চুনদেওতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: মেহেদী হক
আঁকা: মেহেদী হক

আমরা যাকে অনেক অনেক দিন আগে বলি, তারও একটু আগের কথা। সিন্ধু নদীর তীরে বাস করত এক জেলে, নাম ছিল তার দামোদর। ছোট করে সবাই তাকে ডাকত দামো। দামোর খুব একটা ভয়ডর ছিল না। অন্য সব জেলে যখন ঝড় উঠলে তীরের দিকে চলে আসত, দামো তখন মাঝনদীতে ঠায় দাঁড়িয়ে নিবিষ্ট চিত্তে মাছ ধরত।
তো সেই দামো একদিন ঘোর বর্ষা রাতে একা মাছ ধরতে বেরিয়ে গেল তার ছিপছিপে জেলেনৌকা নিয়ে। নিশুতি রাত, চারদিকে শুধু বৃষ্টির ঝমঝমানি। তার মধ্যে দামো একা গান গাইতে গাইতে জাল তুলছে, এমনি সময় হঠাৎ বিরাট এক হ্যাঁকোচ-প্যাঁকোচ উঠল জালে। নিশ্চয়ই কোনো মহাশোল, অথবা রাঘববোয়াল। দামো দুই হাতের সব শক্তি এক করে আস্তে আস্তে জাল টেনে তুলতে গিয়ে হয়রান হয়। শেষে রেগে গিয়ে হ্যাঁচকা এক টান মেরে নৌকা প্রায় উল্টিয়ে ফেলে। জালটা টেনে তুলতেই কী একটা কালো মতন গোলপানা বিটকেল মূর্তি তার নৌকায় উঠে দাপাতে লাগল। সেটা আবার মানুষের মতো কী যেন সব বলা শুরু করল। যেমন—
কী করলি, কী করলি, ব্যাটা বেল্লিক, ব্যাটা অকাট মূর্খ, ব্যাটা জেলের পো! মাছের আঁশটা, আমার জপটা প্রায় হয়ে আসছিল যে!
দামো কিছুই বুঝতে না পেরে সামনে তাকিয়ে দেখল অনেকটা পটকা মাছের মতো একটা মাছ। অথবা মাছও না। সেটা তার ছোট ছোট হাত দুই দিকে নাড়ছে আর কিচমিচ করে কথা বলছে। একে প্রবল কুস্তি করে তুলেছে, তার ওপর সেটা কোনো মাছ না, তার ওপর বৃষ্টিতে চারদিক যাচ্ছে ভেসে, তাই ভয় পাওয়ার বদলে দামোর উল্টো মেজাজ খারাপ হয়ে যায়। সে উল্টো চেঁচামেচি শুরু করে—
তা তুই নৌকায় উটলি-ই বা কেন রে? হামি কি তোকে দাওয়াত দিয়াছি?
উল্টো ঝাড়ি খেয়ে পটকা মাছ কিছুক্ষণ থম ধরে বলে, ‘ওই ইয়ে...আমার পরিচয়টা তোকে দেওয়া হয়নি।’
(গলা-খাঁকারি দিয়ে) ‘আমি নেপচুন।’
কিসের চুন?
ব্যাটা...নেপচুন, পসাইডন, জলদেবতা, সমুদ্রদেব, বরুণ...নাম শুনিস নাই?
না।
বলে কী! এ তো পুরা ফিলিস্টাইন! ইয়ে...ওই শোন, তোকে পেয়ে ভালোই হলো, আসলে হয়েছে কি জানিস (নেপচুন নামের বস্তুটার হঠাৎ গলা নরম হয়), আমার আসলে ওই জিউসের সঙ্গে একটা বিষয় নিয়ে দ্বিমত হয়েছে। তাই ওই আরকি, মানে ও আমাকে এমন বানিয়ে দিয়েছে। তারপর...
বস্তুটা কী জানি সব বলে যাচ্ছে। আর দামো খেয়াল করছে, আসলেই বস্তুটার মাথায় একটা ছোট্ট মুকুট ধরনের কিছু আছে। হাতে একটা ছোট্ট ত্রিশূল দণ্ড। আসলেই কিম্ভূত। কিন্তু কী বলছে বোঝা যাচ্ছে না।
বুঝলি, কী বললাম?
‘অ্যাঁ? না শুনি নাই।’ দামো চমকে বলে।
তাহলে? আচ্ছা শোন। আমার ওপর এই কঠিন অভিশাপ কাটার একটা উপায় ছিল জিউস দাদার নামে ভালো ভালো কথা জপ করা টানা ১০০ বছর। আর মাত্র দুই বছর ছিল। তখন তুই সর্বনাশটা করলি। এবার দ্বিতীয় আরেকটা পথ আছে, সেটায় তুই সাহায্য কর।
দূর, নামেন তো। আমার মাছ ধরতে হবে, এই সব আগাছ-পাগাছ কথা শুইনা রাত শ্যাষ।
ব্যাটা বলে কী! আরে মাছ তো মাছ, তুই কী চাস আমাকে বল।
তাই দিবেন?
আমি পসাইডন, নেপচুন, বরুণ, সম...
থামেন থামেন, আমি তো কিছু চাই না। যদি সত্যি পারেন আমার মাছ ধরাটা সহজ কইরা দেন।
যা, সব মাছ তোর!
গ্যারান্টি কী?
আরে আমি-ই গ্যারান্টি। বাবা পায়ে পড়ি, এবার শোন ভালো করে, আমি লাফ দিয়ে নদীতে পড়ে আকাশের দিকে দুই প্যাখনা মেলে ভেসে থাকব আর তুই পড়বি—
‘পোলারিস পোলারিস মন্ত্র কর ডিসমিস
আকাশের তারা যেন এক থালা কিশমিশ’
পুলারিস? সেইটা আবার কী?
আরে ওই যে উত্তরি তারাটা।
নেপচুন উত্তর দিকে কী একটা দেখায় আকাশে।
ও ধ্রুবতারা?
ওই যা ইচ্ছা তা-ই, ওই দিকে তাকিয়ে তিনবার এইটা বলে তুই আমার ত্রিশূলটা আমার দিকে ছুড়ে দিবি। ব্যস। এইটুকু কর, বাবা। বিনিময়ে সব মাছ তোর।
দামো চিন্তিত মুখে একবার আকাশের দিকে তাকায়, আবার ওই কালো বস্তুটার অনুনয়মাখা মুখে তাকায়। ঘটনাটা আসলেই ঘটছে, না পুরোটাই কল্পনা, সেটাও তার একবার সন্দেহ হয়।
আর কল্লে আমি কী পাচ্ছি?
খুশি করে দেব, বাবা। অনেক মাছ পাবি, অনেক মাছ।
‘ঠিক আছে...’ বলতে না-বলতেই ঘপাত শব্দ করে সেই কালো ফুটবল নদীতে ঝাঁপ দিয়ে পেট ওপরের দিকে করে দুই পাখনা দুই দিকে দিয়ে শুয়ে থাকল।
দামোদর উত্তরের ধ্রুবতারার দিকে তাকিয়ে বলতে লাগল—
পুলারিস পুলারিস...
পুলারিস না ব্যাটা, পোলারিস।
আরে অই হইলো, চুপ থাকেন।
দামো তিনবার মন্ত্র পড়ে সেই ছোট্ট ত্রিশূলটা যেই না ছুড়ে মারল, সঙ্গে সঙ্গে হুসহাশ শব্দ করে প্রথমে থেমে গেল বৃষ্টি। নদীর মধ্যে একটা ঘূর্ণিমতো উঠে সব হাওয়া হয়ে গেল। তারপর চারদিক সুনসান আবার। ঝিম মেরে কিছুক্ষণ বসে থেকে সব বোগাস ভেবে যেই না দামো তার নৌকার দিকে ফিরল, দেখে নৌকা বোঝাই মাছে! আর একটা কালচে বরণ নতুন জাল তার পায়ের কাছে রাখা। কিছুই না বুঝে দামো জালটা তুলে নদীতে ফেলতেই হতভম্ব, মাছে মাছে কিলবিল পুরো জাল! শেষে তুলতে না পেরে সব আবার ছেড়ে দিল সে। তার মানে, ওই হোঁদল কুতকুতে প্রাণীটা কি আসলেই...! কে জানে কী? আর তাতে দরকারই বা কী?
জাদুর এই জাল দিয়ে এরপর থেকে দামো নৌকা ভরে মাছ ধরে বাড়ি ফিরতে লাগল। কেউ অবাক হয়ে যখন জিজ্ঞেস করত, সে কীভাবে এত মাছ পেল, জবাবে দামো একটু হেসে বলত, ‘ওই চুনদেওতার জন্য সব।’