চুলকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঝোপের ভেতর ঘাসটি খাবার কালে
কিসের আঁচড় লাগল গরুর গালে
চুলকানিটা যখন হলো শুরু
কুঁচকে আসে গরুর কালো ভুরু
আদর করে চুলকিয়ে কে দেবে
কাঁদছে গরু সেই কথাটি ভেবে।

ধোপার গাধা খাচ্ছিল ঘাস ঢালে
কিসের আঁচড় লাগল তার ও গালে
চুলকানিটা যখন শুরু হলো
ধোপার গাধার চক্ষু ছলো ছলো
চুলকিয়ে বা দেবে এখন কে যে
সেই বেদনাই উঠছে মনে বেজে।

হঠাৎ গরু ডাকল ওরে গাধা
তোর গলাতে নেই তো দড়ি বাঁধা
আয় এগিয়ে পাশাপাশি বসি
গালের সাথে গাল ঠেকিয়ে ঘষি।

ধোপার গাধা বলল ভায়া গরু
তোর মগজে বুদ্ধি তো বেশ সরু!
এই হলে তো চুলকানিটাও কমে
আর দুজনের দোস্তিটা বেশ জমে।

পরস্পরের গালের ঘষায় হায়
গরু গাধা বেজায় মজা পায়
কিন্তু তাতে বিপদ হলো যা
চুলকানিটা বেড়ে হলো ঘা!