চার লাইনের ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

০১.
নাম কী তোমার?—ননীবালা।
গলাতে কী?—ফুলের মালা।
বাড়ি কোথায়?—খড়ের চালা।
খাওনি কেন?—শূন্য থালা।
০২.
ধেড়ে বাঁদর করলে আদর
লাফায় ঘাড়ের পর
দিইনি কলা তাই দ্যাখো না
মারল কষে চড়!
০৩.
ওলে ওলে কী হলো লে
মুক তি কেন ভালো?
দুধেল বাতি ভত্তি দালে
তাই লেগেথে ধাল!
০৪.
পুঁইয়ের মাচায় পুঁই ধরেছে
লাউয়ের মাচায় লাউ
ঘরের মাচায় চাল কেন নেই
তাই নিয়ে হাউকাউ।

০৫.
লাজুক লাজুক বউটা লাজুক
বাজুক সানাই ঢোলক বাজুক
সাজুক বাড়ি উঠোন সাজুক
নাচুক দিদা, দাদুও নাচুক।

০৬.
পুকুর ভরা কই
জাল পেতে দে সই
জালে সুতোর টান
নাচছে পোলাপান।

০৭.
অচল অচল পয়সা অচল
অচল পাটের কল
চটের থলে ভিজলে জলে
সকল রসাতল।

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

০৮.
দোল দোল দোল
সালুনে দে ঝোল
দুধটুকু ফেলে দিয়ে
খেতে নেই ঘোল।
০৯.
কালবোশেখি ঝড়
দস্যি হাওয়ার চর
এক নিমিষে উড়িয়ে নিল
বাবুই পাখির ঘর।

১০.
আয় ঘুম আয় না
চোখে ঘুম পায় না
ক্ষণে ক্ষণে ধরে মন
কত কত বায়না।