ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছের বিয়ে

দিলআরা আখতার বানু

কাতলা মাছের ছেলের বিয়ে রুইয়ের মেয়ের সঙ্গে
বরের মাথায় টোপর, লাল শাড়ি বউয়ের অঙ্গে।
ইলিশেরা সব অতিথি আজ এমন মজার দিনে
বিয়ে পড়াবে বোয়াল আর সাক্ষী হবে শিংয়ে।
কইগুলো আজ ব্যস্ত বেজায় রান্নাবাড়া নিয়ে
ভোজ হবে শ্যাওলা জেলি মাছের পোনা দিয়ে।
খাওয়া হলে এক আসনে বসল বর ও কনে
দারুণ সাজে সেজেছে বউ খুশি খুশি মনে।
রুইয়ের মেয়ে বেজায় পাজি, যদিও থাকে চুপ
চোখ বাঁকিয়ে দেখল ঠিকই রুইপুত্রের রূপ।
চমকে ওঠে হঠাৎ করে ভূত দেখেছে যেন
ওমা একি! মাথাটা ওর এত্ত মোটা কেন!
চেহারার যা ছিড়ি আর গলাটাও যা হেঁড়ে
দেখে কনে পালিয়ে গেল বিয়ের আসন ছেড়ে।
কোথায় গেল অতিথি আর নাচ-গানের ধুম
এক নিমিষেই বিয়েবাড়ি হলো যে নিঝঝুম!