গুড্ডুবুড়ার গোয়েন্দা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

গুড্ডুবুড়াকে তো তোমরা চেনো।

ওর বয়স ছয় কি সাত। আসলে ও তো কিছুই খেতে চায় না, তাই লম্বা হয় না, তাই ওর যে বয়সটা কত, বাইরে থেকে দেখে বোঝাই যায় না। আর বুদ্ধিটাও ওর মোটেও পাকল না।

যেমন সেদিন ওর ছোট খালা ওকে বললেন, গুড্ডু রে, তুই অত শুকনা কেন?

গুড্ডুবুড়া বলল, ও মা, আমি কি সারাক্ষণ ভেজা থাকব? আমি গোসল করে বেরোনোর পর মা আমার মাথার চুল তোয়ালে দিয়ে মুছে দেন, সারা গা ভালো করে মোছেন, তাই আমি শুকনা!

গুড্ডুবুড়ার বন্ধু সুমন বলল, এই আমরা কক্সবাজার যাচ্ছি। বৃহস্পতিবার রাতের বাসে যাব। শুক্রবার সমুদ্র দেখব। সমুদ্রে গোসল করব। আর শনিবারে চলে যাব রাঙামাটি।

গুড্ডুবুড়া বলল, শুক্রবারে সমুদ্র বন্ধ থাকবে না? ছুটির দিনে সমুদ্র খোলা থাকে?

গুড্ডুবুড়া বিছানায় বসে আইসক্রিম খাচ্ছে।

মা বললেন, গুড্ডুবুড়া, বিছানায় বসে আইসক্রিম খেতে হয় না।

গুড্ডুবুড়া বিছানার ওপরে দাঁড়িয়ে পড়ল।

মা বললেন, কী করছ গুড্ডুবুড়া, তুমি বিছানার ওপরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছ কেন?

গুড্ডুবুড়া বলল, তুমি না বললে, বিছানায় বসে আইসক্রিম খেতে হয় না। তাই তো দাঁড়ালাম।

মা বললেন, আমি তোমাকে বিছানার ওপরে খেতে না করেছি, দাঁড়ানো বা বসা আসল কথা না, আসল কথা হলো, বিছানা। বুঝলে।

গুড্ডুবুড়া বালিশের ওপরে গিয়ে দাঁড়াল। বলল, বিছানার ওপরে আর আমি দাঁড়িয়ে নেই। আমি এখন বালিশে।

চকবার আইসক্রিম। গলে বালিশের ওপরে পড়ে গেল। পড়েই দাগ লেগে গেল।

গুড্ডুবুড়া বুঝল, মা দেখলে খুব রাগ করবেন। এখন কী করা যায়?

বালিশটা ধুয়ে দিতে হবে।

মা তখন রান্নাঘরে ব্যস্ত। গুড্ডুবুড়া বালিশটা নিয়ে সোজা চলে গেল বাথরুমে। এক বালতি পানির মধ্যে বালিশটা চুবিয়ে ফেলল।

মা এসে দেখলেন। বললেন, এটা কী হচ্ছে?

বালিশটা পরিষ্কার করছি মা।

মা কাঁদতে লাগলেন।

আমার ছেলেটা এত বোকা কেন?

বাসায় পড়ে গেল মহা হইচই। গুড্ডুবুড়ার চিকিৎসা দরকার।

এত বোকা কেন হবে একটা ছেলে।

ডাক্তার ভালো করে দেখলেন গুড্ডুবুড়াকে। তারপর বললেন, ছেলের সবকিছু ঠিক আছে। শুধু সে ঠিকমতো খায় না। তাকে ঠিকমতো খেতে হবে।

গুড্ডুবুড়া তুমি রোজ একটা করে ডিম খাবে। একটা কলা খাবে। এক গেলাস দুধ খাবে। দুই বেলা ভাত খাবে। শাক খাবে। সবজি খাবে। মাছ খাবে। ডাল খাবে। রুটি খাবে। মাংস খাবে। ফল খাবে। মিষ্টি খাবে। তাহলে তোমার মাথায় বুদ্ধি হবে।

আর তা যদি না করো, তোমার পেট কেটে পেটের মধ্যে আমরা খাবার ভরে দেব।

গুড্ডুবুড়া বলল, আমি এখন থেকেই খাওয়া শুরু করব।

এরপর থেকে গুড্ডুবুড়া ঠিকমতো খেতে শুরু করল।

সে লম্বা হতে লাগল। তার মাথার বুদ্ধি গেল খুলে।

গুড্ডুবুড়া হয়ে গেল ক্লাসের সবচেয়ে চালাক ছেলে।

ক্লাসে সে ফার্স্ট হয়। শিক্ষকেরা তাকে পছন্দ করেন। বন্ধুরা তাকে ভালোবাসে।

ওদের স্কুলে একটা দুর্ঘটনা ঘটল। স্কুলের পরীক্ষার খাতা সব হারিয়ে গেল। এখন কী হবে? স্কুলে পুলিশ এসেছে। সারা স্কুল তটস্থ।

গুড্ডুবুড়া তাদের প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করল। বলল, স্যার, আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি?

কী বিষয়ে?

পরীক্ষার খাতা উদ্ধারের ব্যাপারে।

স্যার বললেন, তুমি জানো, কে নিয়েছে?

না স্যার, জানি না। কিন্তু অনেক গোয়েন্দা গল্প পড়েছি তো। বুদ্ধি দিয়ে বের করা যাবে।

স্যার বললেন, গুড্ডুবুড়া, এই কথা তুমি কাউকে বোলো না। পুলিশ ভাববে, তুমি জানো চোর কে, তখন উল্টো তোমাকেই ধরে নিয়ে যাবে।

গুড্ডুবুড়া বলল, স্যার, আমি কাউকে বলব না। শুধু আপনাকেই বলি। খাতাগুলো যে রুমে ছিল, সেই রুমের তালা ভাঙা না, কোনো জানালা-দরজা ভাঙা না, তার মানে চাবি যাদের কাছে আছে, তাদেরই কেউ করেছে। তার মানে আমাদের দারোয়ান-গার্ডরাই কেউ করতে পারে। আর না হলে কোনো চাবিওয়ালা, যারা চাবি বানাতে পারে। এরা কেন খাতা চুরি করবে? কী লাভ? আমার মনে হয়, পুরোনো খাতাপত্র যারা বিক্রি করে, তাদের জিগ্যেস করলেই হবে।

স্যার বললেন, বাবা, তোমার ছোট মাথা দিয়ে এত ভাবার দরকার কী। তুমি চুপচাপ থাকো।

গুড্ডুবুড়া চুপচাপ থাকার পাত্র নয়। সে তার মামাকে বলল তার আইডিয়াটার কথা। ছোট মামা তাদের বাসায় বেড়াতে এসেছেন। তিনি বললেন, হুঁ। তোর সূত্রটা ধরে কাজ করা যেতে পারে।

তাদের বাসার সামনেই স্কুল।

বাসার সামনে একটা পুরোনো খবরের কাগজ বিক্রেতা রোজ আসেন।

গুড্ডুবুড়া বলল, চলো, ওই পুরোনো কাগজওয়ালাকে ফলো করি, দেখি ওরা কাগজ কোথায় বিক্রি করেন।

মামা বললেন, চলো।

এক দুপুরবেলা তারা চলল পুরোনো কাগজওয়ালার পিছু পিছু। রাস্তা থেকে গলি, গলি পেরিয়ে অন্ধকার বস্তি, এসব পেরিয়ে খানিকক্ষণ যাওয়ার পরে দেখল একটা বাজারের মধ্যে একটা দোকান। সেখানে রাজ্যের যত পুরোনো কাগজের স্তূপ।

সেই দোকানে গেল তারা। একজন টাকমাথাওয়ালা দোকানদার বসে বসে ভুঁড়ি চুলকাচ্ছেন।

মামা ওই দোকানদারকে বললেন, আপনার কাগজ কত করে কেজি?

১৫ টাকা। দোকানি উত্তর দিল।

আমরা ২৬ টাকা করে কেজি কিনব, মামা বললেন। তবে স্পেশাল কাগজ হতে হবে। পরীক্ষার খাতা।

দোকানি বলল, আচ্ছা কয় কেজি কিনবেন।

যত কেজি আছে, সব।

আধা মণ হইব। নিবেন।

জি, নেব।

দোকানি পেছনের গোডাউন থেকে এনে দিল আধা মণেরও বেশি পরীক্ষার খাতা।

৬০০ টাকা গুনতে হলো মামাকে।

সেসব রিকশায় তুলে নিয়ে সোজা তারা চলে এল প্রিন্সিপাল স্যারের রুমে।

তারপর তো মহা শোরগোল। পুলিশ ছুটে গেল সেই দোকানে। তার কাছ থেকে জানা গেল, কে বিক্রি করেছে সব কাগজ...

গুড্ডুবুড়া হয়ে গেল হিরো।

গুড্ডুবুড়ার সাক্ষাৎকার বের হলো ‘কিশোর আলো’ পত্রিকায়। স্কুলের তারকা হিসেবে।

সেই সাক্ষাৎকারে গুড্ডুবুড়া বলল, আমার সাফল্যের পেছনে আছে ঠিকমতো খাওয়া আর নিয়মিত কিশোর আলো পড়া। কিশোর আলো পত্রিকার গোয়েন্দা গল্পগুলো পড়েই না আমার বুদ্ধি খুলে গেছে।

কিশোর আলোর খুদে সাংবাদিকেরা তাকে বলল, তোমার কোনো ইচ্ছা আছে, যেটা আমরা পূরণ করতে পারি।

গুড্ডুবুড়া বলল, আমি বাংলাদেশের ক্রিকেট ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ছবি তুলতে চাই।

তাই হবে। কিশোর আলোর সাংবাদিকেরা তাকে নিয়ে ছুটল মাশরাফি বিন মুর্তজার বাসায়। গুড্ডুবুড়ার সঙ্গে তার ফটোসেশন হবে।