ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলবোর্ডের খামার
আশিক মুস্তাফা

সেদিন রাতে হুট করে যেই
মনটা হলো খারাপ
অমন সময় ফোন করেছে
আন্টি এবং জারাফ।

মন খারাপের সল্যুশনে
জারাফ ডাকে—
আয় চলে আয় নেটে
গোপাল ভাঁড়ের গল্প দিয়ে
খিল ধরাব পেটে।

তার কথাতে রাজি হয়ে
যেই খুলেছি নেট
দেখি—
‘আননোন’ এক মেইল এসেছে
নেই কোনো তার ডেট।

ওপেন করি যেই
অমনি আমি হারিয়ে ফেলি খেই!

সে লিখেছে—হাই
বলছি আমি আকাশ
মন খারাপে তোরা কি আজ
আমার দিকে তাকাস?

একটা সময় মন খারাপে
কদর ছিল আমার
এখন আমার শরীরজুড়ে
বিলবোর্ডের খামার!

আকাশ বাবুর এমন কথায়
মন হলো ফের খারাপ
বাইরে এসে আকাশ খুঁজি
আকাশ কোথায়?
রিং করে যায়
আন্টি এবং জারাফ।