কয়লা গ্রহের ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

টিফিন পিরিয়ডে আমরা খেয়েদেয়ে দোতলার জানালা দিয়ে আকাশ দেখছিলাম। অবরোধের দিন বলে উপস্থিতির সংখ্যা কম। তখনই বাইরে দেখলাম অদ্ভুত একটা কিছু৷ পেছনে সবুজ লাইট জ্বলছে, বাতাসে ভাসতে ভাসতে নিচের দিকে নেমে আসছে। আমরা কয়েকজনই একই জিনিস দেখছি! ঘটনার সত্যতা খুঁজতে নিচে দৌড় দিলাম। গেট খোলাই আছে। নেমে দেখি জিনিসটা ঝোপের দিকে এগোচ্ছে। ওই জঙ্গলটায় সাপখোপ আছে নিশ্চয়! সাহস করে চোখ রাখতে রাখতে এগিয়ে গেলাম। জিনিসটা ল্যান্ড করল, আমরাও বসে পড়লাম। দেখি একটা মিনি স্পেশশিপ! তাহলে ভেতরে এলিয়েন আছে নাকি? তখনই ওটার ঢাকনিটা খুলে গেল আর পুঁচকে মতো একটা জীব বেরিয়ে এল। তাকে দেখে আমরা রীতিমতো হতাশ। কার্টুন অ্যানিমেশনে যে রকম ভয়াবহ এলিয়েন দেখায় তার ছিটেফোঁটাও নেই এটাতে। বরং কিউট টাইপের বলা যায়। ট্যারা চোখ, দুইটা করে অ্যানটেনা, হাত, পা আছে। গায়ের রং নীল। চোখটা পিটপিট করে সে বলল, ‘হ্যালো, তোমাদের নাম কী?’ আমি বিরক্ত হয়ে বাকিদের বললাম, ‘চলো, চলে যাই।’ এলিয়েনটা অবাক হয়ে বলল, ‘সে কী, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাইলাম, তোমরা আমাকে ভয় পাচ্ছ?’ রিফাহ মুখ খুলল, ‘আমরা আপনাকে মোটেও ভয় পাচ্ছি না।’ ‘তাহলে?’ এলিয়েনটা বলল। আমি বললাম, ‘আপনার মতো একটা হাবাগোবা এলিয়েনের সঙ্গে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই।’ এলিয়েনটা যেন তার নিজের অ্যানটেনাকে বিশ্বাস করতে পারছে না। বিস্ফোরিত চোখে সে বলল, ‘তোমরা আমাকে হাবাগোবা বলছ?’ আমরা একসঙ্গে বললাম, ‘হুঁ!’ এলিয়েনটার মনে হয় খুব মন খারাপ হলো। সে বলতে থাকে, ‘আমি অনেক আশা করে এসেছিলাম এখানে বেড়াতে, ভাবলাম এই প্রাণীরা বোধ হয় আমার ব্যাপারে খুব কৌতূহলী। এ দেশের মানুষের আতিথেয়তারও সুনাম আছে। সে জন্য আমি কয়েক টন কয়লা খরচ করে এই বাহনে চড়ে এলাম...।’
আমরা চিৎকার করে বললাম, ‘কী! কয়লা!’ সে থতমত খেয়ে বলল, ‘আমাদের গ্রহটাই কয়লা দিয়ে তৈরি।’ ‘আপনাদের কয়লা গ্রহের প্রাণীদের মাথায়ও কয়লাই আছে।’ আমি বললাম, ‘স্পেশশিপে কয়েকটা সোলার প্যানেল বসিয়ে নিলেই তো হয়। কয়লা ব্যবহার করতে করতে আপনাদের গ্রহটাকে খেয়ে ফেলবেন নাকি?’ এলিয়েন অবাক হয়ে বলে, ‘সোলার প্যানেলটা কী জিনিস?’ উর্ধী বলল, ‘সেটাও আমাদের বলে দিতে হবে?’ লামিয়া তখন বলল, ‘এখন আপনি তাড়াতাড়ি আপনার গ্রহে ফিরে যান, নয়তো বিজ্ঞানীদের হাতে পড়লে তারা আপনাকে ল্যাবে আটকে রেখে ভালোমতো আতিথেয়তা দেবে।’ আমাদের অরণী তখন বলল, ‘এলিয়েন সাহেব, আমি হলাম অরণী, ও হলো হৃদি, ও হলো...। নামগুলো জানলেন, এবার আমরা বিদায় হই?’ তখন টিফিন শেষ হওয়ার প্রথম ওয়ার্নিং বেলটা পড়ল। স্নেহা বলল, ‘তাড়াতাড়ি চলো।’ এলিয়েনের শিপটা উড়তে উড়তে একসময় দূরে মিলিয়ে গেল। আমরাও পেছনে ঘুরে দিলাম দৌড়।
সময়টুকু নষ্ট হলো। তবে আমরা এখন একটা জিনিস জানি, ভিনগ্রহের প্রাণীদের সবাই খুব উন্নত মনে করলেও তারা আসলে চরম বোকা!
অষ্টম শ্রেণি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল