চাঁদে বেড়ানোর পাসপোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

রোজ রোজ একই নিয়মকানুনে হাঁপিয়ে ওঠে আহিল। স্কুল থেকে ফিরে বাড়ির কাজ করে খাওয়া আর ঘুমানো ছাড়া অন্য কোনো কাজ নেই। মা-বাবাও তেমন একটা সময় দিতে পারেন না। মা সব সময় ব্যস্ত থাকেন ছাত্র পড়াতে। আর বাবা থাকেন দেশের বাইরে। শুধু বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। তা-ও বন্ধের সময়। বাড়ির কাজ শেষ করে বিকেলে আহিল বিছানায় শুয়ে শুয়ে জানালার দিকে তাকিয়ে দূর আকাশ দেখতে থাকে। দেখতে দেখতে হারায় স্বপ্নের দেশে। যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো বকাঝকা, নেই কোনো চেঁচামেচি, নেই কোনো পড়া আর পড়া। আছে শুধু পঙ্খিরাজ ঘোড়া, রাজপুত্তুর, ফল, ফুলের বাগান। আছে সাদা পরি, লাল পরি, চকলেট হাতে দাঁড়িয়ে। খেলনা হাতে দাঁড়িয়ে। আহিল তা ভেবে ভেবে মুখ টিপে হাসে। আহিলের প্রিয় খেলা ক্রিকেট। মামণি এই খেলা একদম পছন্দ করেন না। সারা দিন সময় নষ্ট হয় তাই। খেলতে দেখলেই আহিলকে দেন বকা। আহিল ভাবে, সে রাজপুত্তুরদের সঙ্গে ক্রিকেট খেলছে আকাশে। খেলতে খেলতে হারিয়ে যায় চাঁদের বুড়ির রাজ্যে।
চাঁদের বুড়ি একলা থাকে ছোট্ট একটা কুঁড়েঘরে। একলা খায়, একলা ঘুমায়। কী মজা! কোনো চিন্তা নেই তার। চাঁদের বুড়ির বন্ধু হলো হরেক রকম তারা। বড় তারা, ছোট তারা। চাঁদের বুড়ি মেঘের পিঠে চড়ে ঘুরে বেড়ায়। লাঠি হাতে চশমা চোখে মেঘের পিঠে ভর দিয়ে পুরো পৃথিবী চষে বেড়ায়।
বেড়ানোর সময় চাঁদের বুড়ি হঠাৎ ওপর থেকে নিচে নামে আহিলের জানালার সামনে। আহিলকে ইশারায় হাত নেড়ে কাছে আসতে বলে। ‘খোকন সোনা, তোমাকে চাঁদের দেশে আমন্ত্রণ। পুরো চাঁদের দেশ তুমি আমার সঙ্গে ঘুরে বেড়াবে। সেখানে কেউ তোমাকে বকবে না। চাঁদ, তারা—সবাই তোমাকে আদর করবে। এসো আমার সঙ্গে, মেঘের পিঠে চড়ে বসো। আমরা যাব দূর আকাশে। ভোঁ দৌড় দিয়ে ঢুকে যাব চাঁদের দেশে।’

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল
আছে শুধু পঙ্খিরাজ ঘোড়া, রাজপুত্তুর, ফল, ফুলের বাগান

তখন আহিল বলল, ‘কী বলছ বুড়ি মা? এক দেশ থেকে আরেক দেশে যেতে পাসপোর্ট লাগে তুমি জানো না? আব্বু বিদেশ যাওয়ার সময় আমি দেখেছি। পাসপোর্ট না থাকলে অন্য দেশে যাওয়া যায় না। এ তো চাঁদের দেশ। সেখানে যাওয়া তো আরও মুশকিল। তাহলে আমি যাব কী করে?’
বুড়ি তখন বলে, ‘ওরে বোকা, চাঁদের দেশে আমি রাজা। দেখছ না আমি আকাশ থেকে নেমেছি। আবার নিজের ইচ্ছেমতো উঠে যাব। আমি থাকলে কোনো কিছু লাগবে না। তুমি নিশ্চিন্তে যেতে পারবে। আমিই তোমার পাসপোর্ট।’
তাই বুঝি?
চোখ কচলাতে কচলাতে চোখ খুলে আহিল দেখে সে শুয়ে আছে বিছানায়। কোথাও কেউ নেই। বিছনা ছেড়ে লাফিয়ে উঠল আহিল। ওপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে স্যার বসে আছেন।
সব তো আগের মতোই আছে। এটা কি তাহলে স্বপ্ন ছিল? সে যাই হোক, খুব মজা হয়েছে স্বপ্নে।
স্যার আহিলকে দেখে বলল, ‘বই-খাতা নিয়ে এসো আহিল।’
আহিল মনে মনে হেসে বলল, ‘স্বপ্ন একদিন ঠিকই সত্যি হবে। স্যারের কথামতো খুশি মনে আহিল আগের মতো পড়তে বসল।’