চিকিলা ফুলুরির দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

সেদিন সারা দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকেলবেলা একটু রোদ বেরোল। ছেলেমেয়েরা সব খেলতে এল মাঠে। প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে খেলতে বের হলো দোলনও।
দোলন মৌলভীবাজারের একটি ছোট্ট শহরে থাকে ওর মা-বাবার সঙ্গে।
বিকেলে দোলন বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল। দোলন হলো চোর। ওর সবাইকে খুঁজে বের করতে হবে। সবাই যার যার মতো লুকাল। দোলন এক থেকে পঞ্চাশ পর্যন্ত গোনা শেষ হলে চোখ খুলল। ও সবাইকে খুঁজতে শুরু করল। অনেকক্ষণ ধরে খোঁজার পরও কাউকে পেল না। তখন দোলন পাহাড়ের নিচে খুঁজতে গেল। ওখানে ছিল একটা ছোট্ট গর্তের মতো। মাটি ভেজা থাকার কারণে দোলন পা পিছলে পড়ে গেল গর্তের ভেতর। সেখানে ছিল অনেক কাদা। দোলন জ্ঞান হারিয়ে ফেলল। এমনিতেই ওর একটু জ্বর হয়েছিল। ধীরে ধীরে নিচের দিকে ডুবে যেতে লাগল সে।
অনেক ক্ষণ পর চোখ খুলল দোলন। দেখল, ফাঁকা একটা মাঠ। কেউ নেই সেখানে। হঠাৎ মনে হলো, কোনো একটা জিনিস আসছে চারদিক থেকে। দোলন ছোট মেয়ে, রীতিমতো ভয় পেয়ে গেল। দেখল কেঁচোর মতো কী যেন আসছে ওর দিকে। পিঠে আবার ফুলের মালা। প্রাণীগুলো দোলনকে বলল, ‘আমাদের ভয় পেয়ো না। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমরা তোমার বন্ধুর মতো।’
দোলন চমকে উঠল।
প্রাণীগুলো বলল, ‘আমাদের গর্তে তোমাকে স্বাগতম। এই প্রথম এখানে কোনো মানুষ এল। আমরা তাই তোমাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাচ্ছি। তুমি এই মালা গ্রহণ করো।’
কথাগুলো শুনে দোলনের গলা শুকিয়ে গেল। তা-ও একটু সাহস নিয়ে বলল, ‘তোমরা কারা?’
ওরা বলল, ‘তোমার আমাদের না চেনারই কথা। পৃথিবীতে খুব অল্প মানুষই জানে আমাদের কথা। আমরা একসময় তোমাদের মতো মাটির ওপরেই থাকতাম। কিন্তু দুর্ভাগ্যের কারণে আজ আমাদের এই দশা।’

দোলনের ভয় এবার পুরোপুরি কেটে গেল। ভাবল, প্রাণীগুলো মন্দ না। দোলন ধীরে ধীরে হাত বাড়িয়ে ফুলের মালা তুলে নিয়ে গলায় পরল। বলল, ‘আমি তোমাদের বন্ধু হলাম। কিন্তু তোমরা কারা?’

‘আমরাও তোমার খুব ভালো বন্ধু হলাম। আমরা হলাম চিকিলা ফুলুরি।’

‘তোমাদের নাম তো আগে কখনো শুনিনি। তোমাদের কেন এই দশা, বলবে আমাকে?’

‘নিশ্চয়। আমরা থাকতাম আফ্রিকা মহাদেশে। প্রায় ১৪ কোটি বছর আগের কথা। তখন ছিল ডাইনোসরের যুগ। আমাদের মতো আরও অনেক নিরীহ প্রাণী ছিল সেখানে। কত সুন্দর ছিল আমাদের জীবনধারা। খোলা আকাশের নিচে আমরা সবাই মিলেমিশে থাকতাম।’ বলতে বলতে চিকিলা ফুলুরিরা কেঁদে উঠল।

দোলন ওদের সান্ত্বনা দিয়ে বলল, ‘কী হলো? তোমরা কেঁদো না। আমার খুব কষ্ট হবে তাহলে।’ ওদের একজনকে হাতে তুলে নিল। খুব আদর করল।

চিকিলা ফুলুরিরা কান্না থামিয়ে বলল, ‘হঠাৎ করে একদিন আমাদের এলাকায় পড়ল ডাইনোসরের পা। অত্যাচার শুরু করে দিল আমাদের ও অন্য প্রাণীদের ওপর। আমরা যারা ওখানকার আদি বাসিন্দা ছিলাম, তারা সবাই চলে এলাম একেক দিকে। মাতৃভূমি ছেড়ে। মাটির নিচ দিয়ে কয়েক শ বছর পর আমরা এই ভূখণ্ডে পৌঁছালাম। আসলে আমরা অনেক বছর ধরে বেঁচে থাকি। এখানে এসে দেখলাম, আজব সব প্রাণী। মানে মানুষ। আমরা ভাবলাম, ওরাও হয়তো নিষ্ঠুর। তাই এরপর থেকে আমরা মাটির নিচেই থাকি।’

দোলন বলল, ‘তোমরা দুঃখ কোরো না।’

হঠাৎ মনে পড়ল, মা-বাবা হয়তো খুঁজছে ওকে। বলল, ‘তোমরা আমার একটা উপকার করবে? আমার বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে?’

‘নিশ্চয়। ওই যে দেখছ একটা রাস্তা চলে গেছে, ওখান দিয়ে যেতে পারবে ওপরে।’

‘ধন্যবাদ। তোমাদের কথা আমার সারা জীবন মনে থাকবে।’

ওরাও তা-ই বলল। দোলন ওপরে উঠে দেখল, সে বাড়ির পেছনেই দাঁড়িয়ে আছে।

দোলন সবাইকে বলল, ও গর্তে পড়ে গিয়েছিল। আসল কথা বলল না। ও জানে, ওর কথা কেউ বিশ্বাস করবে না। 

ষষ্ঠ শ্রেণি, বি এল সরকারি উচ্চবিদ্যালয়