কালো বিড়াল

আমার নতুন রুমটা থেকে বেশ ভালোভাবেই দেখা যায় পেয়ারাগাছটা। কাপ্তাইয়ের এই জায়গায় আসার পর থেকেই লোকমুখে ওই গাছ আর একটা বিড়াল সম্পর্কে নানা কথা শুনেছি। ওই গাছটার চারপাশে নাকি একটা কালো বিড়ালের অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়।
সেদিন রাস্তা দিয়ে হাঁটার সময় আমার নতুন বন্ধু অমিত আর বাবলুকে বিড়ালটার কথা জিজ্ঞাসা করেই ফেললাম। দুজন থমকে দাঁড়াল। রীতিমতো ঘামতে শুরু করল। অমিত কাঁপা কাঁপা গলায় বলল, ‘ওই পেয়ারাগাছ আর বিড়াল থেকে ১০০ হাত দূরে থাকবি।’ তারপর হনহন করে হেঁটে চলে গেল।
রাতে এই নিয়ে ভাবছিলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল গভীর রাতে। কটা বাজে কে জানে। কাত হওয়ার সময় হঠাৎ কি যেন একটা জিনিস...না না! দুটো জিনিস দেখতে পেলাম। চোখ কচলে তাকালাম। হ্যাঁ...জ্বলন্ত দুটো চোখ! কিসের? বিড়ালের! এই বদ্ধ ঘরে বিড়াল এল কোথা থেকে! শরীরে আকস্মিক বিদ্যুৎ খেল গেল। না, এটা হতেই পারে না! বিছানার পাশে থাকা বাতির সুইচটা তাড়াতাড়ি চেপে দিলাম। আলো জ্বলতেই চোখ দুটো উধাও! দুরু দুরু বুকে কাছে গেলাম। দেখি একটা পেয়ারাগছের পাতা...আর দেয়ালের পাশেই বিড়ালের আঁচড়ের দাগ! ভয় ছুটে গিয়ে আব্বু-আম্মুকে ডাকলাম। তারা আমাকে পাত্তাই দিল না। জোর করে ঘুমাতে পাঠাল। কিন্তু সে রাতে আর ঘুম এল না। স্বপ্ন দেখেছি ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম।
পরদিন রাতে মা-বাবা গেলেন একটা অনুষ্ঠানে। আমি বাসায় একা। কেমন যেন ভয় ভয় করছিল। লেখাপড়ায় মন দিতে চেষ্টা করলাম, কিন্তু অজানা ভয়টা দূর হচ্ছিল না। হঠাৎ শোয়ার ঘরে ফোন বেজে উঠল। আমি ছুটে গিয়ে ফোনটা ওঠালাম। ওপাশ থেকে কানে এল একটা বিড়ালের হিংস্র আর্তনাদ! না না, ফোনের ওপাশ থেকে না...ঠিক আমার পেছনে...বিছানার ওপর থেকে...!
ষষ্ঠ শ্রেণি, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়