গাছ ভয়ংকর

অন্তু গাছ খুবই ভয় পায়। গাছ দেখলেই অজানা একটা ভয় গলার কাছে দলা পাকিয়ে ওঠে। গা ছমছম করে। অথচ কিছুদিন আগ পর্যন্তও গাছ ছিল তার খুব পছন্দের। বারান্দার টবে অনেকগুলো গাছও লাগিয়েছিল সে। প্রতিদিন গাছে পানি দিত, যত্ন করত। নিয়মিত যত্ন নেওয়ায় গাছগুলোও বেশ সতেজ ও ফুলে ফুলে ভরা ছিল। কিন্তু হঠাৎই অন্তুর এই গাছপ্রীতি বদলে গেল গাছভীতিতে। কেমন করে? বলছি সেই ঘটনা।
এবার ঈদে গ্রামের বাড়ি গিয়েছিল ওরা। বেশি ভিড় যাতে না হয়, এ জন্য অন্তু আর তার মা ঈদের বেশ কয়েক দিন আগেই রওনা হয়ে গিয়েছিলেন। বাবা গিয়েছিলেন এর কিছুদিন পর। ঈদ আর গ্রামের বাড়ি যাওয়ার উত্তেজনায় অন্তু গাছে পানি দেওয়ার কথা বাবাকে বলতে একদম ভুলে গিয়েছিল। আর তাতেই ঘটল মন খারাপ করা ঘটনা। ঈদে অনেক আনন্দ করে বাসায় ফিরে আসার পর সে দেখল, পানি না পেয়ে পেয়ে সবগুলো গাছ শুকিয়ে মরে গেছে। অন্তুর ভীষণ মন খারাপ হলো, কিন্তু কী আর করা। চুপচাপ কিছুক্ষণ বসে থেকে অন্তু মরা গাছগুলো তুলে ফেলল। ভাবল, কদিন পর আবার নতুন গাছ লাগাবে।
এই তো সেদিন, অন্তু তখন বারান্দায় বসে ছিল। হঠাৎ কারেন্ট চলে গেল। পা ছড়িয়ে বসে বসে হাওয়া খেতে বেশ লাগছিল। বারান্দার এক পাশে হঠাৎ চোখ পড়তেই সে চমকে উঠল। যে টবগুলো একটু আগেও সে ফাঁকা দেখেছে, সেখানে বড়সড় অনেক গাছ বাতাসে দুলছে। কোথা থেকে এল এগুলো! অন্তু আস্তে আস্তে গাছগুলোর দিকে কয়েক পা এগিয়ে গেল। কিন্তু আর যেতে সাহসে কুলাল না। ভীষণ ভয় লাগছিল। গাছগুলো তো মরে গিয়েছিল। অন্তু নিজে ওগুলোকে ফেলে দিয়েছে। তাহলে কী এগুলো ওই গাছদের ভূত নাকি? যার জন্য গাছদের মরতে হয়েছে, তার ওপর প্রতিশোধ নিতে এই ফিরে আসা? অন্তুর অবহেলার জন্যই তো গাছগুলো মারা গিয়েছিল।
অন্তুর গলা শুকিয়ে আসে। ধীরে ধীরে পেছাতে থাকে সে। কিন্তু একি, গাছসহ টবগুলোও ছেচড়ে ছেচড়ে তার দিকেই আসে। কী বিপদ! এত দিন সে জানত গাছে ভূত থাকে, এখন যে পুরো গাছই ভূত হয়ে হামলা করছে। অন্তু ভয়ে আর নড়তে পারে না। গাছগুলো একেবারে তার সামনে, ডালপালা দিয়ে তাকে জড়িয়ে ধরে। অন্তুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে...
কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে নিজেকে বারান্দার মেঝের ওপর আবিষ্কার করে। শরীর কুটকুট করছিল। কালি-ঝুলি পাতায় ভরতি সারা গা। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই চট করে টবগুলোর দিকে তাকিয়েছিল ও। যেমন ছিল তেমনই আছে। নিরীহ টব, কোনো গাছের চিহ্নও নেই। আর কিছু না ভেবে দৌড়ে বারান্দা থেকে বের হয়ে গিয়েছিল অন্তু।
পরদিন সকালে অন্তুকে সবগুলো টব গুঁড়ো গুঁড়ো করে ভাঙতে দেখে মা অবাক! ‘কী রে, তুই না বললি নতুন গাছ লাগাবি? অযথা টবগুলো ভাঙছিস কেন?’ অন্তু প্রশ্নের জবাব দেয়নি। বিরক্তভঙ্গিতে একটা একটা করে টব ভেঙেছে।
হ্যাঁ, এই জন্যই এখন গাছে অন্তুর ভীষণ ভয়। গাছে থাকা পেতনি, শাকচুন্নিদের না হয় সামলানো যায়। কিন্তু পুরো গাছই যদি ভূত হয়ে যায়, তাহলে তো বিপদ!
অষ্টম শ্রেণি
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ