প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোকা হাসে খিলখিল খোকা করে খেলা—
খোকাটার ঘর যেন খেলনার মেলা।
হাতি আছে, ঘোড়া আছে বিড়ালের ছানা—
পুতুলের পেট টিপে শোনা যায় গানা।
শিংঅলা গরু আছে আছে কোলাব্যাঙ-
দেখো দেখো সারসের লম্বাটে ঠ্যাঙ।
উঁচু গলা জিরাফের জেব্রা কী বাবা!
তার পিঠে বসে যেন খেলা যাবে দাবা।
রিমোটেই গাড়ি চলে উঠোনের মাঝে—
পুলিশের গাড়িটাতে সাইরেন বাজে।
ফিশিঙের গেম যেন একটা পুকুর—
ছিপ নিয়ে লেজ নাড়ে হ্যাংলা কুকুর।
ব্যাট-বলে ধুমধাম ছক্কা হাঁকায়—
ইগলটা উড়ে যায় রঙিন পাখায়।
ঘুড্ডি-লাটাই খেলে ঘোরায় লাটিম—
বনবন শনশন যেন লাল ডিম।
এতসব খেলনায় ঘরটা ভরা—
খেলামেলা শেষে তার পড়া আর পড়া।