গ্যালাক্সি কাপ

রাজা মশাইয়ের মন ভীষণ খারাপ। তার প্রিয় ঘোড়াটা চুরি হয়ে গেছে। রাজ্যের কেউ কেউ বলছে, মাঝরাত্তিতে তারা নাকি ঘোড়াটাকে উড়ে যেতে দেখেছে। যাহ্, গুল মারার জায়গা পায় না! ঘোড়া কি কখনো উড়তে পারে? সারা রাজ্য তন্নতন্ন করে খোঁজা হলো। এমনকি পাশের রাজ্যেও উঁকিঝুঁকি মেরে দেখা হলো। না, নেই তো নেই-ই।
আসলে হয়েছে কি, রাত্তিরে যখন ঘোড়াটা মনের সুখে আস্তাবলে ঘাস খাচ্ছিল, তখন একটা ফ্লায়িং সসার এই পথ দিয়েই উড়ে যাচ্ছিল। তাতে ছিল সব মঙ্গলের বাসিন্দা। তারা সবাই তখন ভীষণ চিন্তিত। আর দুই দিন পর বৃহস্পতি গ্রহের সঙ্গে তাদের গ্যালাক্সি কাপের ফাইনাল ম্যাচ। এই নিয়ে পাঁচবার তারা ফাইনালে উঠল। কিন্তু ভালো ঘোড়ার অভাবে প্রতিবার এই কাপটা তাদের হাতছাড়া হয়েছে। ওদের ঘোড়াগুলোর সঙ্গে তাদের কোনো ঘোড়াই যে দৌড়ে জিততে পারে না। এই নিয়ে বৃহস্পতির লোকেরা তাদের উঠতে-বসতে দুই কথা শুনিয়ে যায়। তারা রাজা মশাইয়ের সুন্দর, বলিষ্ঠ ও শক্তিশালী ঘোড়াটাকে দেখে চিন্তা করল, এবার এই ঘোড়াটাই হোক তাদের হাতিয়ার। তারপর আর কী? তারা ঘোড়াটাকে উঠিয়ে নিল তাদের ফ্লায়িং সসারে। টেলিপ্যাথিক যোগাযোগের মাধ্যমে ঘোড়াটাকে তাদের মনের কথা বুঝিয়ে দিল। ঘোড়াটাও রাজি হলো। শর্ত একটাই, ম্যাচ শেষে তাকে আবার আস্তাবলে রেখে আসতে হবে।
যথারীতি এবারের ফাইনালটি হলো অন্য রকম। বৃহস্পতির ঘোড়াগুলোর নাকের ডগা দিয়ে ছুটতে ছুটতে বেরিয়ে গেল রাজা মশাইয়ের ঘোড়াটা। আর বৃহস্পতির বাসিন্দারা হাঁ করে দেখল এবারের কাপটা তাদের হাতছাড়া হয়েছে। পাঁচ বছর পর গ্যালাক্সি কাপ হাতে মঙ্গলের বাসিন্দাদের আনন্দ আর ধরে না। তার পরদিন সকালে রাজা মশাই আর অন্যরা দেখল, ঘোড়াটা দিব্যি আস্তাবলে ঘাস খাচ্ছে। রাজা মশাইয়ের প্রিয় ঘোড়াটাকে ফিরে পাওয়ার আনন্দে সাত দিন সাত রাত ধরে চলল ভূরিভোজ আর উৎসব। এত কিছুর মধ্যে কেউ লক্ষই করল না যে ঘোড়াটার গায়ে একটি ছোট্ট মেডেল ঝুলছিল। মঙ্গল গ্রহের ভাষায় যাতে লেখা ছিল ‘বিজয়ী’!
সপ্তম শ্রেণি, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ