কে ও?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

চট করে চটে যায় চঞ্চল। রাত পোহালে ফাইনাল ম্যাচ, মাহিন এখন বলছে ছেলেটাকে দলে নিতে হবে।
‘কে ও?’
‘ওটা জরুরি নয়।’ মাহিন মনে করিয়ে দেয়—বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়।
‘পরিচয়টাই তো জানতে চাইছি’, চঞ্চল অধৈর্য হয়ে বলে।
মাহিন কিন্তু ধৈর্য হারায় না। দুই চোখে রহস্যের ঝিলিক তুলে ভ্রু নাচিয়ে বলে, ‘খেলার সুযোগ না পেলে ও পরিচয়টা দেবে কীভাবে? শুধু এটুকু জেনে রাখ, কাল ওর বোলিংই হবে আমাদের সেরা অস্ত্র।’
‘যাক, এতক্ষণে অন্তত জানা গেল, ও বোলার। ফাস্ট না স্পিন?’
‘ফাস্ট।’
শরীরে শক্তিটক্তি আছে বলে তো মনে হয় না। টিপু আড়চোখে ছেলেটির দিকে তাকায়। ছিপছিপে গড়ন, রংটাও গড়পড়তা, শজনে ডাঁটার মতো সরু দুটো হাত কাঁধের সঙ্গে ঝুলছে। তবে হ্যাঁ, মুখটা সারল্যমাখা। কিন্তু এই ছেলে মাহিনের গলায় ঝুলল কীভাবে? মাহিনই বা ওকে পেল কোথায়? বন্ধুরা সবাই মিলে মাঠে বসে কালকের গেমপ্ল্যান তৈরি করছিল, এমন সময় মাহিন ছেলেটিকে নিয়ে এল। তারপর এই মামাবাড়ির আবদার!
আবিদ মাহিনের চোখে চোখ রেখে স্পষ্ট বলে দেয়, ‘দ্যাখ, আমরা এতটা ঝুঁকি নিতে পারি না।’
যুক্তি দেয় মাহিন, ‘ওর বোলিং প্রতিপক্ষের কাছে অজানা। এটা আমাদের প্লাস পয়েন্ট।’
‘ওর বোলিং তো আমাদের কাছেও অজানা।’ চঞ্চল এ কথা বলার সঙ্গে সঙ্গে দলে চাপা হাসি ছড়িয়ে পড়ে। মাহিন কিছু একটা বলতে যাচ্ছিল, শিহাব ওকে থামিয়ে দেয়। তারপর সবাইকে উদ্দেশ করে বলে, ‘ক্যাপ্টেন যখন বলছে, তখন আমাদের উচিত তার ওপর ভরসা রাখা।’
মাহিন ঠিক এটাই চাইছিল। সহ-অধিনায়কের মতো ঠিক সময় সাপোর্টটা দিয়েছে শিহাব। সত্যি বলতে কি, মাহিনের সঙ্গে ছেলেটির পরিচয় আজ সকালে। ওরা ফাইনাল খেলবে, তাই দোয়া চেয়ে মামার ইনবক্সে লিখেছিল মাহিন। তখন মামা তাকে এই ছেলের কথা বলেছিল। মামার স্কুলে ক্লাস এইটে পড়ে সে। এত্তটুকু ছেলে! ওর জন্যই নাকি মামাদের স্কুল এবার আন্তজেলা ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে!
কথাগুলো শোনার পর সবাই ছেলেটির দিকে নতুন চোখে তাকায়। ছেলেটি লাজুক বটে। মাহিন ছেলেটিকে ঠেলে সামনে এনে দাঁড় করায়। তারপর বলে, ‘দুপুরে আমি ওর বোলিং দেখেছি। ওর বল স্পিনারদের চেয়েও বেশি টার্ন করে। সঙ্গে গতিও আছে। এবার ভেবে দ্যাখ। আমি নিশ্চিত ওর বল ওরা খেলতে পারবে না...’
মাহিনের কথা শেষ হওয়ার আগেই টিপু বলে ওঠে, ‘সুতরাং ও কাল খেলছে। দ্যাটস ফাইনাল। ওকে?’
‘ওক্কে।’ সমস্বরে বলে ওঠে সবাই।
পরদিন শুরু হয় খেলা। প্রতিপক্ষ তো বটেই মাহিনদের পাড়ার ছেলেরাও নতুন ছেলেটিকে আড়চোখে দেখে। এই রহস্যটুকু মাহিনের ভালোই লাগে। কিন্তু তা বেশিক্ষণের জন্য নয়। টসে জিতে ব্যাট নেয় তারা। ২০০ পেরোতেই আট উইকেট নেই। এমন সময় মাঠে নামে আশ্চর্য ছেলেটি। প্রতিরোধ গড়ার চেষ্টা করে সে। কিন্তু বোল্ড হয়ে যায় দুই বল খেলেই। ২১০ রানে গুটিয়ে যায় মাহিনদের কিশলয় স্পোর্টিং ক্লাব।
দুশ্চিন্তার ভাঁজ কপালে নিয়ে ফিল্ডিং করতে মাঠে নামে মাহিন। প্রথম ওভারেই বল তুলে দেয় ছেলেটির হাতে। চঞ্চল সরু চোখে তাকায়। ছেলেটিকে কিন্তু বল হাতে বেশ আত্মবিশ্বাসী মনে হয়। প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে সবাইকে অবাক করে দেয় সে। চঞ্চল গোল গোল চোখে দেখে ছেলেটির স্লোয়ার অন্যদের চেয়ে একটু জোরে যায়। শাঁই করে উড়ে গিয়ে জমা হয় সোজা উইকেটকিপারের হাতে। এ বল খেলা সহজ কাজ নয়!
মাহিনের কথাই সত্য হয়। ছেলেটি ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠে। বাতাসে শিস বাজিয়ে তার বল সোজা এসে পড়ে প্যাডে। উল্লাসে চেঁচিয়ে ওঠে চঞ্চল। আম্পায়ার আঙুল তোলে আকাশ বরাবর—এলবিডব্লিউ।
এমন ঘটনা মাঠে আরও ঘটে। ছেলেটির শর্ট বল বাউন্স করে প্রতিপক্ষের মিডল অর্ডারের বাঁ হাতির ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা হয়। ছুটে এসে জড়িয়ে ধরে সবাই। প্রতিপক্ষ বুঝে যায়, সাবধান না হলে উপায় নেই। কিন্তু বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই প্রতিপক্ষের অধিনায়ক মারাত্মক এক বলের মুখোমুখি হয়। বল বুঝে উঠতে না পেরে অনেক আগে শটের জন্য ব্যাট বাড়িয়ে দেয় সে। বলটা থমকে ব্যাটে লেগে শর্ট কাভারে ক্যাচ হয়ে যায়। আর ওতেই ম্যাচ প্রায় শেষ। ১৫০ রান তুলতেই গুটিয়ে যায় প্রতিপক্ষ।
চঞ্চল, টিপু, শিহাব দৌড়ে এসে কাঁধে তুলে নেয় ছেলেটিকে। কাঁধে চড়েই মাঠ ছাড়ে সে। মাহিন দৌড়ে এসে চঞ্চলের পিঠ চাপড়ে দিয়ে বলে, ‘বলেছিলাম না, নামে নয়, ফলে পরিচয়। এবার আমার কথা ফলল তো?’
চঞ্চল অপ্রস্তুত হয়ে বলে, ‘তা তো বুঝলাম গুরু, কিন্তু বোলিংটাই তো বুঝলাম না।’
‘তোকে তো ওর বিপক্ষে ব্যাট করতে হবে না। বুঝে লাভ কী?’ টিপু কথাটি লুফে নিয়ে টিপ্পনী কাটে।
শিহাব সায় দেয়, ‘রাইট।’ পরক্ষণেই সে ছেলেটির দিকে ফিরে অবাক কণ্ঠে বলে, ‘আচ্ছা, এমন বোলিং তুমি শিখলে কীভাবে? এর নাম কী?’
এই প্রথম ছেলেটির চোখে মুখে গৌরব ফুটে ওঠে। সে মুচকি হেসে ছোট্ট করে বলে, ‘কাটার।’