খোলা দুয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘কিরে টুয়া, খেয়েছিস আজ? কিরে, এখনো খাসনি?’ রিয়া হা করে খাঁচার দিকে চেয়ে থাকে। ওর চশমার গ্লাসে স্পষ্ট দেখা যায় ও বড় বড় রাগ চোখে টুয়া অর্থাৎ ওর প্রিয় টিয়া পাখির দিকে তাকিয়ে আছে। তবে, এটা রাগ নাকি অভিমান, তা কেউ বলতে পারবে না। মাত্র দুই সপ্তাহ হলো টিয়াটি রিয়ার ঘরে উঠেছে। বাবা মেয়ের আবদার পূরণ করতে একটা ছোট টিয়া পাখি খাঁচাসমেত এনে দিয়েছেন। কিন্তু কে জানত যে দুজনার মধ্যে এত ভাব হবে? দু-তিন দিন গেল, রিয়ার বড় ভাইয়া ওকে বেশ করে খেপানোর জন্য ‘রিয়া-টিয়া, রিয়া-টিয়া’ করত। তাই বাবাই আদর করে টিয়ার নাম দিল টুয়া। রিয়ারও বেশ লাগল।
‘কিরে, এখনো খাবি না?’ রিয়া এবার সত্যি সত্যি রেগে যাচ্ছে। আর পাঁজি টুয়াও শিখেছে নতুন কথা—‘খাব না, খাব না।’ এতে রিয়ার আরও রাগ হলো। ভাইয়া এসে বলল, ‘ইশ...! এত খাওয়ালে কেউ আবার খেতে পারে? মামণি একটু আগেই কলা খাইয়ে গেল। আর তুই এসে ফের শুরু করলি! এহ...!’
ওর ভাইয়া এবার ক্লাস নাইনে উঠেছে, রিয়া পড়ে ক্লাস ফাইভে। দুজনের মধ্যে খালি খুনসুটি আর ঝগড়া। মাঝে মাঝে মারামারিও হয়! তবে এখন ভাইয়া ব্যঙ্গ করে কথাগুলো বললেও ভুল বলেনি। রিয়া বুঝল ব্যাপারটা। কিন্তু সে হার মানল না। বলল, ‘এ নিয়ে তোমায় ভাবতে হবে না।’
রিয়া স্কুল থেকে ফিরে এসে ঘরে ঢুকতেই শুনল নতুন গলা। কে যেন ‘রিয়া, রিয়া’ বলছে। কিছুক্ষণ পর সব পরিষ্কার হলো। টুয়া রিয়ার নামটা শিখেছে। টুয়া বুঝে না বুঝে কথা নকল করে। মানুষের মতো উত্তর দিতে পারে না। যেন টেপরেকর্ডার! তবু ব্যাপারটা মজার হলো।
রিয়া টুয়াকে কথা শেখাচ্ছে। ‘আমার সোনার বাংলা’ কথাটি সে অনেক কষ্টে টুয়াকে শেখাল। আরও কতগুলো কথা শেখাল, ‘হাই, হ্যালো, গুড মর্নিং...’ এসব। ভালোই মজা লাগে ওর। রিয়া দিনে দিনে টুয়ার অনেক আপন হয়ে গেল। পুরো পরিবারের সঙ্গে টুয়া মিশে গেছে এই তিন-চার মাসে। অদ্ভুত অন্যরকম একটা মায়া, মিষ্টি একটা সম্পর্ক!
ভাইয়ার পুরোনো বইগুলো জমা হয়ে গেছে। সরাতে হবে। একটা বইয়ে সে দেখল রবীন্দ্রনাথের লেখা গল্প ‘তোতাকাহিনি’। গল্পটা একটা তোতাপাখি নিয়ে লেখা। হাসির গল্প। কিন্তু...শেষে তোতাপাখিটা অতি যত্নে, বন্দী পরিবেশে খাঁচায় মারা যায়। রিয়া খুব অবাক হয়। খুব কষ্টও হয় ওর। কেন জানি মনে হয়, ওর অপরাধ আছে, ও-ও অন্যায় করছে। ও বুঝি ঠিক করছে না। একটা পাখিকে সৃষ্টি করা হয়েছে খোলা আকাশে ওড়ার জন্য। খাঁচায় বন্দী থাকার জন্য নয়। এরপরও অনেক ‘কিন্তু’ থেকে যায়। সে টুয়াকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। আবার টুয়ার কষ্ট ও দেখতে পারবে না।
গভীর রাত। হঠাৎ রিয়ার ঘুম ভেঙে গেল একটা দুঃস্বপ্ন দেখে। অন্ধকার ঘর। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ শোনা যাচ্ছে। রিয়া অন্ধকারেই দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়াল। গিয়ে দেখল আকাশে পূর্ণিমার চাঁদ। অপূর্ব সুন্দর রাতটা। টুয়া তৃষ্ণার্ত চোখে বাইরের দিকে তাকিয়ে আছে। রিয়া কী যেন ভেবে আস্তে আস্তে খাঁচার কাছে গেল। খাঁচার দরজাটা আলগা করে ধরে খুলে দিল। টুয়া তখনো বোঝেনি যে কী হলো। রিয়া আস্তে আস্তে ডাকল, ‘টুয়া’। টুয়া তাকিয়ে অবাক হলো—খোলা দুয়ারের বাইরে রিয়া দাঁড়িয়ে। দরজা খোলা! সে কি মুক্ত? রিয়া বলল, ‘যা টুয়া। ওই আকাশ তোর জন্য অপেক্ষা করে আছে। আজ থেকে খাঁচার দুয়ার খোলা।’ টুয়া আস্তে আস্তে খাঁচা থেকে বেরিয়ে এল। একটা উড়াল দিয়ে বাইরে চলে গেল। মুক্তি! কী অবাক স্বাদ তার!
রিয়া চোখ মুছে বাইরে না তাকিয়েই পেছনে ঘুরে দেখল তার ভাইয়া দাঁড়িয়ে। ভাইয়াকে সে তার ছোট্ট জীবনে এভাবে কখনো দেখেনি। ভাইয়ার দুচোখের কোনায় পানি। চাঁদের আলোয় চিক চিক করছে। মুখে হাসি। রিয়া মুখে মিষ্টি মিষ্টি হাসি এনে বলল, ‘আমি ঠিক করিনি ভাইয়া?’
ভাইয়া ভেবে অবাক হয় যে তার বোনটা কবে এত বড় হয়ে গেল!
নবম শ্রেণি, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়