
ছোট মামা বললেন, ‘বুঝলি পোনা, সত্যি সত্যি গুপ্তধন পেয়ে গেলে যে কী কাণ্ড হবে, তুই কল্পনাও করতে পারছিস না।’
অমন আজগুবি কল্পনা যে আমি করতেও চাই না, সেটা বললে কানমলা খাওয়ার ঝুঁকি শত ভাগ। তাই অন্যভাবে বললাম, ‘এই যুগে কেউ গুপ্তধন-টন পায় না, মামা। অযথা সময় নষ্ট হবে।’
আমার কথায় মামা তেতে উঠলেন, ‘আহা, কী মূল্যবান সময় ওনার!’
মুখে জোর করে হাসি টেনে বললাম, ‘তা কোথায় গুপ্তধন খুঁজতে যাবে?’
‘তোর কি ধারণা, কোথায় কোথায় গুপ্তধন পাওয়া যায় তার তালিকা কেউ টাঙিয়ে রেখেছে?’
‘না, ঠিক তা নয়। তাহলে কীভাবে জানবে কোথায় গুপ্তধন আছে?’
‘শোন, আগেকার রাজা-বাদশাহ বা দস্যুরা অনেক সময় বহুমূল্য ধনরত্ন কলসে ভরে মাটির নিচে লুকিয়ে রাখত। কেউ হয়তো কোনো ধাঁধা লিখে রেখে যেত, যাতে সেটার সমাধান করে গুপ্তধনের সন্ধান পাওয়া যায়।’
‘ও। তাহলে সেই ধাঁধা কোথায় পাওয়া যাবে?’
মামা আবার উত্তেজিত, ‘গাধার মতো কথা বলবি না। এটা কি কালিদাস পণ্ডিতের ধাঁধার বই যে দোকানে কিনতে পাওয়া যাবে?’
ভারি মুশকিল হলো দেখছি, যা বলি তাতেই রেগে যায়! একটু পর অবশ্য মামা নরম সুরে বললেন, ‘অনেক কষ্টে বটতলার সন্ন্যাসীর মন জয় করে গুপ্তধন পাওয়ার একটা সূত্র, মানে ধাঁধা বের করেছি।’
তাই তো বলি, মামার হঠাৎ সন্ন্যাসীর প্রতি ভক্তি-শ্রদ্ধা বেড়ে গেল কেন! কদিন ধরেই দেখছিলাম বাজার মোড়ের বটতলায় সন্ন্যাসীর কাছে ধরনা দিচ্ছেন। জিজ্ঞেস করলাম, ‘তোমাকে গুপ্তধনের সন্ধান দিয়ে ওনার লাভ কী?’
মামা মৃদু হেসে বললেন, ‘আরে মূর্খ, সন্ন্যাসীদের ধন-সম্পদের প্রতি লোভ থাকে না। তাই প্রিয় ভক্ত হিসেবে আমাকে জানিয়েছেন। আমি তাঁর সেবা-যত্নের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছি।’
আমি কোনো মন্তব্য করলাম না। শুধু জানতে চাইলাম, ‘কবে গুপ্তধন উদ্ধার করতে যাবেন?’
‘আগে ধাঁধার সমাধান করি, তারপর।’
২.
সপ্তাহ খানেক মামা আর আমাকে ডাকেননি। ভেবেছিলাম, মাথা থেকে গুপ্তধনের ভূত নেমে গেছে। কিন্তু সেদিন হঠাৎ মামা ডেকে বললেন, ‘আচ্ছা, তুই একবার ধাঁধাটা পড়ে দ্যাখ তো।’ বলে মামা একটা কাগজ আমার দিকে এগিয়ে দিলেন। তাতে লেখা—
‘মাঠের পরে ঘাটের পার
যাও পেরিয়ে বনবাদাড়,
তার ভেতরে পোড়োবাড়ি
সেথায় ধন কাঁড়ি-কাঁড়ি,
বটের ছায়া যেথায় শেষ
সূর্য ডোবে—বুঝলে বেশ।’
মামা জানালেন, মাঝের দুই লাইনে বলা হয়েছে, একটা পোড়োবাড়ির ভেতরে গুপ্তধন আছে। তবে কোথায় সেই বাড়ি তা বুঝতে পারছেন না।
আমি বললাম, ‘মাঠের পরে ঘাটের পার মানে বোধ হয় নদীর ঘাট পার হওয়ার কথা বলেছে। এরপর গ্রামের শেষে একটা বন আছে। ওর মধ্যেই নিশ্চয়ই কোথাও বাড়িটা আছে।’
মামা দ্বিধান্বিত। ‘তোর কথাই হয়তো ঠিক। কিন্তু শেষের দুই লাইনও তো বুঝতে পারলাম না।’
‘শোনো মামা, প্রথমে পোড়োবাড়িটা খুঁজে বের করো। তারপর বাকিটা নিয়ে ভাবা যাবে।’
‘ঠিক বলেছিস।’
ঠিক বলার ‘দায়ে’ পরদিন খুব সকালে মামার সঙ্গে পোড়োবাড়ির খোঁজে বের হতে হলো। মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে বুনোপথে উল্টোপাল্টা অনেকক্ষণ ঘোরাঘুরির পর দুপুর নাগাদ সত্যিই সেই পোড়োবাড়ির দেখা পেলাম। এটা কোনো জমিদারের বাগানবাড়ি ছিল অনুমান করা যায়।
মামা বললেন, ‘পোনা, বাড়িটা তো অনেকখানি জায়গাজুড়ে। কোথায় খুঁজব গুপ্তধন?’
একটু ভেবে বললাম, ‘এখানে একটা বটগাছও দেখা যাচ্ছে। এর ছায়া যেখানে শেষ হবে, সেখানেই গুপ্তধন থাকার কথা। তবে সূর্য ডোবার বিষয়টা যে কী...’
একটু পর সেটাও স্পষ্ট হলো। সূর্য ডোবার আগে বটের ছায়া যেখানে শেষ হয়, সেটাই কাঙ্ক্ষিত স্থান। মামাকে বিষয়টা বলতেই তিনি খুশির আতিশয্যে আমাকে বুকে জড়িয়ে ধরলেন।
৩.
পরদিন সকালে মাটি খোঁড়ার সরঞ্জাম নিয়ে মামা-ভাগনে রওনা হলাম। গুপ্তধনের জন্য চিহ্নিত স্থানটি ছিল মাটি জমে ভরাট হওয়া একটি কুয়ো। কোদাল দিয়ে কুপিয়ে সেই কুয়োর মাটি সরাতে লাগলেন মামা। তাঁর মতো অলস লোকের পক্ষে কাজটি মোটেও সহজ নয়।
অবশেষে সন্ধ্যার কিছু আগে মামা কুয়োর ভেতরে একটি কলসির সন্ধান পেলেন। কিন্তু তাঁর হাসি উবে যেতেও সময় লাগল না। কলসে গুপ্তধনের ছিটেফোঁটাও নেই! হতাশ-ক্ষুব্ধ মামা ফেরার পথে বললেন, ‘কাল ব্যাটা সন্ন্যাসীর একদিন, কী আমার একদিন।’
আমি বললাম, ‘একদিনটা বোধ হয় তোমারই হবে। সন্ন্যাসীকে গতকাল পুলিশ ধরে নিয়ে গেছে। সে নাকি এক দাগি আসামি, গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে এখানে ছিল।’
মামাকে এবার পুরোপুরি বিধ্বস্ত দেখাল। বিষণ্ন কণ্ঠে বললেন, ‘ব্যাটা সন্ন্যাসীকে দেওয়া টাকাটা পানিতে গেল।’
সুযোগ হাতছাড়া করলাম না। বললাম, ‘আগেই বলেছিলাম, এসব গুপ্তধন-টন খুঁজে সময় নষ্ট...’
ছোট মামা ধমক দিয়ে আমাকে থামালেন। ‘বেশি পাকামো করবি না। কিছুই নষ্ট হয়নি। একটা অন্য রকম অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতা এমন এক সম্পদ, যা টাকা দিয়ে কেনা যায় না। যাকগে, তোর মতো মূর্খকে এসব বুঝিয়েই-বা লাভ কী।’
শুনছি, মামা এবার ‘আসল’ ধাঁধার খোঁজ করছেন! আর আমি ভাবছি, ভুয়া সন্ন্যাসী এমন ধাঁধা পেল কোথায়!