ইস্কাটনের নন্দীবাবুর তেল চিকচিক টাকে
দিনের বেলা সূর্য তাতে নানান ছবি আঁকে
সকালবেলা সূর্য উঠেই মুখে কুলুপ গুঁজে
নন্দীবাবুর টাকটি আগে বের করবে খুঁজে
কাঁচা রোদের হরফ দিয়ে কী যে কথা লেখে!
টাক তো হেসে ডগমগ খুশির কণা মেখে।
নন্দীবাবুর টাকখানি ভাই ল্যাবরেটরি বুঝি
দুপুরবেলা সূর্য আলো ঢালবে সোজাসুজি
বিরান টাকে বাধা পেয়ে ফেরে আলোর চলন
পারদঘষা কাঁচে যেন বিরল প্রতিফলন!
সূর্য যখন আস্তে হেলে পড়বে বিকেলবেলা
নন্দীবাবুর টাকের ওপর খেলে নতুন খেলা
শীতল হয়ে আসা আলোয় সুড়সুড়িটা মেখে
বাটুল থেকে গুলতি যেন ছোড়ে দূরের থেকে
আর সে আলো এসে যখন লাগে টাকের তেলে
ছেল্লা খেয়ে ছড়িয়ে পড়ে বিচিত্র অ্যাঙ্গেলে।
রাত্রিবেলা চন্দ্র উঠেই হয় কী ব্যাকুল ও যে!
নন্দীবাবুর টাকখানিকে হন্যে হয়ে খোঁজে
যেই না টাকের দেখা পেল মিষ্টি করে হেসে
হুমড়ি খেয়ে পড়বে আলো মাখন-টাকে এসে
টাকও তখন হেসে আকুল মেখে চাদিম জড়ি
পূর্ণিমাতে এ খেলা ভাই দেখতে আহা মরি!
চাঁদ-সুরুজের সঙ্গে টাকের এই যে মধুর খেলা
এর কী মজা, করলে হিসাব ফুরোয় খাতা মেলা
নন্দীবাবু ঘুমোয় বটে, টাকটি জেগে থাকে
সূর্য দিনে, চন্দ্র রাতে কখন বুঝি ডাকে!
কিন্তু বলো এমন খেলার খবর কজন জানে?
অবাক হবে একটি কথা শুনলে নিজের কানে
চাঁদ-সুরুজের সঙ্গে নিজের টাকের লুটোপুটি
নন্দী নাকি এ ঘটনা জানেই না কিচ্ছুটি।