চন্দনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আজ রাফিনের মন খুব ভালো। বাবা সকালবেলা অফিসে যাওয়ার সময় রাফিনকে বলেছে, রাফিন সোনা, আজ তোমার জন্য সুন্দর একটা গিফট আনব। সেই থেকে রাফিন বেশ ফুরফুরে। বাবা অফিসে যাওয়ার ঘণ্টা খানেক পর রাফিনের মাও অফিসে চলে গেল। বাবা-মা দুজন অফিসে চলে গেলে রাফিন ওর নানা-নানুর সঙ্গেই থাকে। নানুদের ফ্ল্যাট ওদের ওপরতলায়।
আচ্ছা, বাবা রাফিনের জন্য কী আনবে? ছয়তলার বারান্দায় বসে বসে রাফিন ভাবে। হাতে নানুর মোবাইল। রাফিন নিজে নিজে বাবা-মাকে ফোন করতে পারে। নানা-নানু ব্যস্ত থাকলে রাফিনকে একাই থাকতে হয়। সে জন্য বাবা বুদ্ধি করে ওকে কীভাবে ফোন করতে হয় শিখিয়ে দিয়েছে। হঠাৎ কোনো দুর্ঘটনা, ঝামেলা হলে রাফিন যেন দ্রুত বাবা-মাকে ফোন করে জানাতে পারে।
মোবাইলে বাবার নম্বর ভেসে উঠল। তাতে লেখা চন্দন ম্যাকগাইভার।
ফোন করে রাফিন বাবাকে কী বলবে! ও কী বলবে, ‘চন্দন আমার জন্য কী আনবা?’ 
রাফিন বাবাকে নাম ধরে ডাকে। মাকেও বলে, ‘রুবিনা, কাম শার্প হোম।’ 
রাফিনের মন-মেজাজ ভালো না থাকলে ও বাবাকে গলা মোটা করে বড়দের মতো বলে, ‘চন্দন, আমার পানি খাব, যাও এক্ষুনি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো।’ মাকেও বলে, ‘রুবিনা। ভীষণ ক্ষিধে লেগেছে আমার, খাবার দাও তো। আচ্ছা মা, বাবাকে সবাই চন্দন বলে ডাকে কেন?’ রাফিনের কথায় মা হেসে গড়িয়ে পড়েন। ‘দেখো, বোকা ছেলে বলে কী!’
সন্ধ্যার পর দরজার কলবেল বেজে উঠল। মা দরজা খুলে দিতেই রাফিন তো অবাক!
ওমা! দরজার ওপাড়ে যে জলজ্যান্ত বাঘ!
দরজার বাঘটা দুই হাত কাঁধের দুপাশে তুলে নাচাতে নাচাতে ঘরে ঢুকল। রাফিন তো ভয়ে জড়োসড়ো। কিন্তু মায়ের কী সাহস! বাঘটাকে ঘরে ঢোকার জায়গা করে দিয়ে মা সরে দাঁড়াল। বাঘটা একটা প্যাকেট মায়ের হাতে দিল। মা রাফিনের দিকে তাকিয়ে হাসল।
প্যাকেট খুলে রাফিন দেখল তাতে রয়েছে গাঢ় নীল রঙের সুন্দর একটা পিএসপি।
তার পর থেকে প্রতিদিন রাফিনদের বাড়িতে একটা বাঘ আসে। মা দরজা খুলে দিলে বাঘটা দুহাত উঁচু করে রাফিনের পাশ ঘেঁষে হেলতে-দুলতে ভেতরের ঘরে চলে যায়। কখনো কখনো বাঘটা আঙুল দিয়ে আলতো করে রাফিনের গালে টোকাও মারে। এভাবেই চলতে থাকল। একদিন মা বাবাকে বলল, ‘তুমি যে এভাবে প্রতিদিন বাঘের মুখোশ পরে ঘরে আসো সেটা কি ঠিক হচ্ছে? আর রাফিনই বা কী ভাববে? তুমি কি মনে করো ও কিছু বোঝে না?’
মায়ের কথায় বাবা হো হো করে হেসে উঠল, ‘এতে না বোঝার কী আছে? আমার ছেলে দেখছে প্রতিদিন ওদের ঘরে একটা জলজ্যান্ত বাঘ আসছে। বাঘ দেখে দেখে আমার রাফিনও একদিন বাঘের মতো হয়ে যাবে। বড় হলে রাফিনকে সবাই বলবে, দেখো দেখো চন্দনের ছেলে যেন বাঘের বাচ্চা।’
বাবার কথা শুনে মা বললেন, ‘একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করো। সব কথাতেই তোমার এই রকম ছেলেমানুষি আমার একদম ভালো লাগে না।’

দুই.
রাফিন বড় হয়ে উঠছে। মা সারা দিন অফিসের কাজে ব্যস্ত থাকেন। সন্ধ্যার পর ঘরে এসে মা রাফিনকে পড়তে বসান। নিজের হাতে খাইয়ে দেন। ঘুমানোর সময় গল্প শোনান। মা গল্প বলতে গেলে রাফিন বায়না ধরে, মা ওই বাঘের গল্পটা শোনাও।
মা রাফিনকে বাঘের গল্প শোনায়।
মা যখন বাঘের গল্প শোনায়, রাফিনের তখন কী হয় সে বোঝে না। রাফিন তখন কেবলই আকুল হয়ে দরজার দিকে তাকিয়ে থাকে।