প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নতুন জামা দাও কিনে মা’, ছোট্ট খুকু বলে
তাই মা তাকে সঙ্গে নিয়ে ঘুরছে শপিং মলে
ডলের গায়ে যত্ত জামা, খুকুর কথা ভেবে
বলল, ‘খুকু খুব মানাবে আমায় তুমি নেবে?’
খুকু ভাবে, এত্ত জামা, সবাই যেন চেনা
লাল হলুদের রং মেশানো একটি হলো কেনা।
তাইনা দেখে নেচে ওঠে ছোট্ট জুতোর সারি
বলল সবাই, ‘আমাকে নাও, মানাবে খুব ভারি!’
ওরা যেন বন্ধু খুকুর, ঠিক ফেলেছে চিনে
মা হেসে তাই মিষ্টি জুতোর এক জোড়া দেয় কিনে।
তাই দেখে তো উথলে ওঠে রঙিন যত ফিতে
বলল ডেকে, ‘নেবে খুকু, আমরা তোমার মিতে।’
রঙিন ফিতের বায়নাগুলো মা ফেলেছে বুঝে
খুকুর জন্য চারটি ফিতে কিনল খুঁজে খুঁজে।
জামা জুতো রঙিন ফিতে শপিং ব্যাগে ঢুকে
খুকুর সাথে চলল বাড়ি ঈদের মহা সুখে!