কোথায় সেই পাখিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

সেদিন দুপুরবেলা আমাদের জ্যামিতির ক্লাসটা বড্ড একঘেয়ে আর অসহ্য ঠেকছিল।
অঙ্কের মাস্টার ব্ল্যাকবোর্ডে একটা ত্রিভুজ এঁকে কোণ বোঝাচ্ছিলেন। কিন্তু আমাদের মন সেদিকে মোটেও ছিল না। আমরা ভাবছিলাম, কখন ঘণ্টা পড়বে, কখন এই ক্লাসটা শেষ হবে আর বাইরে খেলার মাঠে কখন খেলতে যেতে পারব! আর ঠিক তখুনি রং-বেরঙের এক ঝাঁক পাখি আমাদের ক্লাসের প্রধান দরজার মুখে ফুরফুর করে উড়ে এসে দাঁড়াল এবং মাস্টার মশাইয়ের অনুমতি প্রার্থনা করে বসল, ‘ভেতরে আসতে পারি, স্যার?’
মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডের ওপর থেকে চোখ তুলে চাইলেন, একটু থতমত খেলেন, চশমাটা মুছতে লাগলেন এবং অবশেষে মুখ খুললেন, ‘আসতে পারো।’
রং-বেরঙের পাখিগুলোকে এভাবে দেখতে পেয়ে আমাদের ক্লাসঘরজুড়ে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। একটা অদম্য উৎসাহে বেঞ্চ ছেড়ে আমরা সবাই উঠে দাঁড়ালাম। আর কিচিরমিচির করতে করতে পাখিগুলো ক্লাসের ভেতরে ঢুকে পড়ল এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ডেস্ক দখল করে বসল, ‘আমরা আজ তোমাদের সঙ্গে ক্লাস করতে চাই, তোমাদের কোনো আপত্তি থাকলে তোমরা বলতে পারো।’
আমরা কোনো জবাব দেওয়ার আগেই অঙ্কের মাস্টার পাখিগুলোর এই আচরণে হো হো করে হেসে উঠলেন। বোঝা গেল, কড়া মেজাজের অঙ্কের মাস্টার পাখিগুলোর ওপর মোটেও রুষ্ট হননি, বরং খুশিই হয়েছেন। ‘তোমরা শুধু ক্লাসই করতে পারো না, ইচ্ছে করলে গাইতে পারো, নাচতে পারো, যা ইচ্ছে তা-ই করতে পারো, আমি অনুমতি দিচ্ছি।’ হাসতে হাসতে মাস্টার মশাই তাঁর কথাগুলো শেষ করলেন।
‘বেশ তাই হোক’ আনন্দে পাখা ঝাপটে উঠল পাখিগুলো এবং আমরাও খুশি হয়ে উঠলাম অঙ্কের কড়া মেজাজের মাস্টার মশাইয়ের এই হঠাৎ পরিবর্তনে।
এরপর শুরু হলো পাখিগুলোর সঙ্গে আমাদের পরিচয়-পর্ব। পরিচয়-পর্ব শেষ হতেই ওরা ডেস্কের ওপর থেকে নেমে মাস্টার মশাই যেখানে দাঁড়িয়েছিলেন, সেখানে গিয়ে দাঁড়াল। জায়গাটা মোটামুটি উঁচু। ওটাকেই ওরা মঞ্চ হিসেবে ব্যবহার করবে বলে জানাল। আমরা চুপচাপ বসে দেখতে লাগলাম, এরপর ওরা কী করে!
অঙ্কের মাস্টার মশাই তখন তাঁর চেয়ারখানা টেনে নিয়ে এক পাশে সরে গিয়ে বসলেন। তাঁর মুখে মৃদু মিষ্টি হাসি। তাঁর এই হাসি-মাখা মুখ দেখে তাঁকে এই মুহূর্তে একজন দুষ্টু ছেলের মতোই মনে হচ্ছিল। আমাদের ক্লাসঘরে তখন একটা চাপা ঠা-ঠা নীরবতা, টুঁ-শব্দটি পর্যন্ত নেই।
‘একটু পরেই আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠান শুরু করার আগে আমি এই ক্লাসের মাননীয় শিক্ষক এবং ছাত্রছাত্রী ভাইবোনদের দু-চারটে কথা বলতে চাই।’ একটা দোয়েল পাখি, বোঝা গেল সে-ই এই পাখির দলের নেতা, টেনে টেনে বলতে লাগল, ‘আমাদের জীবন বড্ড একঘেয়ে হয়ে গেছে। তাই আজ হঠাৎ করেই সেই একঘেয়ে জীবনে কিছুটা বৈচিত্র্য আনার জন্য আমরা এই ক্লাসঘরে এসে সমবেত হয়েছি। আমরা চাই, মাঝে মাঝেই আমাদের মধ্যে এ রকম পুনর্মিলনী সভা হোক, যাতে করে আমরা পরস্পরকে জানতে পারব। যার ফলে আমাদের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে। সবশেষে, ক্লাসের ছোট-বড় সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি।’
আমাদের ক্লাসের সবাই নেতা গোছের দোয়েল পাখিটার চটপটে ভাষণে ভীষণ খুশি হয়ে উঠল এবং হাততালিতে ফেটে পড়ল।
‘এবার অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সমবেত সংগীত গেয়ে শোনাচ্ছে আমাদের দলের অন্যতম সদস্য ময়না, কোয়েল এবং শ্যামা’, সেই নেতা গোছের দোয়েল পাখিটা ঘোষণা করে যেতে লাগল, ‘উদ্বোধনী সংগীতের প্রথম দুটো চরণ হচ্ছে:
আজি এই মিলনের ক্ষণে
কত সুর বাজে এই মনে...।’
উদ্বোধনী সংগীতের পর আরও কয়েকটি গান পর পর একক কণ্ঠে গেয়ে শোনাল ফিঙে, দোয়েল আর শ্যামা। ওদের গানের সুর মূর্ছনায় আমাদের প্রত্যেকের তন্ময় হওয়ার দশা। এর আগে আর কারও, আর কোনো গায়কের গান শুনে আমাদের এমনটা বোধ হয়নি।
একের পর এক গান শেষ হচ্ছিল আর উচ্ছ্বসিত হাততালিতে ভেঙে পড়ছিল ক্লাসের সবাই, এমনকি আমাদের অঙ্কের মাস্টার মশাই নিজেও।
‘এবার শুরু হচ্ছে নৃত্যানুষ্ঠান! এতে অংশগ্রহণ করছে ময়না, বুলবুলি, টিয়ে, ইষ্টিকুটুম এবং টুনটুনি।’ আগের মতোই সুরেলা অথচ ভাবগম্ভীর স্বরে ঘোষণা করে যেতে লাগল দোয়েল পাখিটা, ‘আশা করি ক্লাসে উপস্থিত প্রত্যেকের ভালো লাগবে আমাদের এই “রুমঝুম” ব্যালেটি। এই ব্যালে দেশ-বিদেশের অনেক জায়গায় উচ্চ প্রশংসিত!’
ঘোষণা শেষ হতেই শুরু হয়ে গেল রুমঝুম ব্যালে। অপূর্ব এ ব্যালের তাল-মান-লয়। সময় যতই পেরিয়ে যাচ্ছিল, ততই তার মাতাল করা ছন্দ-ঝংকারে আমরা যেন এক রূপকথার পৃথিবীতে প্রবেশ করছিলাম। আনন্দে আনন্দে আমাদের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। আর ঠিক তখুনি একটা দুর্ঘটনা ঘটে গেল, যার জন্য আমরা কেউই মোটেও প্রস্ত্তত ছিলাম না।
রুমঝুম ব্যালেটি যখন গভীরভাবে জমে উঠছে, ঠিক তখুনি আমাদের হেডমাস্টার মশাই একটা বেতের ছড়ি হাতে রাগে গরগর করতে করতে আমাদের ক্লাসঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন এবং প্রায় দাঁত খিঁচিয়ে বলে উঠলেন, ‘এসব কী হচ্ছে এখানে? এই পাখিগুলো ঢুকল কী করে ক্লাসে? আর অমন করে নেচে-কুঁদেই বা কী করছে ওরা?’ অনর্গল বকতে বকতে হেডমাস্টার অঙ্ক স্যারের দিকে চেয়ে প্রায় চিৎকার করে উঠলেন, ‘আপনি একজন শিক্ষক হয়ে কী করে ওদেরকে প্রশ্রয় দিলেন? যত্তসব বাজে ব্যাপার!’
অঙ্কের মাস্টার হেডস্যারের কথার কী জবাব দেবেন হঠাৎ করে ভেবে পেলেন না। আমতা আমতা করতে লাগলেন। আমরা নিজেরাও তখন কী করব ভেবে পেলাম না। কেবল চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পাখিগুলোও নাচ থামিয়ে দিয়ে থ মেরে গেল। ওদের প্রত্যেকের মুখের হাসি তখন মিলিয়ে গেছে।
হেডস্যার তখনো বকে চলেছেন। থামার নামটি নেই। তঁার রাগমাখা কথাগুলো তখন আমাদের ক্লাসঘরজুড়ে গমগম করে বাজতে শুরু করেছে। আর সেই ভয়ানক শব্দে পাখিগুলোর উজ্জ্বল মুখের ওপর ছাই রঙের মতো ছায়া নেমে এল। এবং হঠাৎ করে ওরা একসঙ্গে আমাদের কাউকে কোনো কিছু না বলেই জানালার শিক গলিয়ে উড়ে পালিয়ে চলে গেল।
হেডমাস্টার তখনো বকবক করে আমাদের অঙ্কের স্যারকে বকে চলেছেন।
এরপর অনেক দিন কেটে গেছে। এর মাঝে কখনো ভুলেও সেই পাখিগুলো আর আমাদের স্কুলের চত্বরে, তার ধারে-কাছেও পা রাখেনি। কোথায় তারা পালিয়েছে, কোথায় তারা থাকে, কোনখানে গেলে তাদের দেখা মিলবে, তার কোনো হদিস পাওয়া যায়নি। কেউ বলতেও পারে না সে কথা।
এখনো সেই পাখিগুলোর কথা আমাদের ভীষণভাবে মনে পড়ে, যখন অঙ্কের ক্লাসের মিনিট আর সেকেন্ডগুলো আমাদের কাছে বড় একঘেয়ে আর অসহ্য হয়ে ওঠে।
সেই পাখিগুলো কি আর একবারের জন্যও আমাদের কাছে আসবে না?