কাঠিবাবুর সাহস

কাঠিবাবুকে তো তোমরা সবাই চেনোই। সেই যে চিকনচাকন লোকটা, অথচ গায়ে ভীষণ শক্তি। বলছি তার কথা। একদিন কাঠিবাবু পড়েছিল একদল ভীতু ভূতের পাল্লায়। সেই ভূতগুলো কাঠিবাবুর মার খেয়ে বাবা রে-মা রে বলে পালিয়েছিল। সেই ঘটনাই এবার বলি।
রাত তখন গভীর। এমন সময় কাঠিবাবু বন্ধুবান্ধবদের সঙ্গে সিনেমা দেখে ফিরছে। কাঠিবাবুর বাসাটা অন্যদের থেকে একটু দূরে। যে যার বাড়ি চলে যাওয়ায় কাঠিবাবু এখন একা একা হেঁটে বাড়ি ফিরছে। সামনেই শ্মশান। অনেকে বলে শ্মশানের কাছে নাকি ভূত দেখেছে। কিন্তু কাঠিবাবু আজ পর্যন্ত দেখেনি। তা ছাড়া ভূত বলে কিছু আছে নাকি? হঠাৎ কয়েকটা কালো ছায়া কাঠিবাবুকে ঘিরে ধরল। কাঠিবাবু তো সহজে ভয় পাওয়ার পাত্র নয়। সে ভালো করে তাদের দিকে তাকিয়ে বললো, ‘কে গো তোমরা? আমার রাস্তা বন্ধ করে দাঁড়ালে কেন?’
কালো ছায়াগুলো বলল, ‘আমরা ভূত। তোর ঘাড় মটকিয়ে রক্ত খাব।’
‘তাই বুঝি। আচ্ছা দেখা যাক কে কাকে খায়।’ কাঠিবাবু বলল। এরপর পাশে পড়ে থাকা একটি লাঠি তুলে নিয়ে সবগুলোকে আচ্ছামতো পেটাতে লাগল। সবগুলো ‘ও বাবা, ও মা’ বলে দে ছুট। তখন কাঠিবাবু রাগে ফোঁস ফোঁস করে বললো, ‘আমাকে ভয় দেখায়! ভীতু ভূতের দল।’ বাসায় গিয়ে আরাম করে একটা ঘুম দিল কাঠি বাবু।
সকালে ঘুম থেকে উঠে সে শুনল, তার বন্ধু বিমল, সাহেদ, আজহার, মালেক—কে যেন রাতে ওদের খুব মেরেছে। সবাই হাসপাতালে ভর্তি। কারও হাত ভেঙেছে, কারও পা, কারও মাথা ফেটে হাসপাতালে পড়ে আছে। কাঠিবাবু দৌড়ে যায় হাসপাতালে।
‘কিরে, কে তোদের এই অবস্থা করল?’
কেঁদে কেঁদে বন্ধুরা বলে, ‘মাফ করে দে বন্ধু। আর কখনো ভূত সেজে তোকে ভয় দেখাতে যাব না!’
সপ্তম শ্রেণি, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, ময়মনসিংহ