প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতে চলতে হয়তো তোমার
একটুখানি রাগ হলো
সেই রাগেতে বাতাস লেগে
হয়তো হঠাৎ বাঘ হলো
সাদা খাতার সরল টানে
একটা নদীর তীর হলো
দুইটা দাগে কেমন করে
নাদুসনুদুস বীর হলো।
একটা বাড়ি দুইটা বাড়ি
একটা পরির দেশ হলো
পরির দেশে যাব বলে
একটা আরজি পেশ হলো।
একটা নদী আঁকতে গিয়ে
আবার একটু সাধ হলো
চন্দ্রবিন্দু আঁকতে গিয়ে
হঠাৎ একটা চাঁদ হলো।
গাছের ছায়ায় বসতে গিয়ে
ফসকে গিয়ে ঘর হলো
বেফাঁস কথা প্রকাশ পেয়ে
আপন হঠাৎ পর হলো।
ভাবতে ভাবতে ভাবনা আমার
আকাশপারের চিল হলো
স্বভাবদোষে কষ্ট আমার
কান্নাভরা বিল হলো।