খেটোভূতের সেলফি

কলাপুর গ্রামে এক ভূতের বাস। তার জ্বালায় সবাই অতিষ্ঠ। যার-তার খাটের নিচে থাকে বলে তার নাম খেটোভূত। সে কী ভয়ংকর দেখতে! সবুজ গায়ের রং, দুটো লাল শিং, বড় বড় লাল চোখ, খাড়া কান, বিশাল গোঁফ, ধারালো দাঁত আর বড় বড় নখ। ভয় দেখানোই তার কাজ। গ্রামের ছেলে-বুড়ো কাউকেই সে ছাড়ে না।
এই ভয় দেখানোর অভিজ্ঞতা অন্য ভূতদের সঙ্গে শেয়ার করতে ও ট্রেনিং দিতে একবার সে গেল ভূতদের গ্রাম পুলাধুত্তারামে। নিজ গ্রামে একবার গেলে আর কি ফিরতে মন চায়? দিন যায়, মাস যায়, খেটোভূত পুলাধুত্তারামে দিন কাটায়। ওদিকে কলাপুর গ্রামের লোকেরাও শান্তিতে দিন কাটাচ্ছিল।
তারপর অনেক বছর কেটে যায়। একদিন খেটোভূত ফিরে আসে কলাপুর গ্রামে। গ্রামের অনেক কিছুই বদলে গেছে। খোলা সবুজ মাঠ নেই, কুঁড়ে ঘরগুলো নেই। লোকজনও তেমন নেই, সবাই শহরে চলে গেছে। পুরো গ্রাম ভরা বেশ কয়েকটি কলকারখানা। সেখান থেকে শুধু কালো ধোঁয়া বের হচ্ছে। এ রকম বিষাক্ত পরিবেশে খেটোভূতের দম বন্ধ হয়ে আসে। সে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
শহরে গিয়ে খেটোভূত অবাক। উঁচু দালান, রাস্তায় গাড়ির জট, সবাই ব্যস্ত আর হাতে কী যেন একটা চারকোনা বস্তু। এবার সে তার কাজে লেগে পড়ে, মানে ভয় দেখানোর কাজে। প্রথম রাতে সে একটি বিশাল দালানের পনেরো তলায় একটি রুমে যায়। সেটি ছিল একটি ষোলো বছরের মেয়ের ঘর। খেটোভূত খুব অবাক, কারণ এত রাতেও মেয়েটি তখনো ঘুমোয়নি। হাতে সেই চারকোনা বস্তুটি।
এবার খেটোভূত খাটের নিচে গিয়ে খাট নড়াতে থাকল। মেয়েটির চোখে আতঙ্ক। বলল, ‘আবার ভূমিকম্প নাকি!’ বলেই সে চিৎকার আর দৌড় শুরু করল। সবাই ঘর থেকে বের হয়। কিন্তু কই? কোনো ভূমিকম্প নেই।
নিজের বোকামি ভেবে মেয়েটা চুপিচুপি ঘরে এসে পড়ল। আর মনে মনে বলল, ‘আমার মনে হয় ফুটবলজ্বরের মতো ভূমিকম্পজ্বর হয়েছে।’ ওদিকে খেটোভূত ভারি খুশি। সে বলল, ‘শুনেছি, শহরের লোক নাকি খুব হুঁশিয়ার। কিসের কী? এ তো আমার কলাপুর গ্রামের লোকদের মতোই ভীতু।’ এবার সে মেয়েটিকে আরও ভয় দেখাতে তার সামনে এসে দাঁড়ায়।
মেয়েটি প্রথমে থতমতো খেয়ে যায়, চোখ বড় বড় করে তাকায়। কিন্তু তারপরই তার মুখটা কেমন খুশি খুশি হয়ে যায়। সেই চারকোনা বস্তুটি হাতে নিয়ে ছুটে আসে খেটোভূতের দিকে। বলে, ‘হাউ সুইট! এসো, তোমার সঙ্গে কয়েকটা সেলফি তুলি।’
এরপর মেয়েটা একের পর এক ক্লিক ক্লিক সেলফি তুলে সেগুলো ফেসবুকে দিতে লাগল। ঘটনা দেখে খেটোভূত এত ভয় পেল যে সে এক দৌড়ে ভূতদের ওই গ্রাম পুলাধুত্তারামে ফিরে গেল। আপাতত সে আর এ মুখো হয়নি বলেই শোনা যায়। আর হবে কি না, তাও কেউ জানে না।
সপ্তম শ্রেণি, নেত্রকোনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়