গোয়েন্দাকে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

ছোটবেলা থেকে অনেক গোয়েন্দা গল্প পড়তাম। ইচ্ছে ছিল, বড় হয়ে গোয়েন্দা হব। একদিন বিকেলবেলা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শুনি কল বেলের আওয়াজ। চোখ মুছতে মুছতে দরজা খুললাম। দেখি আসিফ এসেছে। মনে হলো সে দৌড়ে এসেছে।

আসিফ বলল, আমাদের বন্ধু মাহিকে নাকি কেউ কিডন্যাপ করেছে!

আমি বললাম, ‘কী বলছিস? সত্যি?’

‘হ্যাঁ। সকাল থেকে মাহিকে কোথাও পাওয়া যাচ্ছে না।’

‘আছে হয়তো কোথাও। ও তো প্রায়ই এ রকম করে।’

‘আরে না! এবার সিরিয়াস। ওর মা-বাবা এরই মধ্যে খুঁজতে বের হয়ে গেছে।’

তাহলে তো বিষয়টা দুশ্চিন্তার! আসিফ বলল, ‘তুই না গোয়েন্দা? চল, আমরাই ওকে খুঁজে বের করি।’

আমি একটু বীরত্বের সঙ্গে বললাম, ‘তোর কি কাউকে সন্দেহ হচ্ছে?’

‘হ্যাঁ। পাড়ায় এক অদ্ভুত লোক এসেছে। ওই যে কাল দেখলাম তাকে, মনে নেই? কয়েকজন লোকের সঙ্গে কী যেন করছিল...!’

‘হ্যাঁ, আমারও অবশ্য তাকে কেমন যেন অদ্ভুত লেগেছে। চোখে চশমা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। কিন্তু তাকে পাব কী করে?’

‘আজ একটু আগেই তাকে পুরান পাড়ার ওই দিঘির দিকে দেখলাম।’

‘সত্যি! তুই দাঁড়া, আমি সাইকেলটা নিয়ে আসি।’

মো. মাহমুদুল হাসান
মো. মাহমুদুল হাসান

দুজনে মিলে গেলাম দিঘির কাছে। দেখলাম, লোকটা ওখানেই আছে। সে একটা গাড়িতে উঠল। আমরাও তাকে ফলো করার চেষ্টা করলাম। গাড়ি নিয়ে লোকটা অনেক দূর চলে গেল। আমরা গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে সাইকেল ছোটালাম। বহু কষ্টে আবার তার নাগাল পাওয়া গেল।
কিন্তু লোকটা গেল কোথায়? আসিফ বলল, ‘মনে হয় ওদিকের জঙ্গলটায় গেছে। ওখানে একটা পোড়াবাড়ি আছে।’ গেলাম পোড়াবাড়ির কাছে। চুপিচুপি জানালায় উঁকি দিলাম।
একি! লোকটা এখানেই আছে। তার পাশে আরও কে যেন। মনে হয় আমাদের বন্ধু মাহি! একটা বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা। দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম, লোকটাকে মেরে মাহিকে ছাড়াব।

দুজনে জঙ্গল থেকে বড় একটা লাঠি জোগাড় করলাম। তারপর কয়েক মিনিট পর দরজা খুলেই তাকে মারার জন্য প্রস্তুত হলাম। রেডি, ওয়ান, টু, থ্রি বলে যেই লোকটাকে মারব, ওমনি আবিষ্কার করলাম তার সঙ্গে আরও দুজন আছে।

আমরা কিছু করার আগেই ওরা আমাদের বেঁধে ফেলল। নিয়ে গেল সেই রুমটাতে।

আমরা প্রথমে খুশিই হয়েছিলাম। ধরা পড়লেও, বন্ধুকে তো পেয়েছি। কিন্তু যেই বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছেলেটার দিকে তাকালাম, দেখলাম সে মাহি নয়! অন্য কেউ!

ওর নাম জিজ্ঞেস করলে সে বলল, ‘আমার নাম রাফি। ওরা আমাকে ধরে এনেছে। আজ রাত ১২টায় আমাদের সবাইকে পাচার করে দেবে।’

আমার তো ভয়ে হার্টফেল করার মতো অবস্থা। আসিফ ‘আম্মু আম্মু’ বলে কেঁদেই ফেলল। তারপর বলল, ‘তুই তো গোয়েন্দা। একটা কিছু কর।’

আমি বললাম, ‘আমার মাথা হ্যাং হয়ে গেছে। কিছুই আসছে না।’

আসিফ বলল, ‘শেষ পর্যন্ত গোয়েন্দা ইজ কিডন্যাপড!’

কয়েক ঘণ্টা পর মাথায় একটা বুদ্ধি এল। আমার পকেটে একটা ভাঙা পেনসিল কাটার ছিল। সেটা দিয়ে বাঁধন খোলার চেষ্টা করা যাক।

প্রায় আধঘণ্টা চেষ্টার পর সফল হলাম। এরপর সবার বাঁধন খুলে পাশের ভাঙা জানালাটা দিয়ে বের হলাম। তখন মনে হয় রাত দশটা বাজে। সাইকেল নিয়ে আমরা তিনজন ছুটলাম পুলিশের কাছে।

হাতেনাতে পাচারকারীদের ধরল পুলিশ। তারপর আমাদের মা-বাবাকে খবর দিল। রাফিকে তার মা-বাবার কাছে ফেরত দিল।

ও হ্যাঁ, সব শেষে আমরা জানতে পারলাম, মাহি তার মায়ের সঙ্গে রাগ করে আমাদের পুরোনো মাঠটার ওখানে গিয়ে একা একা বসে ছিল। তবু, ওর বদৌলতে একজনের প্রাণ তো বাঁচল!

অষ্টম শ্রেণি, বরিশাল জিলা স্কুল, বরিশাল