প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিকে ট্রেন যাচ্ছে ছুটে দুইটি
পাহাড়িকার জানলা পাশে বসে আছে সুইটি।
ওপাশ থেকে জয়ন্তিকা আসছে তখন ছুটে
ঢাকা-সিলেট রুটে।
পাহাড় থেকে ঠান্ডা বাতাস লাগছে এসে গায়ে
সুইটি তখন মুখ দিয়েছে হালকা গরম চায়ে।
লাগছিল তার ভীষণ ভালো
আকাশে মেঘ জমছে কালো
বৃষ্টি যদি আসে
জার্নি আরও জমবে তখন
করছে আশা তা সে।
প্রকৃতি আজ সাজছে
কু ঝিক ঝিক শব্দ যেন ঝুমুর ঝুমুর বাজছে।
ট্রেনের সাথে তাল মিলিয়ে মেঘ দূরে ওই ডাকছে
সুইটি বসে সেই ছবিটা ক্যানভাসে তার আঁকছে।
গাছগুলো সব জোর বাতাসে পড়ছে হেলেদুলে
বৃষ্টি ফোঁটা ফোঁটা এসে লাগছিল তার চুলে।
মাঝে মাঝে বিদ্যুতেরই চমক
ভালোবেসে দিচ্ছে তাকে ধমক
ও মেয়ে তোমার নেই কোনো ভয় কেন?
নেই কিছু কি একটু তোমার জ্ঞানও?
বৃষ্টি-ঝড়ে সবাই যখন বন্ধ রাখে দোর
তখন তোমার মনের ভেতর লাগল এ কোন ঘোর?
ঘোর লেগেছে, ঘোর লেগেছে, ঘোর লেগেছে তার
বাংলা মায়ের এ রূপ সে চায় দেখতে যে বারবার।