কে ও?
আমার নাম অরণি। পড়ি ক্লাস থ্রিতে। আমার নানুবাড়ি খুলনায় আর দাদাবাড়ি জগন্নাথপুরে। আমার অভিজ্ঞাতাটি আমার দাদাবাড়ি নিয়ে। একবার আমরা বেশ কিছুদিন দাদাবাড়িতে ছিলাম। সেখানে রিয়ন, রিতি, রাজিনের মতো আরও অনেক ভাইবোন আছে। গ্রামে আমরা সবাই বিকালে খেলা করতাম। আর রাতে বটতলায় ভূতের গল্পের আসর বসত। সেদিন রাজিন বলল, ‘তোরা কি জানিস, ওই জঙ্গল থেকে মাঝেমধ্যে একটা ভয়ংকর লোক উঠে আসে?’
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘কোন লোক?’
রাজিন বলল, ‘ওর নাম কায়েস। কিছুদিন আগে আগুনে পুড়ে মারা গিয়েছিল!’
এরপর আমরা সবাই বাসায় চলে এলাম। খাওয়াদাওয়া করে যখন ঘুমাতে যাব, মনে হলো একটু পত্রিকা পড়ে ঘুমাই। কিন্তু কখন যে ঘুমিয়ে গেছি, টের পাইনি। মধ্যরাতে যখন ঘুম ভাঙল, কেমন যেন অস্বস্তি হচ্ছিল। হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখি, আগুনে পোড়া ঝলসানো চেহারার একটা লোক স্থির চোখে তাকিয়ে আছে। এরপর আমার আর কিছু মনে নেই৷
সকালে ঘটনা শুনে সবাই বললো, ‘ও কিছু না, দুঃস্বপ্ন দেখেছ৷’ কিন্তু আমি জানি, ওটা দুঃস্বপ্ন ছিল না!
তৃতীয় শ্রেণি, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বিদ্যালয়