প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ও বাড়ির গুটলুটা কত ভালো ছেলে
তার মতো গুডবয় কোন দেশে মেলে?
ছাত্র সে যা-ই হোক গুণ একটাই
কক্ষনো ইশকুল করে না কামাই।
একটু পেটুক সে নয় তাতে ত্রুটি
কেঁদে মরে ইশকুল যদি হয় ছুটি।
খাবার দেখলে যার জিবে জল আসে
শুক্রবারেও সে যেতে চায় ক্লাসে।
কত ভালো জিদ তার কত ভালো পণ
বইখাতা-ক্লাস তার কত যে আপন।
বাড়িতে পড়তে তার ভাল্লাগে না যে
পড়ার রুমটা নাকি একদম বাজে
তার কাছে ক্লাসরুম সবচেয়ে সেরা
খুব ভালো হেডমিস আর টিচারেরা।
শুধু ক্লাসমেটরাই মহাকঞ্জুস
গুটলুকে দেয় না তো ক্যাটবেরি-জুস।
টিফিনটাইম তার সবচেয়ে প্রিয়
কেক কলা বার্গার রুটি সবজিও
মাঝে মাঝে মুরগির রোস্ট যায় পেয়ে
একদিন ছুটে এল সব ছেলেমেয়ে
একজোট হয়ে তারা করল নালিশ
গুটলুটা মহাচোর করুন সালিস।
আজ নয় কাল নয় প্রত্যেক দিন
চুরি করে খায় সে সবার টিফিন।
ইশকুলে আসে রোজ টিফিনের লোভে
গুডবয় গুটলুর প্রেস্টিজ ডোবে...।