছে। হাত-পাগুলো নড়ছে আর ঢং ঢং আওয়াজ করছে।
‘কোথায় রনি ভাই?’
‘দক্ষিণের মাঠে।’
‘তুমি কেন গিয়েছিলে সেখানে?’

‘বিকেলে আমার জুতোগুলো সেখানেই ফেলে এসেছিলাম। নিয়ে আসতে গিয়ে দেখি...’

‘চলো। আবার যাই। এসব ভূত-টুত বলে কিছু নেই। সব কল্পনা।’ জামান বলে ওঠে।

সাহিদ ও লাবু মনে হলো একটু ঘাবড়ে গেছে। কিন্তু পরক্ষণে সাহসের সঙ্গে বলল, ‘চলো। যাই।’

তিনজন রওনা হলো। জামান একটা টর্চ নিল সঙ্গে। যদিও টর্চটা মাঝেমধ্যে গণ্ডগোল করে। জ্বলে, আবার জ্বলে না।

দক্ষিণের মাঠের রাস্তাটা একদম ফাঁকা। কেউ নেই। চারদিকে হালকা অন্ধকার। ওরা এগিয়ে যায়। কিছুদূর যেতেই তারাও সেই মূর্তিমান দানবকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। আর ঢং ঢং শব্দটাও ভেসে আসছে। জামান ভয়ে বলে ওঠে, ‘টটট...টর্চটা কোথায়?’

বাকিদের অবস্থাও একই। ভয়ে থরথর করে কাঁপছে সবাই। ভয়টা আরও বাড়ল তখন, যখন টর্চটা জ্বলল না কিছুতেই।

‘ভূতের কাছে গেলে টর্চলাইট কাজ করে না, জানিস না? আজ আর রক্ষে নেই...।’ সাহিদ বলে ওঠে।

সবাই এবার ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার দিয়ে এক দৌড়ে বাড়ির কাছে চলে আসে। তবুও যেন সেই মৃত্যুঘণ্টার শব্দ কানে ঢং ঢং করে বেজেই যাচ্ছে। সবাই ঘেমে একাকার।

সে রাতে কেউ সেখানে গেল না। সকালে জামানসহ সবাই গিয়ে দেখে, বেগুনের খেতে কিছুই নেই। রনি ভাইয়ের জুতোগুলো একপাশে পড়ে আছে। কালকের ঘটনাটার জন্য সে রাতে ঘুমোতে পারেনি। স্বপ্নেও সে একই আওয়াজ শুনছিল। কিন্তু এখন রাতের সেই দৃশ্যের নামগন্ধও নেই। ওদিকে রনি ভাই, সাহিদ, লাবু—কেউ ঘুমাতে পারেনি একই কারণে।

সেদিন বিকেলে খেলার পর সন্ধ্যায় তারা আবার ভূতের রহস্যভেদ করতে মাঠে যায়। আবার একই ঘটনা। সেই লাল চোখ, ঢং ঢং শব্দ। আবার দৌড়ে বাড়ি ফিরে চিৎকার, চেঁচামেচি...

এবার বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসে। শুনতে চায়, কী হয়েছে? রনি, জামান, সাহিদ, লাবু সবাই মিলে ঘটনা খুলে বলে। তখন সেদিক দিয়ে যাচ্ছিল সাইদুর মিয়া। বেগুনের খেতটা তার। তাকে জামান ডেকে বলে, ‘আপনার জমিতে একটা মস্ত বড় দানব ভূত দাঁড়িয়ে আছে।’

সব ঘটনা শোনার পর সাইদুর মিয়া হো হো করে হাসেন। তারপর এই দানবের রহস্য খোলাসা করেন, ‘আরে, ওটাতো একটা কাকতাড়ুয়া। আমি প্রতিদিন সন্ধ্যার পর ওটা লাগিয়ে দিই। সকাল হলে বাড়ি নিয়ে আসি।’

‘তাহলে ঢং ঢং শব্দ...? লাল চোখ?’

‘চোখটা হলো লাইটের। সেখানে ঘণ্টা ঝোলানো। বাতাসে নড়ে আর ঢং ঢং করে বাজে।’

সব কথা শোনার পর জামান বলে, ‘তাই তো বলছিলাম। ভূত-টুত কিছু নাই।’

রনি বলে, ‘তবে রে বাছাধন, বাপরে বাপ বলে ভোঁ দৌড়টা দিয়েছিলি কেন!’ 

দশম শ্রেণি, বেতুড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়