খোকা ঘুমাল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আব্বু ছিলেন এগারো ভাইবোনের মধ্যে সপ্তম। এত্তো সন্তান লালন-পালনের চাপে দাদু হয়তো বাবাকে ঘুমপাড়ানি গান শোনানোর সময়ই পাননি! দোলনায় চড়ে চাঁদ দেখাও হয়তো হয়নি বাবার। বাবা যদি আমার ছেলে হতো, তাহলে প্রথমেই তার জন্য কিনে আনতাম একটা বেতের বাহারি দোলনা। তার ওপর ঝুলিয়ে দিতাম এক ডজন বেলুন!
‘আয় আয় চাঁদমামা’ ছড়াটা আমি পারি। দু-একটা ছড়া আমি নিজেও বানিয়েছি। ওই সব দিয়ে আদরের যত সুর তোলা যায় তুলেছি। যেন বাবাকে দোলনায় শুইয়ে মেঘের ফাঁকে চাঁদ দেখিয়ে গান গাইতে পারি, ‘আয় আয় চাঁদমামা...।’
‘ট্যাঁ’ করে উঠতে পারে বাবা ক্ষুধায়। শুধু গান শুনলে আর চাঁদ দেখলে তো পেট ভরে না। তাই আমি দাদুর মতো রবিনসন্সের বার্লি জোগাড় করে কাচের দুমুখো বোতলে ভরে গরম রাখার জন্য নকশি কাঁথা দিয়ে মুড়িয়ে রাখব। যখনই ‘ট্যাঁ’ শুনব, একটু জুজুবুড়ির ভয়, একটু বাঘের ভয় দেখাব। এলিয়েনরা ধরে নেবে, এমন ভয়ও দেখাব। যখন কিছুতেই থামবে না, তখন বাধ্য হয়েই মুখে দেব ফিডার। তখন কি আর কাঁদতে পারবে? মুখ তো বন্ধ!
তাও যদি কাঁদে, কী আর করা, কোলেই নিয়ে নেব। হেঁটে আসব তাকে নিয়ে ছাদে। বুকে শক্ত করে জড়িয়ে রাখব, যতক্ষণ না কান্না থামিয়ে ফোকলা মুখের ছেলেটি খিলখিল করে হেসে ওঠে...
সপ্তম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ময়মনসিংহ